ঢাকার বইমেলায় আমন্ত্রণ হে...
জায়গা বদলের অভ্যাস থেকে সরে আসতে পারেনি জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘ঢাকা আন্তর্জাতিক বইমেলা’। তাই গতবারের সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে এবার মেলার ঠাঁই মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। স্টলের কাঠামো তৈরিতে আয়োজকদের অসহযোগিতা, স্টল বরাদ্দে শৃঙ্খলার অভাব—এসব যেন নিয়তির মতোই গাঁটছড়া বেঁধে আছে এই মেলার সঙ্গে। এ নিয়ে অভিযোগের অন্ত নেই প্রকাশকদের।আয়োজকদের হেলাফেলায় ক্রমাগত কমতে কমতে এবার ভিনদেশি বেসরকারি প্রকাশনা সংস্থার স্টল শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। বহুদেশীয় বইমেলার রূপ নামকাওয়াস্তে ধরে রেখেছে কেবল ভারতের ন্যাশনাল বুক ট্রাস্ট, ইরানিয়ান সংস্কৃতিকেন্দ্র ও বিশ্বব্যাংকের ঢাকা অফিসের স্টল। মেলায় তাই বিদেশি বইপ্রেমীদের দেখা মেলা ভার। ঢাকার বইপ্রেমীরাই বা এখানে কেন আসবে? ‘এখানে কিন্তু ঢাকার অনেক বই ব্যবসায়ী অনূদিত ও ইংরেজি ভাষার বই নিয়ে হাজির হয়েছেন। একুশে বইমেলার সঙ্গে ঢাকা বইমেলার এটাই পার্থক্য।’ বলছিলেন গুলশানের ওয়ার্ডস এন পেইজেসের ব্যবস্থাপক (যোগাযোগ) আল রিয়াদ মাহমুদ। মেলার ১১৬ নম্বর স্টলটি অসংখ্য ইংরেজি বই দিয়ে সাজিয়েছেন তাঁরা। মেলায় অংশ নেওয়ার কারণ জানতে চাইলে রিয়াদ বলেন, এই মেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বসায় এখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী আসবেন। তাঁদের অনেকেই পড়াশোনা ও গবেষণার খাতিরে ইংরেজি বইয়ের খোঁজ করেন। বই কেনার জন্য অনেকের আবার গুলশানে যাওয়া হয়ে ওঠে না। সারা বছরের জন্য দরকারি বইগুলো তাঁরা মেলা থেকে কিনে রাখতে পারবেন।শুধু ভিনদেশি ভাষার বই কিংবা অনূদিত বইয়ের খোঁজেই নয়, সুশীল পাঠক আরও একটি কারণে এখানে আসতে চাইবেন। সে কথাই শোনালেন নিমতলীর জান্নাতুল ফেরদাউস, ‘একুশে বইমেলা হয় ঘিঞ্জির মধ্যে। সেখানে ভিড়ের জন্য বই দেখা তো দূরের কথা, হাঁটারও কোনো উপায় থাকে না। কিন্তু ঢাকা বইমেলা বসেছে বিশাল এলাকা নিয়ে। তেমন ভিড় নেই। এখানে ধীরেসুস্থে ঘুরেফিরে ঠান্ডা মাথায় পছন্দের বইটি কেনা যায়।’তবে প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেল, মেলায় এখনো আশা-জাগানিয়া হয়ে ওঠেনি বই বিক্রির হার। কিছু মানুষ আসছে, তাদের বেশির ভাগই ঘুরেফিরে দেখে খালি হাতে এখান থেকে ফিরে যাচ্ছে। পাঁড় বইপ্রেমী না হলে ঢাকা বইমেলা থেকে কেউ খুব একটা বই কেনে না। এ বিষয়ে পাঠকদের আপত্তি আবার আরেক জায়গায়। তাঁদের কথা হচ্ছে, ঢাকা বইমেলার প্রায় সব স্টলে বই উল্টেপাল্টে দেখা যায়, প্রদর্শিত বইগুলো কোনো না কোনো একুশে বইমেলায় বের হয়েছে। ঢাকা বইমেলায় নতুন বই খুব একটা বের হয় না।এ কথার সঙ্গে একমত নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক ঢাকার শীর্ষস্থানীয় একটি প্রকাশনা সংস্থার একজন কর্মকর্তা। তিনি বলেন, ‘ঢাকা বইমেলা উপলক্ষে আমরা কোনো বই বের করি না। একুশে বইমেলায়ই মূলত আমাদের বই বের হয়। তবে প্রতি মাসেই আমাদের কোনো না কোনো নতুন বই বের হয়। সে জন্য এই মাসেও কিছু বই বের হবে।’ এটা কি ঢাকা বইমেলার প্রতি প্রকাশকদের অবহেলা? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ঢাকা বইমেলা কাগজে-কলমে আন্তর্জাতিক একটি বইমেলা। কিন্তু কর্তৃপক্ষ এটিকে আন্তর্জাতিক রূপ দেওয়া তো দূরের কথা, জাতীয় রূপও দিতে পারছে না। এটা নিয়ে তারা তেমন কোনো প্রচার-প্রচারণা চালাচ্ছে না। মূলত এ জন্যই মেলাটি জমে উঠছে না। আর নিষ্প্রাণ একটি মেলায় প্রকাশকেরাও বই প্রকাশে আগ্রহী হচ্ছেন না। কারণ, এখন একুশে বইমেলার বই বের করতে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন।’বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রচার সম্পাদক রবীন আহসান বলেন, আয়োজকেরা যদি জোর প্রচেষ্টা চালান, তবে দেশি-বিদেশি প্রকাশক ও বইপ্রেমীদের পদভারে মুখরিত হয়ে উঠতে পারে মেলা। কিন্তু দিনে দিনে মেলাটি আরও বিবর্ণ হয়ে উঠছে।ভিনদেশি স্টলের অভাবে মেলার এই বিবর্ণতার কথা ইঙ্গিত করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদও। ১ ডিসেম্বর মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথির ভাষণে তিনি তাই বিদেশে দেখা আন্তর্জাতিক বইমেলার উদাহরণ টেনে আনেন। তাঁর ভাষ্য হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক বইমেলায় নানা দেশের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। আগামী বছর থেকে ঢাকা বইমেলায় সে রকমটি যাতে দেখা যায়, তার জন্য আয়োজকদের উদ্যোগী হতে আহ্বান জানান তিনি।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীর আকুতি ছিল, ‘ঢাকা বইমেলায় সবাই আসুন। আর খালি হাতে নয়, অন্তত একটি হলেও বই নিয়ে মেলা থেকে ফিরে যান।’ বই কেনা হোক বা না হোক, বিকেল হলেই এখন কিন্তু সাহিত্যিক আর পাঁড় পাঠকদের আড্ডাটা জমে ওঠে ঢাকা বইমেলার বিস্তীর্ণ প্রান্তরে। ঢাকার বিনোদনপিয়াসী মানুষও এখন ঘুরে আসতে পারেন ঢাকা বইমেলায়। প্রতিদিন মেলার আসর বসছে বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত। আর শুক্র ও শনিসহ যেকোনো সরকারি ছুটির দিনে খোলা থাকছে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।