ঢাকার চার নদী রক্ষায় ছয় সচিবকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা অনুসারে স্থায়ী-অস্থায়ী স্থাপনা অপসারণ না করায় ছয় সচিবসহ ১২ কর্মকর্তা বরাবর আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে।আজ শনিবার রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ ডাকযোগে এই নোটিশ পাঠান।জানা গেছে, পরিকল্পনা, পরিবেশ, নৌপরিবহন, যোগাযোগ, অর্থ, ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, ভূমি জরিপ ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবর নোটিশ পাঠানো হয়।নোটিশে বলা হয়, হাইকোর্টের রায় সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকার চার নদীর মধ্যে অবস্থিত স্থায়ী-অস্থায়ী সব স্থাপনা অপসারণ বা উচ্ছেদ করতে ব্যর্থ হয়েছেন। এটা আদালত অবমাননার শামিল। সাত দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ নিতে বলা হয়েছে। নতুবা আদালত অবমাননার মামলা করা হবে।চার নদী রক্ষায় আদালতের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী ২০০৯ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ওই বছরের ২৫ জুন আদালত ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। এতে চার নদীর মধ্যে অবস্থিত স্থায়ী-অস্থায়ী সব স্থাপনা ২০১০ সালের ৩০ নভেম্বরের মধ্যে অপসারণ বা উচ্ছেদ করার নির্দেশনাসহ নদীর তীরে সীমানা পিলার স্থাপন করার কথা বলা হয়। তবে এ নির্দেশনা বাস্তবায়নে রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন জানালে গত বছরের ৬ অক্টোবর হাইকোর্ট চলতি বছরের ৩০ মে পর্যন্ত সময় দেন। বেঁধে দেওয়া এ সময়ের এক মাস পেরিয়ে গেলেও ওই নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি বলে আজ এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।