ঢাকার নদীতীরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে আবার অভিযান শুরু ৬ মে
বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের চারটি নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামী ৬ মে থেকে আবার অভিযান শুরু হবে। এ অভিযান শুরু হবে মিরপুরে তুরাগ নদের ভরাট করা জায়গা উদ্ধারের মাধ্যমে। আজ বুধবার বিকেলে ঢাকা জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র, তুরাগ ও বালু নদীর অংশে বা খাসজমিতে যেসব স্থাপনা গড়ে উঠেছে, সেগুলো যদি জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে স্থাপনার মালিকদের কাছ থেকে অনাপত্তিপত্র দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয় এই সভায়। তবে নিয়ম অনুযায়ী সব স্থাপনার মালিক বা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হবে। কেউ যদি আপত্তি জানিয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়, তাহলে বৈধতা যাচাই করা হবে। প্রয়োজনে হাইকোর্টের কাছে দিকনির্দেশনা চাওয়া হবে। চার নদীর জরিপকাজে এবং অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুতে কিছু ভুল থাকতে পারে—এমন আলোচনাও হয় সভায়। বৈঠকে উপস্থিত ঢাকা জেলা প্রশাসক মো. মজিবুল হক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সরকারি-বেসরকারি যেসব স্থাপনার স্থায়ী বন্দোবস্ত রয়েছে, সেগুলোর মালিক বা কর্তৃপক্ষকে আপত্তি জানানোর সুযোগ দেওয়া হবে। সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, সদরঘাট টার্মিনাল বৈধভাবেই অনুমোদিত। এ ধরনের জনস্বার্থমূলক স্থাপনার বিষয়ে নিশ্চয়ই বিবেচনা করা হবে। নদীবিষয়ক টাস্কফোর্সের সভায়ও এ বিষয়টি আলোচনা হবে।অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে হাইকোর্টের যে নির্দেশ রয়েছে, সেখানেও আপত্তিপত্রের ভিত্তিতে পুনঃপরীক্ষার কথা বলা আছে, বলে জেলা প্রশাসক জানান।বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আবদুল মালেক মিয়া। সভায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।