ঢাকার ঝুঁকি আসলে কতটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি বিষয়ে বিশেষজ্ঞদের অনেক মতামত শোনা যায় এবং সাধারণ মানুষও কথাবার্তা কিছু কম বলেনি। তবে ভূমিকম্পে ঢাকার ঝুঁকির প্রসঙ্গে আসার আগে ভিনদেশ থেকে ঘুরে আসা যাক।১৯৮৫ সালে মেক্সিকোতে সংঘটিত ভূমিকম্পে রাজধানী শহর মেক্সিকো সিটির প্রায় সব ১০তলা ভবন ধসে পড়ে। সে এক বিস্ময়কর ঘটনা। আশপাশের দোতলা বা পাঁচতলা ভবন সব দাঁড়িয়ে আছে। এত দিন তাদের পাশে গর্বিত ভঙ্গিতে মাথা উঁচু করে ছিল যারা, তারা সব ধূলিসাৎ। আরও বিস্ময়ের ব্যাপার হলো, ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল মেক্সিকো সিটি থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে, মিশিগানে। কেন এমন হলো?১৯৯৪ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্থরিজ অঞ্চলে সংঘটিত রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জন প্রাণ হারায়। এর ঠিক এক বছরের মাথায়, ১৯৯৫ সালের ১৭ জানুয়ারি জাপানের কোবেতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে পাঁচ হাজার ৩৭৮ জন মানুষ মারা যায়। আর সম্পদের ক্ষতি হয় প্রায় ১০০ কোটি ডলারের। প্রশ্ন হচ্ছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি তাহলে কিসের ওপর নির্ভর করে? ঢাকায় ভূমিকম্প হলে কী রকম ক্ষতি হতে পারে?ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি প্রসঙ্গে প্রায়ই বলা হয়, রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে শহরের অধিকাংশ কিংবা নিদেনপক্ষে এক-তৃতীয়াংশ বাড়িঘর ধসে পড়বে। পাশাপাশি অন্য মতটি হলো, মাঝারি মাত্রার ভূমিকম্পে ঢাকার তেমন কিছুই হবে না। ঢাকার ভূমিকম্প ঝুঁকির ক্ষেত্রে এই দুটি ধারণা সমান সত্য হতে পারে না। ভূমিকম্প এমন একটি অনিবার্য প্রাকৃতিক ঘটনা যা ঘটবেই। বিজ্ঞানের উৎকর্ষের এই যুগেও ভূমিকম্প কবে, কখন, কোথায়, কী মাত্রায় সংঘটিত হবে, এমনকি কোথায় কোন মাত্রায় হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কী হবে—এর কিছুই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। নানা বিষয় বিবেচনা করে শুধু ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে ধারণা করা যায়।জাপানের সহায়তায় গবেষণা: জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির (টিআইটি) সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক এ এস এম মাকসুদ কামাল ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে একটি গবেষণা করেছেন। গবেষণায় তিনি ঢাকার ৩০৫ বর্গকিলোমিটার এলাকার মাটির প্রকারভেদ নির্ণয় করেছেন। এ ক্ষেত্রে তিনি আকাশ থেকে তোলা (এরিয়াল) ছবি, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) ভূ-প্রাকৃতিক তথ্য এবং ভারতের আইআরএস কৃত্রিম উপগ্রহের তথ্য ব্যবহার করেছেন। মাকসুদ কামাল দেখিয়েছেন, এখানে প্রায় ২০ লাখ বছর আগের কঠিন মাটি (ঢাকার লাল মাটি, যার বৈজ্ঞানিক নাম প্লাইস্টোসিন ট্যারেস ) যেমন রয়েছে তেমনি রয়েছে নরম মাটিও। তিনি যে ৩০৫ বর্গকিলোমিটার এলাকা গবেষণার আওতায় নিয়েছেন তার মধ্যে ১০৯ বর্গকিলোমিটার হচ্ছে লাল মাটি। বাকি ১৯৬ বর্গকিলোমিটার নানা শ্রেণীর নরম মাটি। নরম মাটির মধ্যে শতকরা প্রায় ৪১ ভাগ বা ৮৩ বর্গকিলোমিটার হচ্ছে জলাশয় ও ভরাট করা নিচু জমি।এসব মাটির বৈজ্ঞানিক বিশ্লেষণ করে মাকসুদ কামাল দেখিয়েছেন, ঢাকায় ১৭ প্রকার মাটি রয়েছে। এ ছাড়া যেসব এলাকায় জলাশয় ও নিচু জমি ভরাট করে তার ওপর বাড়িঘর নির্মাণ করা হয়েছে, সেসব ভরাট করা স্থানকে এর গভীরতা বা ঘনত্বের বিচারে চার শ্রেণীতে বিভক্ত করেছেন তিনি। এরপর ‘মাইক্রো ট্রেমর’ যন্ত্র দিয়ে নগরের ১৮৪টি স্থান থেকে এবং ‘বোর হোল’ পদ্ধতিতে (যে পদ্ধতিতে বাড়িঘর বা অন্য কোনো স্থাপনা করার জন্য গর্ত করে মাটি পরীক্ষা করা হয়) ১৬৪টি স্থান থেকে তথ্য সংগ্রহ করে ভূমিকম্পের সময় মাটির কম্পনজনিত আচরণ (রেসপন্স) নির্ণয় করেছেন। এতে দেখা গেছে, নরম মাটি এবং ভরাট করা এলাকার মাটি ভূমিকম্পের কম্পনতরঙ্গকে বাড়িয়ে দেয়।মাকসুদ কামাল প্রথম আলোকে জানান, ভূ-বিজ্ঞান অনুযায়ী আমাদের পায়ের তলার মাটি এবং মাটির ওপরে নির্মিত স্থাপনা নির্দিষ্ট মাত্রায় কাঁপছে। একেক ধরনের মাটির কম্পন একেক রকম। ঠিক একইভাবে শ্রেণী ও উচ্চতাভেদে বিভিন্ন ধরনের স্থাপনার কম্পনও বিভিন্ন মাত্রার। এর মধ্যে কোনো একটি স্থানের মাটি এবং সেই মাটির ওপর নির্মিত স্থাপনার কম্পনের মাত্রা যদি সমান হয় তাহলে ভূমিকম্পের সময় ওই নির্দিষ্ট স্থাপনার কম্পনের মাত্রা ও সময় বেড়ে যায়। ফলে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়, ধসে পড়ে। মেক্সিকো সিটিতেও হয়তো এ ঘটনাই ঘটেছিল।মাকসুদ কামাল বলেন, গবেষণায় দেখা গেছে, ঢাকার নরম মাটি ও ভরাট করা এলাকার মাটির কম্পন এবং এসব মাটির ওপর গড়ে তোলা নয় থেকে ১৪ তলা ভবনগুলোর কম্পন সমান। এ জন্য এসব মাটিতে গড়ে ওঠা নয় থেকে ১৪ তলা ভবনে ভূমিকম্পের ঝুঁকি বেশি। এসব জায়গার মাটি ভূমিকম্পের কম্পনতরঙ্গকে বাড়িয়ে দেয় বলে ঝুঁকি বেশি। এর সঙ্গে নিম্নমানের স্থাপনা ভূমিকম্পের ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। এসব কারণেই বলা হয়, একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে ঢাকার বিপুল ক্ষতি হবে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সংস্থা ইউনেসকো ১৯৯৯ সালে পৃথিবীব্যাপী যে রেডিয়াস (রিস্ক অ্যাসেসমেন্ট টুলস ফর ডায়াগনসিস অব আরবান এরিয়াস এগেইনস্ট সাইসমিক ডিজাসটার) জরিপ পরিচালনা করে তাতে বলা হয়, ভূমিকম্পে অত্যধিক ঝুঁকিপূর্ণ পৃথিবীর ২০টি বড় নগরের মধ্যে ঢাকা অন্যতম। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) মহাপরিচালক মুনিরা আখতার চৌধুরী প্রথম আলোকে বলেন, ঢাকার এই ঝুঁকির কারণ যতটা না ভূতাত্ত্বিক, তার চেয়ে অনেক বেশি অবকাঠামোগত। এর জন্য মানুষই দায়ী। তিনি বলেন, মানুষের কাজকর্মের মাধ্যমেই এই ঝুঁকি কমানো সম্ভব। উল্লেখ্য, ১৯৯৪ সালে নর্থরিজ অঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কম হওয়ার কারণ, সেখানকার বাড়িঘর নির্মাণের বিধিমালা যথাযথ অনুসরণ করা হয়েছিল। ভূমিকম্পের সময় মানুষকে উদ্ধার করারও যথাযথ ব্যবস্থা ছিল। বলা বাহুল্য, ঢাকায় এগুলোর সবই প্রায় অনুপস্থিত। তাই ভূমিকম্প হলে ঢাকায় ক্ষয়ক্ষতিও বেশি হওয়ার আশঙ্কা প্রবল।ঢাকা প্রসঙ্গে দ্বিতীয় ধারণা হচ্ছে, একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও ঢাকায় তেমন কিছুই হবে না। বিশেষজ্ঞরা বলেন, এটা সম্ভব করতে হলে ঢাকার কোন এলাকার কোন ধরনের মাটিতে কততলা পর্যন্ত স্থাপনা নির্মাণ নিরাপদ সেটা প্রথমে জানতে হবে এবং সেই অনুযায়ী স্থাপনা নির্মাণ করতে হবে। ভূমিকম্পের সময় বিপন্ন মানুষকে উদ্ধারের যথাযথ ব্যবস্থা রাখতে হবে।জার্মানির সহায়তায় গবেষণা: জার্মান সরকারের কারিগরি সহায়তায় ঢাকার ভূতাত্ত্বিক গঠন ও ভবন নির্মাণ সম্পর্কে ‘ঢাকা মেট্রোপলিটন বিল্ডিং গ্রাউন্ড ইনফরমেশন সিস্টেম’ শীর্ষক একটি গবেষণা করেছে জিএসবি। ঢাকার যেসব এলাকায় নিচু জমি ভরাট করে ভবন নির্মাণ করা হয়েছে তেমন কয়েকটি এলাকায় পরিচালিত এই গবেষণায় দেখা যায়, নিচু জমি ও জলাশয় ভরাট করে তৈরি করা প্রায় সব ভবনের ভিত্তি (ফাউন্ডেশন) মাটির অত্যন্ত দুর্বল উপরিস্তরে। ফলে মাঝারি মাত্রার কোনো ভূমিকম্প হলে এসব ভবন ধসে পড়ার আশঙ্কা প্রবল।এই গবেষণায় মাটির যে স্তরগুলোর ত্রিমাত্রিক চিত্র ধারণ করা হয়েছে তাতে দেখা যায়, ভরাট করা এলাকায় শক্ত ভিত্তির ওপর বাড়ি তৈরি করা সম্ভব। কিন্তু তাতে ব্যয় বেশি বলে তা করা হয় না। এ ছাড়া ভবন তৈরির আগে যথাযথভাবে মাটি পরীক্ষাও করা হয় না।জিএসবির এ টি এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, নগরের কাকরাইল ও বাড্ডাসহ কয়েকটি এলাকা নিয়ে গবেষণা করা হয়েছে। অন্যান্য এলাকাও এর আওতায় নেওয়া হবে। তবে নিচু জমি বা জলাশয় ভরাট করে যাঁরা বাড়ি বা অন্য কোনো ভবন তৈরি করেছেন তাঁরা ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে জানতে জিএসবিতে যোগাযোগ করতে পারেন। শুধুই অবকাঠামো: ঢাকার ঝুঁকি কি শুধুই ভরাট করা ও নরম মাটিতে স্থাপিত নিম্নমানের বাড়িঘর বা অবকাঠামো? ভূতাত্ত্বিক কোনো ঝুঁকিই কি নেই? এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ প্রকৌশলী ও ভূতাত্ত্বিকেরা বলেন, ঢাকার ভূতাত্ত্বিক ঝুঁকি খুবই কম। মধুপুর চ্যুতিতে যদি রিখটার স্কেলে সাড়ে ছয় বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয় তাহলে তা ঢাকার জন্য বিপজ্জনক হবে। এ ছাড়া প্লেট বাউন্ডারির চ্যুতিগুলো থেকে উৎপন্ন ভূমিকম্পও ঢাকাকে আলোড়িত করবে। তবে যেকোনো ভূমিকম্পে ঢাকার ক্ষয়ক্ষতি বিধি মেনে বাড়িঘর নির্মাণ করে ও দুর্যোগ মেকাবিলার প্রস্তুতি নিয়ে সীমিত রাখা সম্ভব।