ঢাকার দুটি হাসপাতাল প্রস্তুত
সাভারে একটি বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় হতাহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে ঢাকার বড় দুটি হাসপাতাল সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এগুলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)। পঙ্গু হাসপাতালের যুগ্ম পরিচালক শহিদুল হকের নেতৃত্বে একটি চিকিৎসক দল ইতিমধ্যে সাভার পৌঁছেছে। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দিতে হাসপাতালটি প্রস্তুতি নিয়ে রেখেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, তাঁরা কমপক্ষে ৪০০ রোগীর চিকিৎসা দিতে সব রকমের ব্যবস্থা নিয়ে রেখেছেন। এ জন্য চিকিৎসক দল প্রস্তুত ও প্রয়োজনীয় সব উপকরণ মজুদ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো রোগী ঢাকায় এসে পৌঁছাননি।স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাভারের দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আশপাশের সব জেলা থেকে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকেরা সেখানে যাচ্ছেন। হতাহতদের চিকিৎসা দিতে ১০টি চিকিৎসক দল কাজ করছে।ঢাকার অদূরে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন আজ বুধবার সকালে ধসে পড়ে। এ ঘটনায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।