ঢাকার চেয়ে সাংহাইতে বন্যাঝুঁকি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজধানী ঢাকার চেয়েও বেশি বন্যার ঝুঁকিতে রয়েছে চীনের সাংহাই শহর। সম্প্রতি যুক্তরাজ্য ও নেদারল্যান্ডের গবেষকেরা এক গবেষণাপত্রে এ তথ্য জানিয়েছেন।এদিকে বিবিসি জানিয়েছে, ঢাকার মতো দরিদ্র শহরের চেয়েও মারাত্মক বন্যার ঝুঁকিতে রয়েছে বিত্তশালী সাংহাই। ঝুঁকির মাত্রা নির্ণয়ে গবেষকেরা শহরের বিস্তৃতি, সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করেছেন।গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ন্যাচারাল হ্যাজারডাস’ সাময়িকীতে।গবেষকেরা বন্যার ধরন, ক্ষয়ক্ষতি ও স্থায়ীত্বের বিষয় বিবেচনায় ‘কোস্টাল সিটি ফ্লাড ভালনারেবিলিটি ইনডেক্স’ (সিসিএফভিআই) তৈরি করেছেন। গবেষণাপত্রটির সহলেখক লিডসের স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক নাইজেল রাইট জানান, সিসিএফভিআই তৈরিতে ১৯ ধরনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা হয়েছে। আর তাতে দেখা গেছে, ঢাকার চেয়েও সাংহাইতে বন্যার ঝুঁকি বেশি।নাইজেল রাইট বলেন, ‘বন্যা সৃষ্টির কারণগুলোর পাশাপাশি আমরা অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে দেখেছি। এ ছাড়া স্থানীয় ও সরকারি পর্যায়ে বন্যা নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ, বন্যা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা, মানুষের বন্যা মোকাবিলার সামর্থ্য ও শহরবাসীর বয়সের হিসাব বিবেচনায় রেখে এ তালিকা তৈরি করা হয়েছে।’গবেষক রাইট আরও বলেন, স্থানীয়ভাবে বন্যার সৃষ্টি হলে বৈশ্বিক অর্থনীতিতেও তার প্রভাব পড়ে। যেমন, জাপানের সুনামির পর ব্যাংককেও বন্যা দেখা দিলে আন্তর্জাতিক বাজারে হার্ডডিস্কের সংকট তৈরি হয়েছিল এবং দাম বেড়ে গিয়েছিল।গবেষকেরা নদীর তীরে গড়ে ওঠা শহরগুলোকে বিবেচনায় রেখে বন্যার ঝুঁকির যে তালিকা তৈরি করেছেন, সে তালিকায় থাকা শহরগুলো হচ্ছে সাংহাই (চীন), ঢাকা (বাংলাদেশ), ক্যাসাব্ল্যাংকা (মরক্কো), বুয়েনেস এইরেস (আর্জেন্টিনা), কলকাতা (ভারত) ও রটারডাম (নেদারল্যান্ড)।