বিদ্যুৎ-সংকটে ওয়াসার ৩৫৪ পাম্পে স্বাভাবিক পানি উঠছে না
ঢাকার বিভিন্ন এলাকায় পানির সংকট
ঢাকায় প্রতিদিনই ওয়াসার পানির উৎপাদন কমছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওয়াসা হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতির জন্য ওয়াসা তীব্র বিদ্যুৎ-সংকটকে দায়ী করছে। ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুতের কাছে আমরা রীতিমতো অসহায়। যেসব পাম্পে জেনারেটর নেই, সেখানে বিদ্যুৎ না থাকলে পাম্প বন্ধ হয়ে যায়। এতে পানির উৎপাদন কমে যায়। এখানে বিদ্যুৎ না থাকলে তো করার কিছু নেই।’ খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীতে প্রতিদিন এখন ২২০ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। বিদ্যুতের সমস্যা না থাকলে স্বাভাবিকভাবে পানির উৎপাদন হয় ১৯৫ কোটি থেকে ১৯৯ কোটি লিটার। কিন্তু দীর্ঘ লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে গত শনিবার পানির উৎপাদন ছিল মাত্র ১৮৮ কোটি লিটার। কর্মকর্তারা জানান, বিদ্যুতের সমস্যায় বর্তমানে ঢাকা ওয়াসার তিন শতাধিক গভীর নলকূপের উৎপাদন প্রায়ই বন্ধ থাকছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চারটি পানি শোধনাগার ছাড়াও ভূগর্ভস্থ পানি উত্তোলনের জন্য ওয়াসার ৫৫৯টি গভীর নলকূপ বা পাম্প রয়েছে। গতকাল পর্যন্ত ওয়াসার ১০টি অঞ্চলের পাঠানো তথ্য থেকে জানা গেছে, ওয়াসার ৫৫৯টি পাম্পের মধ্যে বিদ্যুৎ-সংকটের কারণে এই মুহূর্তে ৩৫৪টি পাম্পে স্বাভাবিকভাবে পানি উঠছে না। উৎপাদন কমছে: পাম্প বন্ধ থাকায় পানির উৎপাদনও প্রতিদিন কমে যাচ্ছে। ওয়াসা সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই ঢাকায় উৎপাদিত পানির পরিমাণ ছিল ২০১ কোটি লিটার এবং সর্বশেষ ৩১ জুলাই উৎপাদন ছিল ২০৬ কোটি লিটার। গত ৩ আগস্ট ঢাকায় পানির উৎপাদন হয়েছে ১৯৮ কোটি লিটার, ৪ আগস্ট ১৯৬ কোটি লিটার এবং ৫ আগস্ট পানির উৎপাদন ছিল ১৯১ কোটি লিটার। এই হিসাব অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে তিন দিনে পানির উৎপাদন কমেছে সাত কোটি লিটার। আর গত ৩১ জুলাই ও গত ৫ আগস্টের পানির উৎপাদন থেকে দেখা যায়, এই পাঁচ দিনে ঢাকায় পানির উৎপাদন কমেছে ১৫ কোটি লিটার। বিভিন্ন এলাকায় পানিসংকট: সরেজমিনে গত তিন দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে তীব্র পানিসংকটের অভিযোগ পাওয়া গেছে। আজিমপুরে চৌধুরীবাজার শাহী মসজিদসংলগ্ন এলাকার লালবাগ রোড, সুবল দাস রোড, কাশ্মীরিটোলা লেন ও শেখ সাহেব বাজারের বাসিন্দারা জানান, দুই দিন ধরে সকালে শুধু পানি থাকে, এরপর সারা দিন-রাত আর পানি থাকে না। কাশ্মীরিটোলা লেনের ১২/৩ নম্বর বাসার বাসিন্দা আশরাফ উদ্দিন বলেন, সকালে কিছুক্ষণ পানি থাকে, এরপর সারা দিন ও রাতে আর পানির দেখা মেলে না। পাশেই শেখ সাহেব বাজার ৩৫ নম্বরের বাসিন্দা আজাহারুল ইসলাম ও ফারজানা ইসলাম অভিযোগ করে বলেন, ‘অনেক দিন ধরেই পানির সমস্যা আছে। কিন্তু গত দুই সপ্তাহ একটু পানি পাই না। এই যন্ত্রণা সহ্য হয় না।’ একই রকম সংকট আছে কেল্লার মোড়, নবাবগঞ্জ, নগরবেলতলী লেন, চার নম্বর হরমোহন শীল স্ট্রিট, রসুলপুর, খাজে দেওয়ান প্রথম লেন, নাজিমউদ্দিন রোড, আলী নকীর দেউড়ি, বক্শীবাজার ও দায়রা শরিফ মাজার এলাকা এবং আজিমপুর কলোনির একাংশ। এ ছাড়া মিরপুরের সেনপাড়াপর্বতা, মোহাম্মদপুরের বাঁশবাড়ী রোড, শ্যামলী রিং রোডের দক্ষিণাংশসহ বেশ কয়েকটি এলাকায় পানির সংকট আছে। আজিমপুর এলাকার ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর আশরাফ আলীও একই অভিযোগ জানিয়ে বলেন, ‘পানি নিয়ে স্থানীয় বাসিন্দারা এতই দুশ্চিন্তাগ্রস্ত যে, পানির জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে ওয়াসাকে দেওয়া হয়েছে। ওয়াসা বিদ্যুৎ সমস্যা ও পাম্প বন্ধ থাকার কথা বলছে।’ এ ব্যাপারে ওয়াসার বিভিন্ন অঞ্চলের নির্বাহী প্রকৌশলীরাও জানান, এ মুহূর্তে ১০টি অঞ্চলের প্রায় অর্ধশতাধিক এলাকায় পানিসংকটের অভিযোগ আছে। ওয়াসা কার্যালয়ে প্রতিদিন নতুন নতুন এলাকা থেকেও পানিসংকটের অভিযোগ আসছে। সংকটপ্রবণ এলাকায় ওয়াসার পানিবাহী গাড়ি দিয়ে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।পুরান ঢাকায় চাঁদনীঘাট: ওয়াসার মডস জোন-২-এর ওয়াটার ওয়ার্কস অবস্থিত চাঁদনীঘাটে। এখানে উৎপাদিত পানি পুরান ঢাকার বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করে থাকে। স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহে ওয়াটার ওয়ার্কস এখানে প্রতিদিন দুই কোটি লিটার পানি উৎপাদন হয়। কিন্তু দুই দিন ধরে টানা বিদ্যুৎ না থাকায় গতকাল পানির উৎপাদন ছিল মাত্র এক কোটি ২০ লাখ লিটার। ওয়াটার ওয়ার্কসের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল হক বলেন, বিদ্যুৎ না থাকলে জেনারেটরবিহীন পাম্পগুলো অচল হয়ে যায়। এতে পানির সংকট হয়। রমজানে বিশেষ ব্যবস্থা: ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, রমজান মাসে পরিস্থিতি সামাল দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ ব্যাপারে উপব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন। উপব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, রমজানে ওয়াসার অভিযোগ কেন্দ্র সারা রাত খোলা থাকবে, যেখানে পানির সংকট সেখানে ভ্যানে পানির ট্যাংকি রাখা হবে। ভ্রাম্যমাণ একটি দলও সার্বক্ষণিকভাবে পানি সরবরাহ করবে। পাম্পগুলো ২৪ ঘণ্টা সচল রাখার একটি উদ্যোগ নেওয়া হবে। এ ব্যবস্থায় কোথাও তীব্র সংকট হবে না। এতে আতঙ্কিত হওয়ার কিছু থাকবে না।