ঢাকার বাইরে ২৬টি স্থানে বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানার ঘটনার পর ওই দিন ঢাকার বাইরে আরও অন্তত বিডিআরের ২৬টি ক্যাম্প, ব্যাটালিয়ন বা সেক্টরে বিদ্রোহ করে বিডিআরের জওয়ানেরা।বিদ্রোহের পর সাবেক অতিরিক্ত সচিব আনিস-উজ-জামানের নেতৃত্বে সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ২৫ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের খবর জানাজানির পর দ্রত ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বিডিআর বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং তা পরদিনও অব্যাহত থাকে। দুই দিনে ঢাকার বাইরে মোট ৩৬টি ক্যাম্প, ব্যাটালিয়ন বা সেক্টরে বিদ্রোহ সংঘটিত হয়েছে। খুলনায় বিডিআর বিদ্রোহীদের আহ্বানে সাড়া দিয়ে তাদের পক্ষে স্থানীয় জনগণ মিছিল করে। সাতকানিয়ায় বাইতুল ইজ্জত প্রশিক্ষণ কেন্দ্রে গোলাগুলিতে তিনজন বিডিআর সদস্য আহত হয়। টেকনাফেও বিডিআর বিদ্রোহীরা গোলাগুলি করে।সিলেটে আখালিয়া বিডিআর সদর দপ্তরের জওয়ানেরা বিদ্রোহ ঘোষণা করে এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে কয়েকটি গাড়িতে বিদ্রোহীরা অগ্নিসংযোগ করে। রাঙামাটি ও শেরপুরে বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের গাড়ি প্রবেশে বাধা দেওয়া হয়।রাজশাহীতে ৩৭ রাইফেল বাটালিয়নের বিদ্রোহীরা ২৬ ফেব্রুয়ারি সকালে অনবরত গুলি বর্ষণ করে বিদ্রোহে অংশ নেয়। যশোরে ১১ রাইফেল বাটালিয়নের জওয়ানেরা তালা ভেঙে অস্ত্রাগারের দখল নেয় এবং অধিনায়ক লে. কর্নেল হাফিজ ও মেজর মাহবুবকে জিম্মি করে। যশোরের ঝুমঝুমপুরের ২২ ব্যাটালিয়নের বিদ্রোহীরা ২৬ ফেব্রুয়ারি সকালে অস্ত্রাগার লুট করে।২৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় কয়েকটি ফাঁকা গুলি বর্ষণ করে বিদ্রোহ ঘোষণা করে সাতক্ষীরার ৪১ ও ৭ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানেরা। ভোমরা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তারা সাতক্ষীরার কৈখালী সীমান্ত থেকে কুষ্টিয়ার চিলমারী পর্যন্ত ৬১২ কি.মি. সীমান্ত অরক্ষিত রেখে সরে আসে।২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় টেকনাফে ৪২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ হয় এবং একতরফা গুলিবর্ষণ গভীর রাত পর্যন্ত চলে। সেনা কর্মকর্তারা নিরাপদে ক্যাম্প থেকে সরে যেতে সক্ষম হন। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহীরা কয়েক শ ফাঁকা গুলি ছুড়ে বিদ্রোহ ঘোষণা করে এবং পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।২৬ ফেব্রুয়ারি সকালে দিনাজপুরে বিডিআরের সেক্টর সদর দপ্তরের শৃঙ্খলা ভেঙে যায়। দিনাজপুরে বিদ্রোহীরা নিজেদের মধ্য থেকে একজন সহকারী পরিচালককে (এডি) ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও একজন উপসহকারী পরিচালককে (ডিএডি) ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে নাম ঘোষণা করে।নওগাঁয় ২৬ ফেব্রুয়ারি সকাল থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। একই দিন রাত ১২টায় ১২টি গুলিবর্ষণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানেরা বিদ্রোহ করে এবং হাতে অস্ত্র তুলে নেয়। নাইক্ষ্যংছড়িতে ২৬ ফেব্রুয়ারি সকাল থেকে দফায় দফায় গোলাগুলির শব্দ শোনা যায়।ঝিনাইদহ জেলার আটটি বিডিআর ক্যাম্পের জওয়ানেরা পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। তারা সকাল ১০টা থেকে থেমে থেমে গুলি বর্ষণ করতে থাকে। ফেনীর জয়লস্কর বিডিআর ক্যাম্পে ব্যাপক গোলাগুলি হয়। ফেনী-মাইজদী সড়ক গাছ ফেলে বন্ধ করে দেওয়া হয়। রামগড়ে বিডিআর সেক্টরে থেমে থেমে গুলি বর্ষণ হয়েছে। কুড়িগ্রাম বিডিআর ক্যাম্পে জওয়ানেরা ফাঁকা গুলি বর্ষণের পাশাপাশি ক্যাম্প এলাকার সব রাস্তা বন্ধ করে দেয়। তারা ২৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ককে জিম্মি করে।