ঢাকার চলচ্চিত্রে বোম্বে ভাইকিংস, শান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি চলচ্চিত্রে গান করবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শান। একই ছবির আরেকটি গানে কণ্ঠ দেবেন জনপ্রিয় ব্যান্ড বোম্বে ভাইকিংস দলের অন্যতম সদস্য নীরজ শ্রীধর। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রাদার্স স্টুডিওতে গান দুটির রেকর্ডিং করা হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে। ছবির নাম ‘নিঃশর্ত ভালোবাসা’। পরিচালনা করবেন এম এ জলিল অনন্ত। ছবিটির গানের রেকর্ডিংয়ের সমন্বয়কারীর দায়িত্বে আছেন অনন্য মামুন। বর্তমানে তিনি গান দুটির কাজের জন্য মুম্বাইতে অবস্থান করছেন। মুম্বাই থেকে প্রথম আলো অনলাইনকে মুঠোফোনে মামুন জানান, ‘অনন্ত ভাই এই প্রথম ছবি পরিচালনা করতে যাচ্ছেন। তাঁর ইচ্ছা ছবির গান দুটি নীরজ শ্রীধর ও শান গাইবেন। এরই মধ্যে শিল্পীদের সঙ্গে আলোচনাও চূড়ান্ত হয়েছে। ৫ ও ৬ ফেব্রুয়ারিতে গান দুটিতে কণ্ঠ দেবেন তাঁরা। কণ্ঠশিল্পী দেশের বাইরের হলেও সংগীতপরিচালক এবং গীতিকার কিন্তু আমাদের দেশেরই। ‘ঢাকাইয়া পোলা ভেরি ভেরি স্মার্ট’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেবেন নীরজ শ্রীধর ও ‘হোয়াট ইজ লাভ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেবেন শান। গান দুটির সংগীত পরিচালক হলেন রাকিব ও ‘দূরবীন’ ব্যান্ডের অন্যতম সদস্য শহীদ।অনন্ত বলেন, ‘নিঃশর্ত ভালোবাসা আমার পরিচালনায় প্রথম ছবি। তাই ছবিটিতে বিভিন্ন চমক রাখার চেষ্টা করছি। খোঁজ -দ্য সার্চ, হূদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকামসহ বিভিন্ন ছবিতে অভিনয়ের সুবাদে চলচ্চিত্রের নানা গুণী মানুষদের সঙ্গে আমার অনেক বিষয়ে আলাপ হয়েছে। পরিচালনার ক্ষেত্রে এগুলো অনেক সহযোগিতা করবে বলেই আমার বিশ্বাস।’অনন্ত আরও বলেন, ‘ছবি পরিচালনার ব্যাপারটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সবাইকে জানাব।