ঢাকার প্রবেশপথে সংঘর্ষ, ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিচারে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক সংঘাতের মধ্য দিয়ে গতকাল রোববার রাজপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ভোর ছয়টায়ই কাঁচপুর, গাবতলী, সাভার, গাজীপুরসহ রাজধানী ঢাকায় প্রবেশের প্রধান পথগুলো বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের দখলে যায়। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এসব প্রবেশমুখসহ রাজধানীর ভেতরে বিভিন্ন এলাকায় অন্তত ৩০০ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রেহাই পায়নি পুলিশের গাড়িও।অবরোধ চলাকালে সারা দেশ থেকে রাজধানী প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। মহাসড়কগুলো অচল হয়ে পড়ে। ঢাকার ভেতরেও গাড়ি চলাচল ছিল খুবই কম। বেলা দুইটার পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়।অবরোধ কর্মসূচি চলার সময় ক্ষমতাসীন দল গতকাল বিভিন্ন স্থানে মিছিল করেছে। অনেক স্থানে অবরোধকারীদের সঙ্গে তাদের সংঘর্ষও হয়।সাভার: সাভার থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, ভোর হওয়ার আগেই সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। তাঁরা চারটিতে আগুন দেওয়ার পাশাপাশি প্রায় ১০০ যানবাহন ভাঙচুর করেন। তাঁরা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার পোড়ান। সাভারের আমিনবাজার ও ধামরাইয়ের ইসলামপুরে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে শতাধিক নেতা-কর্মী আহত হন।বেলা সোয়া ১১টার দিকে আমিনবাজার এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সিটি করপোরেশেনের তিনটি ময়লাবাহী ট্রাক ভাঙচুর করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় গুলিবিদ্ধ হন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ দুজন। এর আগে অবরোধকারীরা ভোর পাঁচটার দিকে সাভারের জোড়পোল এলাকায় একটি বাসে আগুন ও অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেন। সকাল সাড়ে ছয়টায় আশুলিয়ার নয়ারহাটে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় তাঁরা অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করেন। ধামরাইয়ে পদদলিত হয়ে মৃত্যু: প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ধামরাইয়ের কালামপুর বাজার থেকে বের করা বিএনপির মিছিলে অংশ নেওয়া এক যুবক পা পিছলে পড়ে যান। এ সময় পদদলিত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত যুবকের নাম পাভেল। তিনি ধামরাইয়ের বড়াটিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস দাবি করেন, বিএনপির সমর্থক পাভেল পদদলিত হয়ে নয়, সম্ভবত হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কাঁচপুর: নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি জানান, সকাল সোয়া সাতটার দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা কাঁচপুরে মিছিল বের করেন। মিছিলকারীরা এ সময় কার, ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় তাঁরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। কাঁচপুর বিসিক শিল্পনগর এলাকায় সকাল পৌনে নয়টার দিকে জামায়াত-শিবির মিছিল বের করে। তারা ১৫-২০টি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সকাল সাড়ে নয়টার দিকে অবরোধের বিপক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেনের নেতৃত্বে ২০-২৫টি ট্রাক ও পিকআপ ভ্যানে করে কয়েক শ লোক লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। তাঁরা বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দেন। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা সংগঠিত হয়ে আওয়ামী লীগের গাড়িমিছিলে হামলা চালান। অবরোধকারীরা বেলা ১১টার দিকে কাঁচপুরের নয়াবাড়িতে ছাত্রলীগের নেতার মালিকানাধীন মেট্রো সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুর এবং সেখানে থাকা পাঁচটি মোটরসাইকেল ও একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেন। সাংবাদিকদের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেন তাঁরা। নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাবতলী: সকাল সাড়ে আটটায় বিরোধী দলের কয়েক শ কর্মী গাবতলী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করেন এবং দুটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় মিরপুর মাজার রোডের মুখে অবস্থান নেওয়া আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ছুরি নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় দেড় ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। উত্তরায় পিকেটার নিহত: অবরোধ চলাকালে বিমানবন্দর গোলচত্বরের কাছে বিআরটিসির দোতলা বাসের চাপায় নিহত হয়েছেন মঙ্গল প্রামাণিক (২৭)। বিএনপি তাঁকে নিজেদের কর্মী দাবি করে বলেছে, গাড়িচাপায় তাঁকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম বলেন, খয়েরি সোয়েটার ও লুঙ্গি পরিহিত ওই যুবক সকাল সোয়া ১০টার দিকে গোলচত্বরের অদূরে দ্রুতগামী একটি দোতলা বিআরটিসি বাসে ঢিল ছুড়ছিলেন। একটি ঢিল ছোড়ার পর সেটি বাসের সামনের কাচে লাগে। এরপর একটু ঝুঁকে বাসের দিকে আরেকটি ঢিল ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে বাসটি গতি না কমিয়ে ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। পুরান ঢাকা: পুরান ঢাকার নয়াবাজার এলাকায় সকাল সোয়া আটটার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় ১৪-১৫ জনকে আটক করা হয়। সকাল নয়টার দিকে বিএনপি-সমর্থিত আইনজীবীরা আদালতের সামনে মিছিল করলে তাঁদের ধাওয়া করেন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজ শাখার কর্মীরা। তখন আইনজীবীরা মিছিল বন্ধ করে আদালতের ভেতরে চলে যান। এর কিছু সময় পর আদালতের ভেতরে গিয়ে লাঠিসোঁটা নিয়ে আইনজীবীদের ওপর আবারও হামলা চালায় ছাত্রলীগ। এতে পাঁচজন আইনজীবী আহত হন। মিরপুর: ভোর পাঁচটার দিকে মিরপুর ১ নম্বরে দুটি বাসে অগ্নিসংযোগ ও মিরপুর ৬ নম্বরে সেকশনে একটি ট্রাক ভাঙচুর করেন অবরোধকারীরা। এ সময় সেখানে একাধিক ককটেল বিস্ফোরিত হয়। বেলা ১১টার পর মিরপুরের বিভিন্ন সড়কে আওয়ামী ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা হাতে অবরোধবিরোধী মিছিল বের করেন। কাফরুল: সকাল সোয়া সাতটার দিকে শেওড়াপাড়ায় মনিপুর স্কুলের ৩ নম্বর শাখার সামনের সড়কে বিক্ষোভ করেন বিরোধী দলের কর্মীরা। তাঁরা একটি বাস, একটি পিকআপ ভ্যান ও একটি কার ভাঙচুর করেন। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষে মধ্যে সংঘর্ষ বাধে। সোয়া সাতটায় কাজীপাড়া বাসস্ট্যান্ডে একাধিক ককটেল ফাটানো হয়। সেখান থেকে পুলিশ তিনজনকে আটক করে। মহাখালী: মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে সকাল থেকে অবস্থান করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে ছাত্রদলের দুটি মিছিল মহাখালী মোড়ে এলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের কর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহবাগ: সকাল সাতটার দিকে রাজধানীর শাহবাগে অবরোধকারীরা দুটি গাড়িতে আগুন দেন। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয়। সাড়ে আটটায় মিরপুর রোডে মিছিলকারীরা একটি বাস ভাঙচুর করেন। অবরোধ চলাকালে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি ককটেল বিস্ফোরিত হয়।নয়াপল্টন: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে মিছিল করেন জোটের নেতা-কর্মীরা। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, আর জামায়াত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। দুপুরে নয়াপল্টনে কয়েক দফায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কদমতলী, জুরাইন ও যাত্রাবাড়ী: পোস্তগোলা-ফতুল্লা সড়কে ও জুরাইন রেলগেটে সকাল সাড়ে ছয়টায় তিনটি গাড়িতে অগ্নিসংযোগ ও অন্তত ৫০টি ট্রাক ভাঙচুর এবং সোয়া ১০টায় সায়েদাবাদে একটি বাসে আগুন দেওয়া হয়।