ঢাকার নদী-খালের পানিতে উদ্ভিদও বাঁচতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরঝিল প্রকল্পের সড়ক ও সেতু নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কার্যালয়টি বেগুনবাড়ি খালের পাশেই। সংস্থার ব্যবস্থাপকের কার্যালয়ের কক্ষটি সব সময় বন্ধ থাকে। ব্যবস্থাপক আশরাফুল ইসলামের কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন, এই এলাকায় দুর্গন্ধের মাত্রা এত বেশি যে, দরজা বন্ধ করেও তা কমানো যাচ্ছে না। এলাকার অধিবাসীরা জানান, গন্ধ তাঁদের গা-সওয়া হয়ে গেছে। তবে এখানে ডায়রিয়া, পেটের পীড়া ও চর্মরোগের প্রকোপ অনেক বেশি। একটু এগিয়ে দেখা গেল খালে বিভিন্ন রঙের তরল পদার্থ। তার ওপর নৌকা দিয়ে পারাপার হচ্ছে স্থানীয় লোকজন। নাকে হাত দিয়ে নৌকা থেকে নেমে স্থানীয় অধিবাসী মকবুল জানান, ‘এখানকার পানি মারা গেছে। যা আছে তা তরল বিষ। গায়ে লাগলে পরদিন ফোসকা পড়ে যায়।’ ঘাটের কিছু দূরে পদ্মা পলিমার নিটিং ইন্ডাস্ট্রি দেখিয়ে বললেন, এটিসহ তেজগাঁও শিল্প এলাকার বেশির ভাগ কারখানার দূষিত পানি সরাসরি পাইপ দিয়ে খালে ফেলা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেল, এই এলাকার ২০টি ডায়িং কারখানাই মূলত দূষণ ঘটাচ্ছে। এর মধ্যে ১৮টিরই বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) ও পরিবেশ ছাড়পত্র নেই। পানি নিয়ে গবেষণাকারী সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিইউএম) পানি পরিকল্পনা বিভাগের প্রধান মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, ঢাকা শহরের ৪২ বর্গকিলোমিটার এলাকার বসতবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠান থেকে নিষ্কাশিত পানি ও তরল বর্জ্য এই বেগুনবাড়ি খালে ফেলা হয়। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, এখানকার পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ চার মিলিমিটার না থাকলে তা খাওয়া তো দূরের কথা, ওই পানিতে কোনো জলজ প্রাণী বা উদ্ভিদের পক্ষেও বেঁচে থাকা সম্ভব নয়। এই তথ্য জানিয়ে মাহবুবুর রহমান বলেন, রাজধানীর বেশির ভাগ নদী-খালে গৃহস্থ ও শিল্পবর্জ্যের সঙ্গে আসা রং, অ্যামোনিয়া, ভারী পদার্থসহ মানবদেহের জন্য ক্ষতিকারক বিভিন্ন উপাদান পাওয়া গেছে। গত তিন মাসে দূষণকারীদের প্রায় ছয় কোটি টাকা জরিমানা করেছে সরকার। চট্টগ্রাম ও ঢাকা মিলিয়ে দুই হাজার ৩৩৭টি শিল্পপ্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারপরও রাজধানীর জলাশয়গুলোর পানির মৃত্যু ঠেকানো যাচ্ছে না। পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, পানিদূষণকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। বড় বড় শিল্পপ্রতিষ্ঠানকেও জরিমানা করা হচ্ছে। সরকারি দূষণ: নদী ও খালের পানিদূষণের কারণ হিসেবে পরিবেশ অধিদপ্তর ও পরিবেশবাদী বিভিন্ন সংস্থা শিল্পপ্রতিষ্ঠানের অপরিশোধিত বর্জ্য, ঢাকা সিটি করপোরেশন ও ওয়াসার সুয়ারেজ লাইনের দূষিত পানি সরাসরি নদী ও খালে ফেলাকে দায়ী করছেন। নৌপরিবহন অধিদপ্তরকেও সতর্ক করা হয়। গত সেপ্টেম্বর মাসে পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, সরকার বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরবর্তী এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। নদীর চারপাশের বাসাবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের পয়োপ্রণালী, সৃষ্ট বর্জ্য ও তরল বর্জ্য ফেলানো নিষেধ। দূষণ সৃষ্টিকারী শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ করা ছাড়াও নদীর প্রাণী ও উদ্ভিদের ক্ষতি হয়—এমন কোনো কাজ করা নিষেধ। চিঠিতে আরও বলা হয়, বিআইডব্লিউটিএ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে নদীর অংশ ইজারা দিচ্ছে। ফলে অবৈধ দখলদারেরা নদী দখলে উৎসাহিত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন জলযান থেকে কঠিন ও তরল বর্জ্য নির্বিচারে নদীতে নিক্ষেপ করা হচ্ছে। চিঠিতে ইজারা বন্ধ, আগেরগুলো বাতিল, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলযানের দূষণ বন্ধে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। গত জুন মাসে ঢাকা ওয়াসাকে পাঠানো চিঠিতে বলা হয়, উল্টিগঞ্জ, মিলব্যারাক এলাকার ওয়াসার আউটলেট দিয়ে দূষিত পানি বুড়িগঙ্গায় ফেলা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তাৎক্ষণিক পরীক্ষায় ওই এলাকার পানি পরিবেশ সংরক্ষণ আইনের মানমাত্রায় পাওয়া যায়নি। ঢাকা সিটি করপোরেশনকে পাঠানো অপর চিঠিতে বলা হয়, বুড়িগঙ্গা নদী ও তীরবর্তী স্থানকে সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হলেও তা মানা হচ্ছে না। শিল্পদূষণ: পরিবেশ অধিদপ্তরের ২০০৮ সালের হিসাব অনুযায়ী ঢাকার আশপাশের এলাকায় শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ২০০। দুই হাজার ১৭৯টি প্রতিষ্ঠান তাদের শিল্পবর্জ্য সরাসরি নদী, নালা, খাল, বিল, পুকুর ও পার্শ্ববর্তী উন্মুক্ত স্থানে ফেলছে। এক জরিপে দেখা গেছে, ঢাকা বিভাগের আওতায় বিভিন্ন কারখানায় স্থাপিত ২৭৬টি ইটিপির মধ্যে ১২১টিই বন্ধ রয়েছে। টঙ্গী পৌরসভার ৩২ কিলোমিটার এলাকার মধ্যে ৯৩৭টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে নয়টি ওয়াশিং কারখানায় ইটিপি আছে, বাকি ৩৩টিতে নেই। ডাইং কারখানার মধ্যে ১৫টিতে ইটিপি আছে, ১৭টিতে নেই। হাজারীবাগের পাশ দিয়ে তুরাগের একটি শাখা বুড়িগঙ্গার সঙ্গে মিশেছে। যাওয়ার সময় হাজারীবাগ ট্যানারির সব বর্জ্য সঙ্গে করে নিয়ে যায়। হাজারীবাগ ট্যানারিকে সাভারে স্থানান্তর করার ব্যাপারে হাইকোর্টের নির্দেশ ও পরিবেশ অধিদপ্তরের নানা উদ্যোগের পরও এখনো অগ্রগতি হয়নি। ২০০৯ সালে পরিবেশ অধিদপ্তর হাজারীবাগ ট্যানারি এলাকার ওপর জরিপ চালিয়ে দেখতে পায়, এখানে ১৩৭টি ট্যানারি রয়েছে। এর ১২টি বন্ধ হয়ে আছে। চালুগুলোর বেশির ভাগের কোনো পরিবেশ ছাড়পত্র নেই। রাজধানীর চারপাশে অবস্থিত ইটভাটাগুলোর চিত্রও খুব একটা ভিন্ন নয়। সাভার, গাজীপুরে ৩১২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১২২টির কোনো পরিবেশ ছাড়পত্র নেই। ইটভাটায় ব্যবহূত কয়লা ও ধুলা সরাসরি নদীতে ফেলা হচ্ছে।