বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের বিভিন্ন নদীতীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে ১৫ মার্চ থেকে সেখানে সীমানা খুঁটি (পিলার) স্থাপন করা হবে। সরকারের গঠন করা নদীবিষয়ক টাস্কফোর্স গতকাল বৃহস্পতিবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্কফোর্সের ওই বৈঠক হয়। এসব তদারক করার জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে সভায় একটি উপকমিটি গঠন করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ঠিক রাখতে পরামর্শ ও সুপারিশ করা এবং তা বাস্তবায়নের জন্য ওই টাস্কফোর্স গঠন করা হয়। ওই টাস্কফোর্সের সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে টাস্কফোর্সের অন্য সদস্যদের মধ্যে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ, ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাংসদ সানজিদা খানম, সারাহ বেগম কবরী, নাসিম ওসমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় ঢাকা শহরের বন্ধ খাল উদ্ধারের জন্য ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।জানা গেছে, রাজধানীর ২৪টি খালের মধ্যে টাস্কফোর্স ১৩টি খাল চিহ্নিত করেছে। চিহ্নিত খালগুলো উদ্ধারে করণীয় ঠিক করে এবং খালের মানচিত্রসহ একটি প্রতিবেদন আগামী সভায় উপস্থাপন করার জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয় সভা থেকে।শাজাহান খান সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে বেশ কয়েকটি নদীতীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা স্থান যাতে আবারও দখল না হয়ে যায়, সে জন্য সীমানা খুঁটি দেওয়া হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অর্থায়নে দখলমুক্ত স্থানে গাছ লাগানো হবে। বুড়িগঙ্গা নদীতে একদিকে বর্জ্য অপসারণ, অন্যদিকে নতুন করে বর্জ্য ফেলা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, পরিবেশ আইনের সংশোধন করা হচ্ছে। সেটা হয়ে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ছাড়া জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করা হবে বলেও তিনি জানান।