রাজধানীর বাইরে সরকারি হাসপাতালে জ্যেষ্ঠ চিকিৎসকদের বদলি করে পাঠাতে পারছে না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দু-একজনকে বদলির চেষ্টা করা হলেও তাঁরা ধরাধরি করে আবার ঢাকায় চলে আসেন।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ও স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী গতকাল সোমবার সেমিনারে এ কথা বলেছেন। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে দশম আন্তর্জাতিক কংগ্রেস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘ঢাকা শহরেই সব জ্যেষ্ঠ চিকিৎসক কেন্দ্রীভূত।’ তিনি বলেন, আমি পাঁচ মিনিটেই ময়মনসিংহে একজন অধ্যাপককে বদলি করে দিতে পারি, কিন্তু তিনি সেখানে থাকবেন না। তিনি আরও বলেন, একজন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে সরকারের অনেক অবদান থাকে। বদলি ও নিয়োগের ব্যাপারে সরকারই সিদ্ধান্ত নেবে। এ সিদ্ধান্ত জ্যেষ্ঠ চিকিৎসকদের মানা উচিত। তিনি আরও বলেন, দেশের অনেক অঞ্চলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকও নেই। অথচ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনের অতিরিক্ত জ্যেষ্ঠ চিকিৎসক আছেন।স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ও সার্জারিতে একজন অধ্যাপকও নেই। সম্প্রতি একজনকে বদলি করা হলেও সাত দিনের মাথায় অন্য মন্ত্রণালয়ের মন্ত্রীর তদবিরের মাধ্যমে তিনি আবার ঢাকায় ফিরে আসেন।’অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী একই সমস্যার কথা বলেন। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে ঢাকার বাইরে আমরা চিকিৎসা দিতে পারছি না ।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, মানবসম্পদ পরিকল্পনার জন্য বিএমএ একটি কমিটি গঠন করেছে। চিকিৎসকদের প্রশিক্ষণ, বিশেষজ্ঞ চিকিত্সকদের চাহিদা—এসব ব্যাপারে এ কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহায়তা করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, বিএমএর মহাসচিব শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি মো. আবুল কাশেম খন্দকার প্রমুখ।