ঢাকার চারদিকে জলাশয় ভরাটকারী আবাসিক প্রকল্পগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাকৃতিক জলাধার আইন ও ভূমি উন্নয়ন বিধিমালা অনুসারে দখলদারদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভূমিদস্যু হিসেবে পরিচিত তথাকথিত কিছু রিয়েল এস্টেট ব্যবসায়ী রাজধানীর চারদিকে নদী, খাল, কৃষিজমি ও প্রাকৃতিক জলাশয় ভরাট করে আইন লঙ্ঘন করছেন।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে মোশতাক আহমেদের লিখিত এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এ কথা জানান। তিনি জানান, অনুমোদনবিহীন ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে অবৈধ নির্মাণ অপসারণের কাজ পরিচালনা করা হচ্ছে। পূর্ত প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সংসদে এসব প্রশ্নের জবাব দেন।প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।অনুমোদনবিহীন ভবনের সঠিক পরিসংখ্যান নেই: ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ঢাকায় অনুমোদনবিহীন ভবনের সঠিক পরিসংখ্যান রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কাছে নেই। অনুমোদনবিহীন ভবনের ব্যাপারে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। এটি মন্ত্রণালয়ের একটি অব্যাহত প্রক্রিয়া।ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে পূর্ত প্রতিমন্ত্রী জানান, ঢাকায় রাজউকের অনুমোদনবহির্ভূত নকশার ভিত্তিতে যেসব ভবন নির্মিত হয়েছে, সেগুলো চিহ্নিত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে এ ধরনের অনুমানিক চার হাজার ভবন চিহ্নিত করা হয়েছে। তালিকা চূড়ান্ত করা হলে মালিকদের নাম, ঠিকানা ও ভবনের নির্মাণকাজ সম্পর্কে তথ্য দেওয়া সম্ভব হবে।মুন্সিগঞ্জের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাজধানী ঢাকায় কী পরিমাণ বাড়ির মালিক রাজউক কর্তৃক বাড়ির নকশা অনুমোদন করেননি, তার সঠিক পরিসংখ্যান এ মুহূর্তে রাজউকে নেই। তবে এ বিষয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।সাত হাজার ঝুঁকিপূর্ণ বিদ্যালয়: চট্টগ্রামের সাংসদ শামসুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, দেশে সাত হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে চার হাজার ৮৭৯টি সরকারি এবং দুই হাজার ৪১টি রেজিস্টার্ড বেসরকারি ও ৪৬৫টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তিনি বলেন, এসব ভবনের জরুরি ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা সরকারের রয়েছে।