ঢাকার পতন যেকোনো মুহূর্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব পাকিস্তান সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী খান তাঁর সহকর্মীদের আগেই পাকিস্তানের ‘বীর সেনাবাহিনী’র লজ্জাকর পতনের চিত্রটি অনুমান করতে পেরেছিলেন। সে জন্যই ভারতের সঙ্গে সমঝোতার মাধ্যমে পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব পেশ করেছিলেন। কিন্তু পূর্ব পাকিস্তানের কমান্ডিং অফিসার জেনারেল এ এ কে নিয়াজি দ্বিমত পোষণ করেন এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানও তা প্রত্যাখ্যান করেন। ডেইলি টেলিগ্রাফ-এর প্রতিনিধি ক্লেয়ার হলিংওয়ার্থ ঢাকা থেকে জানান, জেনারেল ফরমানের কর্তৃত্বের বিষয়টি অনিশ্চিত। সম্ভবত তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন।৬ ডিসেম্বর রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বীকৃতি প্রাপ্তির পরপরই বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি বাহিনীর পরিচিতি বদলে গেল, এরা হয়ে গেল অকুপেশন ফোর্স, দখলদার বাহিনী। যশোরের পতনের পর ভারতের চিফ অব আর্মি স্টাফ দখলদার বাহিনীর অসহায় অবস্থার ব্যাখ্যা দিয়ে তাদের অবিলম্বে আত্মসমর্পণের আহ্বান জানান।পাকিস্তানের সংহতি ও অখণ্ডতা রক্ষার জন্য জেনারেল নিয়াজি তাঁর সর্বশেষ রক্ত দিয়ে লড়াই করে যাবেন। সানডে টাইমস লিখেছে, এমনকি একপর্যায়ে জেনারেল নিয়াজির পালিয়ে যাওয়ার সংবাদে যখন ঢাকা মুখরিত, তখন ব্যক্তিগতভাবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাজির হয়ে তিনি বলেছেন, ‘আল্লাহর ইচ্ছায় আমি আমার বাহিনী পরিচালনা করে যাচ্ছি, আমি কখনো তাদের পরিত্যাগ করব না।’১৫ ডিসেম্বর ১৯৭১ সালে গার্ডিয়ান-এর সম্পাদকীয় শুরুই হয় জেনারেল নিয়াজির কথা দিয়ে, ‘এখন প্রশ্নটা বাঁচা কিংবা মরার, আমাদের সর্বশেষ সৈনিকটি জীবিত থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমরা সবাই মৃত্যুবরণ করব। পাকিস্তানে প্রত্যাবাসনের অপেক্ষায় আর কেউ থাকবে না।’১৫ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ ভবনে নিরাপত্তা পরিষদের বৈঠক চলছে, উত্থাপিত হয়েছে পোল্যান্ডের প্রস্তাব: সত্তরের নির্বাচনের ফলাফল মেনে পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করবে, এই মুহূর্তেই যুদ্ধবিরতি ঘোষিত হবে, দুই পক্ষই অধিকৃত এলাকা প্রত্যর্পণসহ নিজ নিজ সেনাবাহিনী প্রত্যাহার করে নেবে।ভারত জানে, প্রস্তাবটি পোল্যান্ডের হলেও এর উৎস রাশিয়া। প্রস্তাবটি মেনে নেওয়া মানে আসন্ন ও নিশ্চিত একটি সামরিক বিজয় থেকে বঞ্চিত হওয়া। পাকিস্তানকে চিরদিনের মতো পূর্বাঞ্চল থেকে হটিয়ে দেওয়ার একটি সুযোগ হাতছাড়া করা। অন্যদিকে, প্রস্তাবে অসম্মতি রুশ-ভারত মৈত্রীকে ক্ষতিগ্রস্ত করবে এবং ভারতের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। ভারতের সৌভাগ্য, বাংলাদেশেরও—পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বৈঠকে নিরাপত্তা পরিষদকে রীতিমতো গালমন্দ করলেন, পোল্যান্ডের প্রস্তাব ছিঁড়ে টুকরো টুকরো করে ছুড়ে ফেলে ঝড়ের গতিতে অধিবেশনকক্ষ ত্যাগ করলেন। নিরাপত্তা পরিষদের তখন আর করার কিছুই ছিল না।জেনারেল মানেক শর আত্মসমর্পণের আহ্বান এবং আত্মসমর্পণ না করার পরিণতি বারবার ঘোষিত হতে থাকে। পূর্ব পাকিস্তানের বেসামরিক সরকার তার আগেই পদত্যাগ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিরপেক্ষ এলাকায় অবস্থান করতে শুরু করেছে।তারও আগে বিদেশি এক সাংবাদিক নিয়াজিকে প্রশ্ন করেন, ভারতীয় বাহিনীকে ঢাকা থেকে দূরে রাখার মতো পর্যাপ্ত সামরিক শক্তি কি আপনার আছে? তিনি বললেন, ‘ঢাকার পতন ঘটবে আমার মৃতদেহের ওপর দিয়ে। এর ওপর (বক্ষদেশ দেখিয়ে) দিয়ে তাহলে ওদের ট্যাংক চালিয়ে যেতে হবে।’ (দ্রষ্টব্য: সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার)১৪ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় ইয়াহিয়া খানের টেলিগ্রাম আসে। বীরের মতো লড়াই করার জন্য নিয়াজি ও পাকিস্তানি বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, ‘যেহেতু আর প্রতিরোধ করা সম্ভব নয় এবং চেষ্টা করেও কোনো লাভ নেই, যুদ্ধ বন্ধ করে জীবন বাঁচানোর চেষ্টা করো।’এই টেলিগ্রামকেই আত্মসমর্পণের সর্বোচ্চ পর্যায়ের সম্মতি বিবেচনা করে ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর দখলদার বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ভারতীয় সেনাপ্রধানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। জেনারেল মানেক শ নির্দেশ পাঠালেন, ১৬ ডিসেম্বর সকাল নয়টার মধ্যে সদলবলে তাঁকে আত্মসমর্পণ করতে হবে।বিবিসির ঢাকা প্রতিনিধি এদিন বেশ কয়েক দফা বার্তা পাঠিয়েছেন। প্রথম বার্তায় তিনি উল্লেখ করেন, ভোর থেকেই তিনি কামানের গোলার শব্দ শুনতে পাচ্ছেন, বিশেষ করে ঢাকার উত্তর-পূর্বাঞ্চলে গোলার শব্দ ক্রমেই বাড়ছে। ঢাকার আকাশে ভারতীয় বিমান লিফলেট ছড়াচ্ছে। তাতে আত্মসমর্পণের নির্দেশ রয়েছে এবং আত্মসমর্পণকারীদের যথাযথ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। দ্বিতীয় বার্তায় উল্লেখ করেছেন, ঢাকায় ভারী অস্ত্রের গোলাবর্ষণ কমছে, বাংলাদেশের গেরিলারা ঢাকার বহিঃ প্রতিরক্ষাবৃত্ত আক্রমণ করে পাকিস্তানিদের মনোবল ভেঙে দিয়েছে। ঢাকা ও এর আশপাশে বিমান আক্রমণ তীব্রতর হয়ে উঠেছে। ভারতীয় বিমান আক্রমণের মূল লক্ষ্য সামরিক স্থাপনা এবং জেনারেল নিয়াজির সদর দপ্তর। প্রতিটি আক্রমণই সাফল্য বয়ে আনছে।বিবিসির ঢাকা প্রতিনিধি পরবর্তী প্রতিবেদনে উল্লেখ করেছেন, চার দিক থেকে ঢাকার ওপর চাপ ক্রমেই বেড়ে চলেছে। শিল্পাঞ্চল টঙ্গী হাতছাড়া হয়ে গেছে। আরও বহুসংখ্যক বেসামরিক কর্মকর্তা চাকরি ছেড়ে হোটেলের নিরপেক্ষ এলাকায় আশ্রয় নিয়েছেন। ভারতীয় নৌবাহিনী চট্টগ্রাম বন্দরের ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। বন্দরে আগুন জ্বলছে। আকাশ বা নৌপথে আঘাত করার শক্তি পাকিস্তান পুরোপুরি হারিয়ে ফেলেছে। বেসামরিক সরকারের আত্মসমর্পণের পর এখন সিদ্ধান্ত দেওয়ার মালিক কমান্ডার নিয়াজি। একসময় পাকিস্তান স্বীকার করে নিয়েছে, ভারতীয় বাহিনী ঢাকায় প্রবেশ করেছে।এখন কেবল ফাঁসির দড়ি টানার যতটুকু বাকি। আত্মসমর্পণ ছাড়া জীবন বাঁচানোর মতো আর কোনো পথ খোলা নেই। একটি প্রতীকী শুভেচ্ছা হিসেবে ১৫ ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে পরদিন সকাল নয়টা পর্যন্ত বোমাবর্ষণ স্থগিত রাখার অঙ্গীকার করা হয়েছে।গুটিকয় সন্দিগ্ধ মানুষ তখনো মনে করেছেন, আমেরিকার সপ্তম নৌবহর ‘পেয়ারে পাকিস্তানের হয়ে’ ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে দেবে। আর উদ্বেলিত জনতার আনন্দ দেখে মনে হচ্ছে, তাদের জীবনে পাকিস্তানপর্বের দ্রুত সমাপ্তি ঘটতে যাচ্ছে।