ঢাকার দুই সিটির নির্বাচন নিয়ে ইসির সিদ্ধান্ত কাল
বিভক্ত ঢাকার দুটি সিটি করপোরেশনে নির্বাচন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে কালই কমিশনের সিদ্ধান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে।এর মধ্যে দুই নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন তাঁদের মেয়াদে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন করা বা নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন। আজ রোববার ছহুল হোসাইন নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘এর আগে আমরা মত দিয়েছি, মেয়াদের শেষ পর্যায়ে এসে স্বল্প সময়ের নোটিশে ঢাকার দুটি সিটি করপোরেশনে নির্বাচন করা সম্ভব নয়। আমরা এই মত দিয়েছি বাস্তবতার নিরিখে এবং আমাদের ব্যক্তিগত অবস্থান থেকে। সেই অবস্থানে আমরা এখনো আছি। এখন প্রধান নির্বাচন কমিশনার দেশে ফিরেছেন। আগামীকাল পুরো কমিশন বসে আমাদের মেয়াদে নির্বাচন করা বা না করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তারপর সেই সিদ্ধান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে।’ গত ২৯ নভেম্বর স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধন করে সংসদে বিল পাস হয়। ১ ডিসেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয়। সংশোধিত আইনে বলা হয়েছে, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে ভাগ হওয়া সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে হবে। এই হিসাবে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে হবে। এরপর ৪ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ ঢাকার দুটি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয়। একই দিন স্থানীয় সরকার বিভাগ বিভক্ত বিভিন্ন ওয়ার্ডের জন্য নতুন নম্বর নির্ধারণ করে প্রজ্ঞাপন প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে দুই কমিশনার এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় বলে মত দেন। কারণ হিসেবে তাঁরা বলেন, সিইসি এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের পাঁচ বছরের মেয়াদ আগামী ৩ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। তাঁদের মতে, ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হলে নির্বাচনের ভোট গ্রহণ হবে নতুন নিয়োগ পাওয়া কমিশনারদের অধীনে। এতে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা তৈরি হবে।কমিশনের বৈঠকে কী সিদ্ধান্ত আসতে পারে, জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, ‘নির্বাচন করতে পারলে কেন করব না? কিন্তু আমরা তো ৯০ দিন পাচ্ছি না। এত অল্প সময়ের মধ্যে পাশাপাশি দুটি সিটিতে নির্বাচন করা তো কঠিন।’ এদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কাল নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় এই বৈঠক হবে। এতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব ও আনসারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত থাকবেন।