ঢাকার বাইরেও নাটকটির প্রদর্শনী করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও হলে আজ সন্ধ্যায় ‘শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস’ নাটকের দুটি প্রদর্শনী হবে। থিয়েটারওয়ালা রেপার্টরির এ নাটক লিখেছেন হাসান শাহরিয়ার। এটি নির্দেশনা দিয়েছেন এবং এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। কথা হলো তাঁর সঙ্গে।‘শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এটি একেবারেই অন্য ধরনের একটি কাজ। আমাদের দেশে তো রেপার্টরি থিয়েটার সেভাবে এখনো জনপ্রিয় হতে পারেনি। সেদিক থেকে এটি আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা। এভাবেই যদি একটু একটু করে এগোনো যায়, তাহলে ভবিষ্যতে একটি বড় কিছু হতে পারে। এই নাটকে যাঁরা কাজ করছেন, তাঁরা সবাই বিভিন্ন দলের সঙ্গে যুক্ত। এই যেমন আরণ্যক নাট্যদল, থিয়েটার আর্ট ইউনিট, প্রাচ্যনাট ও ঐকিক থিয়েটার। অভিনয়শিল্পী থেকে শুরু করে নাটকটির বিভিন্ন কাজের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের সবাইকে জড়ো করে একটা ভালো কাজ নামানোই ছিল বড় চ্যালেঞ্জ। আমি মনে করি, রেপার্টরি থিয়েটারের জন্য নাটকটি খুব ইতিবাচক ভূমিকা রাখবে।আজকের প্রেক্ষাপটে নাটকটির গল্প কতটা প্রাসঙ্গিক বলে মনে করছেন?মূল ভাবনাটা কিন্তু নেওয়া হয়েছে শাহ্যাদ ফিরদাউসের লেখা একটি উপন্যাস থেকে। এমনিতেই তিনি খুব কম লিখেছেন। তবে যে কটি লিখেছেন, তা খুবই প্রাসঙ্গিক। শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস বর্তমান বিশ্ব অর্থনীতির ওপর লেখা। পুঁজি এখন কীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করছে, বাজার অর্থনীতি কীভাবে বিশ্বকে গ্রাস করেছে—এই ব্যাপারগুলো খুব সুন্দর ও সহজভাবে গল্পে তুলে ধরা হয়েছে। আমি তো মনে করি, এটা এ সময়েরই একটা গল্প।নাটকের সেটটা তো অন্য রকম। ...সেটটি তৈরি করেছেন শাহীনুর রহমান। তাঁকে গল্পের মূল ভাবনার ব্যাপারে একটি স্পষ্ট ধারণা দিয়েছিলাম। যেমন-এটি হতে পারে একটি দোকান, কোনো শোরুম, আবার যেন দেখে মনে হয় মহাকাশযান। আসলে অনেক বিষয় কাজ করেছে। আর তা-ই রাখার চেষ্টা করা হয়েছে।একই দিনে নাটকটির দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এর কারণ কী?প্রথমত, নাটকের বিষয়টি দর্শক বেশ ভালোভাবে নিয়েছে। আমরা চাই, আরও দর্শক নাটকটি দেখুক। দ্বিতীয়ত, নাটকটির দৈর্ঘ্য এক ঘণ্টার কিছু কম। যিনি সন্ধ্যা সাতটার প্রদর্শনী দেখতে পারেননি, তিনি ইচ্ছা করলেই রাত সোয়া আটটার প্রদর্শনীতে আসতে পারেন। এসব কারণেই দুটি প্রদর্শনী করা হচ্ছে।ঢাকার বাইরে এই নাটকের প্রদর্শনী করার কোনো পরিকল্পনা আছে?হ্যাঁ, যদি কোনো আমন্ত্রণ পাই, তাহলে অবশ্যই যাব। তবে চট্টগ্রামে আমরা নিজেদের উদ্যোগেই নাটকটির প্রদর্শনী করার পরিকল্পনা করেছি।