ঢাকার দুই সিটিতে নির্বাচন করতে হবে ২৮ মের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সিটি করপোরেশন বিভক্ত হলে ওই সব করপোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যে সেগুলোতে নির্বাচন অনুষ্ঠানের বিধান রেখে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০১২’ পাস হয়েছে। এর ফলে ঢাকার বিভক্ত দুই সিটি করপোরেশনে ২৮ মের মধ্যে নির্বাচন করতে হবে।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটি জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং বিলসংক্রান্ত সংশোধনী প্রস্তাব নাকচ হয়।সরকার গত বছরের ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে আইন পাস করে। ওই আইনে বলা হয়, কোনো সিটি করপোরেশনকে ভাগ করে একাধিক করপোরেশন গঠন করা হলে, করপোরেশন গঠনের ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। এ আইন গেজেট আকারে প্রকাশিত হয় ১ ডিসেম্বর। এই হিসেবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন করার কথা ছিল। কিন্তু নিজেদের মেয়াদে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ না থাকায় আগের নির্বাচন কমিশন এ দুটি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে অসম্মতি জানায়।এ কারণে সরকার ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান করে আইন সংশোধনের সিদ্ধান্ত নেয়। ২৬ ফেব্রুয়ারি বিলটি পাসের জন্য উত্থাপন করা হয়।পর্নোগ্রাফি তৈরির সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড: পর্নোগ্রাফি তৈরির জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল, ২০১২’ গতকাল কণ্ঠভোটে পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি পাসের প্রস্তাব করেন। বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর ও সংশোধনী প্রস্তাব নাকচ হয়।আইনে বলা হয়েছে, কোনো শিশুকে দিয়ে কোনো ব্যক্তি পর্নোগ্রাফি তৈরি করে তা বাজারজাত করলে ওই ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা হবে। এ ছাড়া কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন বা এ উদ্দেশ্যে অংশগ্রহণকারী সংগ্রহ করে চুক্তিপত্র তৈরি করলে অথবা কোনো নারী, পুরুষ বা শিশুকে প্রলোভন দিয়ে জ্ঞাতে বা অজ্ঞাতে স্থির, ভিডিও বা চলচ্চিত্র ধারণ করলে ওই ব্যক্তি সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত হবে। পর্নোগ্রাফির মাধ্যমে কারও মর্যাদাহানি বা কাউকে ব্ল্যাকমেইল করা হলে এমনকি এ জাতীয় কিছু সংরক্ষণ বা পরিবহন করা হলেও দুই থেকে পাঁচ বছর কারাদণ্ড এবং এক থেকে দুই লাখ টাকা জরিমানা হবে।দ্রুত বিচার আইন পাস: আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১২ গতকাল পাস হয়েছে। এর মাধ্যমে আইনটির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হলো।আগামী ৮ এপ্রিল থেকে আইনটি কার্যকর হবে। মহাজোট সরকারের আমলে এ নিয়ে দ্বিতীয় দফায় এ আইনের মেয়াদ বাড়ল। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ছিনতাই, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টির অপরাধগুলো কার্যকরভাবে মোকাবিলা করা এবং এসব অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা, আইনটির অধীন তদন্তাধীন ও বিচারাধীন দুই হাজার ২৬৯টি মামলা নিষ্পত্তির জন্য আইনটির মেয়াদ বাড়ানো প্রয়োজন।এই আইনটির প্রথম মেয়াদ শেষ হয় ২০০৪ সালের ৯ এপ্রিল। ২০০৪ সালে আরও দুই বছর, ২০০৬ সালে দুই বছর, সর্বশেষ ২০০৯ সালে আরও দুই বছর এর মেয়াদ বাড়ানো হয়। এ আইনের বর্তমান মেয়াদ রয়েছে ৭ এপ্রিল পর্যন্ত।