গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, কতিপয় ব্যক্তি ও বেসরকারি উদ্যোক্তা ঢাকা শহরের চারপাশে বিভিন্ন নিচু জমি নামে-বেনামে ভরাট কার্যক্রম পরিচালনা করছেন। যেসব ব্যক্তি ও উদ্যোক্তা ভরাটকাজ করছেন, তাঁদের বিরুদ্ধে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর আওতায় মামলা করা হচ্ছে।জাতীয় সংসদে গতকাল বুধবার সরকারি দলের এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে নিচু জমি ভরাট কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকার দুটি বিমানবন্দর এলাকায় বিমান উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভবনগুলো যাচাইয়ের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। এই কমিটির সিদ্ধান্তের আলোকে রাজউক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।মুজিবুল হকের প্রশ্নের জবাবে আবদুল মান্নান খান জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিন কাঠার প্লটের প্রতি কাঠার আগের মূল্য ছিল দেড় লাখ টাকা এবং প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ টাকা, পাঁচ কাঠার প্লটের প্রতি কাঠার মূল্য ছিল এক লাখ ৬৫ হাজার টাকা এবং প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৫ হাজার টাকা, সাড়ে সাত কাঠার প্লটের কাঠাপ্রতি মূল্য ছিল এক লাখ ৭৫ হাজার টাকা ও প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ টাকা, ১০ কাঠা প্লটের কাঠাপ্রতি মূল্য ছিল দুই লাখ টাকা এবং প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লাখ টাকা। এ ছাড়া সম্প্রসারিত উত্তরা তৃতীয় প্রকল্পের তিন কাঠা প্লটের কাঠাপ্রতি মূল্য ছিল তিন লাখ টাকা এবং প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে চার লাখ টাকা, পাঁচ কাঠা প্লটের কাঠাপ্রতি মূল্য ছিল চার লাখ টাকা এবং প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় লাখ টাকা।অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, উত্তরা ও পূর্বাচল প্রকল্পে বর্তমান সরকার পাঁচ হাজার ৬২১টি প্লট বরাদ্দ দিয়েছে। আগামী ডিসেম্বর থেকে ২০১৩ সালের মধ্যে পর্যায়ক্রমে এসব প্লটের দখল হস্তান্তর করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত জোট সরকারের সময়ে নিয়মবহির্ভূতভাবে দেওয়া সম্প্রসারিত উত্তরা (৩য় পর্ব) প্রকল্পের ৮৯৭টি আবাসিক ও ২৬টি প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ বাতিল করা হয়েছে। এ ছাড়া ওই আমলে নিয়মবহির্ভূতভাবে বরাদ্দের জন্য বনানী আবাসিক এলাকায় ৪৮টি ও উত্তরায় ৩২টি আবাসিক প্লটের কার্যক্রম স্থগিত করা হয়েছে।