ঢাকার বাইরে গড়ে উঠছে আবাসন প্রকল্প, দেখার কেউ নেই
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ৫৯০ বর্গমাইল (১৫২৮ বর্গকিলোমিটার) এলাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে আবাসন প্রকল্পের অনুমোদন বা ভূমি ছাড়পত্র দেওয়ার কোনো কর্তৃপক্ষ নেই। এ জন্য ঢাকার চারপাশ এবং দেশের বিভিন্ন স্থানে নকশাবহির্ভূত ভবন গড়ে উঠলেও ব্যবস্থা নেওয়া যায় না। ঢাকার চারপাশেই এ ধরনের শ খানেক আবাসিক প্রকল্প গড়ে উঠেছে, যেগুলোর বিষয়ে তদারকি বা নজরদারি করার কেউ নেই। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রমতে, বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ এ ধরনের অনুমোদন দিয়ে থাকে। কিন্তু অন্য এলাকাগুলোতে অনুমোদন দেওয়ার কর্তৃপক্ষ নেই।যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, রাজউকের অধীন এলাকায় আবাসন (হাউজিং) প্রকল্প বা ভবন নির্মাণে রাজউকের অনুমোদন নিতে হয়। সে অনুযায়ী রাজউক নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে পারে। কিন্তু রাজউক এলাকার বাইরে অপরিকল্পিতভাবে প্রচুর প্রকল্প গড়ে উঠছে, যেগুলো ভবিষ্যতে বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। এ জন্য রাজউকের পক্ষ থেকে গণপূর্ত মন্ত্রণালয়কে ভেবে দেখতে বলা হয়েছে, ঢাকার বাইরের আবাসন প্রকল্প বা বহুতল ভবন নির্মাণ তদারকির কাজে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া যায় কি না।পূর্তসচিব খন্দকার শওকত হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘যেসব প্রকল্প ইতিমধ্যেই গড়ে উঠেছে, আমরা পরীক্ষা করে দেখব, সেগুলো কাঠামোগতভাবে মোটামুটি সঠিক আছে কি না। থাকলে অনুমোদন দেওয়া হবে, নইলে বাতিল করা হবে।’ তিনি বলেন, ‘আমরা চিন্তাভাবনা করছি স্থানীয় পৌরসভাসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এ বিষয়ে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে।’১৯৫৯ সালে তত্কালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (ডিআইটি) অধীনে ছিল ঢাকার চারপাশের ৩২০ বর্গমাইল এলাকা। ১৯৮৭ সালে ৫৯০ বর্গমাইল এলাকা ডিআইটির অধীনে নেওয়া হয়। এই সীমানা ধরেই ১৯৯৫ সালে মহানগর স্ট্রাকচার প্ল্যান বা কাঠামোগত পরিকল্পনা করা হয়। ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনাও (ড্যাপ) এই সীমানা ধরে করা হয়েছে।৫৯০ বর্গমাইল সীমানা অনুযায়ী উত্তরে গাজীপুর, জয়দেবপুর পৌরসভার আংশিক, দক্ষিণে ধলেশ্বরী নদী, পূর্বে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা এবং পশ্চিমে সাভারের বংশী নদী পর্যন্ত এলাকা চিহ্নিত রয়েছে।পূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার চারপাশে রাজউক এলাকায় আবাসন প্রকল্পের জন্য এখন জায়গা প্রায় নেই। অনুমোদন ছাড়াই অনেক প্রতিষ্ঠান প্রকল্প গড়ে তুলেছে। রাজউক এলাকায় মাত্র ২৬টি প্রকল্প অনুমোদিত। ১৭৪টির মতো প্রকল্প অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে। এগুলোর মধ্যে ৫৬টি প্রকল্পকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সম্প্রতি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর কয়েকটি পরিবেশবাদী সংগঠন হাইকোর্টে রিট করে। পরে হাইকোর্ট এসব প্রকল্পে মাটি ভরাট ও গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দেন।সূত্রমতে, তালিকাভুক্ত প্রকল্পের বাইরে অপরিকল্পিতভাবে যেসব আবাসন প্রকল্প গড়ে উঠছে, সেগুলোর তদারকির কোনো সুযোগ নেই। যেমন গাজীপুরের মৌচাক, নরসিংদী, সাভার, শ্রীপুর, ভালুকা, ত্রিশাল, মুন্সিগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে প্রকল্প গড়ে তোলা হয়েছে। এসব প্রকল্প অনুমোদনের এখতিয়ার না থাকলেও স্থানীয় পৌরসভা, উপজেলা কর্তৃপক্ষ, এমনকি ইউনিয়ন পরিষদের কাছ থেকেও অনাপত্তিপত্র সংগ্রহ করা হচ্ছে। কর্তৃপক্ষগুলো কোনো জরিপ বা তদারকি ছাড়াই নিজস্ব প্যাডে অনাপত্তিপত্র দেয়।উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প: ঢাকার বাইরে বা শহরতলীতে যেসব কোম্পানি আবাসন প্রকল্প করেছে বা করছে, তাদের মধ্যে কিছু কোম্পানি আছে যেগুলো ঢাকায়ও তাদের প্রকল্প বাস্তবায়ন করেছে। গত ফেব্রুয়ারির শুরুতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া, ঠাকুরপাড়া ও চান্দপুর মৌজায় ‘বসুন্ধরা-মৌচাক হাউজিং’ প্রকল্পের কাজ শুরু করে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ লিমিটেড। মৌচাক ভান্নারা বাজার থেকে ছয় কিলোমিটার দূরে প্রকল্প এলাকা। প্রকল্পে এক হাজার ২০০ বিঘা জায়গার মধ্যে বিভিন্ন আয়তনের আড়াই হাজার প্লট বিক্রি করা হয়েছে।যোগাযোগ করা হলে বসুন্ধরা-মৌচাক হাউজিংয়ের প্রকল্প পরিচালক নুরে আলম সিদ্দিকী কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, রাজউকের কাছে প্রকল্পটির অনুমোদন চাওয়া হয়েছে। এটা প্রক্রিয়াধীন। প্লট বিক্রি না করার বিষয়ে কেউ তাঁদের সুনির্দিষ্টভাবে নিষেধ করেনি।রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ জহুরুল হক বলেন, রাজউকের কাছে বসুন্ধরা-মৌচাক হাউজিংয়ের কোনো আবেদন করা হয়নি। কারণ মৌজা অনুসারে এই জায়গা রাজউকের বাইরে হওয়ার কথা।রাজউক এলাকার বাইরে গাজীপুরে রয়েছে বনরূপা হাউজিংয়ের আবাসিক প্রকল্প। এখানে শতাধিক পাকা ভবন গড়ে উঠেছে।পিংক সিটি জেনোভ্যালি (প্রা.) লিমিটেডের ডুপ্লেক্স বাড়িসংবলিত ‘স্যাটেলাইট মডেল টাউন’ গড়ে উঠেছে ইছাপুরা পূর্বাচল সড়কের পাশে ডুমনি ইউনিয়নে। এর ব্যবস্থাপনা পরিচালক এম সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই এলাকাটি রাজউকের বাইরে। তাই অনুমোদনের জন্য রাজউকের কাছে আবেদন করা হয়নি। কার কাছে করা হয়েছে, তিনি জানাতে পারেননি।নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকায় রাজউক এলাকার বাইরে ‘পূর্বাচল-আমেরিকান সিটি’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ইউএস বাংলাদেশ অ্যাসেট এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটির পরিচালক সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, রাজউক এলাকার বাইরে অবস্থিত বলে এই প্রকল্পের জন্য কাঞ্চন পৌরসভার অনাপত্তিপত্র নেওয়া হয়েছে। তবে এ ধরনের প্রকল্পে পৌরসভা অনুমোদন দিতে পারে না বলে পূর্ত মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।একই এলাকায় রয়েছে রিজেন্ট হোল্ডিংয়ের রিজেন্ট পূর্বাচল সিটি। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আকবর খন্দকারও পৌরসভা থেকে অনুমোদন নেওয়ার কথা জানান।কাঞ্চন এলাকায় অপর একটি প্রকল্প পারভিউ পূর্বাচল সিটি। ভিশন ২১ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এই প্রকল্পেরও অনাপত্তিপত্র নেওয়া হয়েছে পৌরসভা থেকে।যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার চেয়ারম্যান মজিবর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে অনেকেই আবাসন প্রকল্পের অনুমতি নিতে আসেন। আমরা কয়েকটি প্রকল্পকে অনাপত্তিপত্র দিয়েছি, অনুমোদন নয়। তবে প্রকল্পকে ১০ বছরের জন্য অনুমোদন দেওয়ার একটি সুযোগ আমাদের দেওয়ার কথা চলছে।’এ ছাড়া পটুয়াখালীর কুয়াকাটায় ওশান সিটি, নবোদয় হাউজিং কোম্পানির সাগড় নীড় প্রকল্প, সেঞ্চুরী রিয়েলটি লিমিটেডের কুয়াকাটা মডেল টাউনসহ বেশ কিছু আবাসন প্রকল্প গড়ে ওঠে আগেই।