ঢাকার বাইরে যেতে পারবে না চামড়া
এবারের কোরবানি ঈদের সময় কোনো চামড়া বহনকারী ট্রাক ঢাকার বাইরে যেতে পারবে না। চামড়া পাচার রোধ করার জন্য এই ব্যবস্থা। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই দুই উত্সব চলাকালে তিন স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে উল্লেখ করে বেনজীর আহমেদ জানান, এই সিদ্ধান্ত ঈদের দিনসহ পরবর্তী তিন দিন কার্যকর থাকবে।নির্বিঘ্নে মানুষ যেন ঈদ ও দুর্গাপূজা উদযাপন করতে পারে, এ জন্য রাজধানী ঢাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, শুধু দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের বিশেষ নিরাপত্তা থাকবে। ঈদ উপলক্ষে একই ব্যবস্থা থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত। নিরাপত্তার পুরো বিষয়টি দেখভাল করার জন্য দুটি নিয়ন্ত্রণকক্ষ কাজ করবে।সার্বক্ষণিক টহলের মাধ্যমে ঢাকা মহানগরের ২০৬টি পূজামণ্ডপ ও ২৭টি পশুর হাটে কঠোর পুলিশি নজরদারি রাখা হবে। নগরের বিপণিবিতানগুলোয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। একই ধরনের কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহ ময়দানেও। পূজামণ্ডপ, পশুর হাট ও বিপণিবিতানের মতো সেখানেও সিসি ক্যামেরা, বিশেষ ফটক (আর্চওয়ে) স্থাপন করা হবে। নিয়ন্ত্রণ করা হবে ভিক্ষুকদের। মলম পার্টির দৌরাত্ম্য ঠেকাতে অভিযানও জোরদার করা হবে। ঘরমুখো মানুষের সুবিধার্থে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসবে। জাল টাকার ব্যবহার রোধে প্রতিটি পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হবে বলে জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, পশু বহনকারী ট্রাক থামিয়ে চাঁদা আদায় কিংবা জোর করে এগুলো হাটে নিয়ে যেতে দেওয়া হবে না।নগরবাসীর সুবিধার জন্য পশুর হাটগুলোর সীমানা নির্ধারণ এবং এর সার্বিক ব্যবস্থাপনার জন্য ঢাকা সিটি করপোরেশনকে ম্যাজিস্ট্রেট নিয়োগের পরামর্শ দেন তিনি। এ ছাড়া ঈদ ও পূজার সময় মোটা অঙ্কের লেনদেনে পুলিশের সহায়তা নিতে নগরবাসীকে অনুরোধ করা হয়। পূজা ও ঈদের সময় চুরি-ডাকাতির মতো ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, বাড়ির মালিক ও নিরাপত্তাপ্রহরীদের জানিয়ে বাসা ছাড়া উচিত। রাজধানী ঢাকাকে মেগাসিটি উল্লেখ করে সৌদি আরবের মক্কা নগরের মতো এখানেও একসঙ্গে একই স্থানে কোরবানির পশু জবাই করা যায় কি না তা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিবেচনার অনুরোধ করেন বেনজীর আহমেদ।