গাড়িতে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে গতকাল সোমবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের প্রথম দিন শেষ হয়েছে। প্রথম দিনে রাজধানীর তুলনায় সারা দেশে সহিংসতার ঘটনা ছিল বেশি। এর মধ্যে ফেনীর দাগনভূঞা উপজেলায় পিকেটারদের ইটের আঘাতে এক ট্রাকচালক নিহত হয়েছেন।অন্যদিকে হরতালের সময় গতকাল মিরপুর ১ নম্বর এলাকায় মিরপুর থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব কবির গুলিবিদ্ধ হয়েছেন। হরতালকারীরাই তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। পুলিশ বলছে, হরতালের সমর্থনে ভাঙচুর করার সময় পুলিশ বাধা দিলে তিনি গুলিবিদ্ধ হন। হরতাল-সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হরতালবিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে। এসব ঘটনায় ১৪ পুলিশ সদস্য, হরতাল-সমর্থক বিএনপি ও জামায়াত-শিবির এবং হরতালবিরোধী আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের ১৪১ নেতা-কর্মী আহত হয়েছেন।ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ৪৯টি যানবাহন ভাঙচুর এবং আটটি যানবাহনে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। এসব ঘটনায় সারা দেশে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জামায়াত-শিবিরের ৮৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আর রাজধানীতে আটক করা হয়েছে ৪৬ জনকে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের হরতালের সময় ১২ ঘণ্টা কমিয়েছে ১৮ দলীয় জোট। হরতাল চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হানা দিয়ে গ্রেপ্তার করা দলের ১৫৪ জন নেতা-কর্মীর মুক্তির দাবিতে ১৮ দলীয় জোট এ কর্মসূচি পালন করছে। গতকালের হরতালে বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া জোটের অন্য শরিকদের নেতা-কর্মীদের তেমন দেখা যায়নি। দল দুটি বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে কয়েকটি মিছিল করেছে। ‘অযৌক্তিক’ হরতালের বিরোধিতা করে আওয়ামী লীগও রাজধানীতে হরতালবিরোধী মিছিল করে। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। ওই দিন থেকে দেশে ব্যাপক সহিংসতা শুরু হয়। জামায়াত ও বিএনপি একের পর এক হরতাল দিয়ে যাচ্ছে। হরতালে ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটছে। ২৮ ফেব্রুয়ারির পর থেকে ৫ মার্চ পর্যন্ত দেশের ১৮ জেলায় রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে ৭৭ জন।সংঘর্ষ: গতকাল হরতালের সময় বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও হরতালবিরোধী আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছেন ২৮ জন। চাঁদপুরের হাজীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৫০ জন। একইভাবে নওগাঁয় চার পুলিশসহ ২০ জন এবং ঝিনাইদহে এক পুলিশসহ ২০ জন আহত হন।চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এরপর সেখানে সংঘর্ষে দুই পুলিশসহ পাঁচজন আহত হন।ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন পাঁচ পুলিশসহ ১০ জন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংঘর্ষ হয়েছে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে। সেখানে আহত হয়েছেন দুই পুলিশসহ ১০ জন।কুমিল্লার লাকসামে হরতাল-সমর্থক ও হরতালবিরোধীদের সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামসহ ১০ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন আহত হন।আটক ও গ্রেপ্তার: গতকাল হরতালের সময় যানবাহন ভাঙচুর ও আগুন এবং পুলিশ ও হরতালবিরোধীদের সঙ্গে সংঘর্ষের সময় বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জামায়াত-শিবিরের ১৪১ নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ।নারায়ণগঞ্জে পিকেটিং করার সময় এবং একাধিক স্থানে সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন নাহারসহ ১৭ জনকে। নোয়াখালীতে হরতালের আগের রাতে বিএনপির আট এবং জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে আটক করা হয়।মাগুরায় গত রোববার বিকেলে দোকান ও যানবাহন ভাঙচুরের অভিযোগে জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ ও সাধারণ সম্পাদক আলী আহমঞ্চদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।শেরপুরে রোববার রাতে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় আটক করা হয়েছে বিএনপির ২০ নেতা-কর্মীকে।এ ছাড়া কুমিল্লায় শিবিরের দুই কর্মীসহ ছয়জন, মাগুরায় যুবদলের এক, নরসিংদীতে তিন, চুয়াডাঙ্গায় দুই, ফরিদপুরে দুই, ময়মনসিংহের ত্রিশালে এক, নওগাঁয় সাত এবং সিরাজগঞ্জে চারজনকে আটক করা হয়েছে।যানবাহন ভাঙচুর ও আগুন: পিকেটার ও হরতাল-সমর্থকেরা গতকাল দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহন ভাঙচুর এবং আটটিতে আগুন দিয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে দুটি ট্রাকে আগুন, ঝিনাইদহে একটি মোটরসাইকেলে আগুন, ময়মনসিংহের ত্রিশালে অটোরিকশাসহ আটটি যানবাহন ভাঙচুর, ফরিদপুরে দুটি ট্রাকে আগুন, রংপুরে পাঁচটি মোটরসাইকেলে আগুন, টাঙ্গাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ ১০টি যানবাহন ভাঙচুর, কুমিল্লার চৌদ্দগ্রামে দুটি গাড়িতে আগুন, কুমিল্লার লাকসামে তিনটি ট্রাকসহ চারটি গাড়ি ভাঙচুর, গাজীপুরে একটি মিনিবাসে আগুন এবং খাগড়াছড়ির দীঘিনালা ও মানিকছড়িতে ১০টি অটোরিকশা ভাঙচুর করেছে হরতাল-সমর্থকেরা।রেললাইনে সহিংসতা: বিভিন্ন স্থানে রেললাইন ও রেলসেতুতে আগুন এবং গাছ ফেলে অবরোধের ঘটনাও ঘটেছে। এ কারণে বিভিন্ন রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। রেললাইনে আগুন দেওয়া হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ ও কুমিল্লার লাকসামে। রংপুর ও নরসিংদীতে আগুন দেওয়া হয়েছে রেলসেতুতে। এ ছাড়া সিলেটে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করে হরতাল-সমর্থকেরা।রাজধানীর চিত্র: হরতালে রাজধানী মোটামুটি শান্তিপূর্ণ ছিল। নগরবাসী ঢিলেঢালাভাবে হরতাল পালন করেছে। তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে বাধার সৃষ্টি হয়েছে। রোববারের ব্যাপক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে আতঙ্ক ছিল গতকালও। নগরে যান চলাচল ছিল খুবই কম। সরকারি অফিসগুলো খোলা ছিল। তবে উপস্থিতি ছিল অন্যান্য দিনের চেয়ে কম। সচিবালয়ে স্বাভাবিক কাজকর্ম চলেছে, তবে দর্শনার্থী কম ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাটের বেশির ভাগই বন্ধ ছিল। ট্রেন ও লঞ্চ ঢাকা থেকে ছেড়ে গেছে, তবে যাত্রী কম ছিল। দূরপাল্লার বাস চলেনি। হরতাল-সমর্থকেরা মিরপুরে একটি বাসে, খিলগাঁওয়ে একটি লেগুনায় ও শ্যামপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে। এ ছাড়া শ্যামলী, পল্লবী, যাত্রাবাড়ী, তেজগাঁও ও গাবতলীতে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। কমলাপুরে টিটিপাড়া রেলক্রসিংয়ে হাতবোমা বিস্ফোরণের সময় তিনজনকে এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে শ্যামলী, পল্লবী ও যাত্রাবাড়ী থেকে পাঁচজনকে আটক করতে দেখা গেছে। রাজধানীতে হরতাল-সমর্থনকারীরা কোথাও জড়ো হতে পারেনি। সব জায়গায় থেকে পুলিশ মিছিলকারী বা পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল প্রথম দিনে ঢাকা মহানগর পুলিশ পিকেটিংয়ের কারণে মোট ৪৬ জনকে আটক করেছে। বিএনপি দাবি করেছে, প্রথম দিনে সারা দেশ থেকে তাদের ছয় শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চার শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী ও আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশ বাতিল এবং শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে এই হরতাল পালন করা হচ্ছে। জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। জামায়াত দাবি করেছে, হরতালের প্রথম দিনে রাজধানীর ৩০টি স্থানে তারা হরতালের সমর্থনে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে। এ সময় তাদের ১৭ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে একজন।বিএনপির কার্যালয় ফাঁকা: গতকাল সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অল্প কয়েকজন নেতা-কর্মী অবস্থান করেন। তবে তাঁদের কোনো তৎপরতা ছিল না। কেবল বিকেলে ভারপ্রাপ্ত মহাসচিব একটি সংবাদ সম্মেলন করেন। কার্যালয়ের সামনে মোতায়েন ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।