ঢাকার মঞ্চে আশা ভোঁসলে ও রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মঞ্চে গান করবেন উপমহাদেশের দুই প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁসলে ও রুনা লায়লা। ৯ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইটারনাল আশা লাইভ ইন ঢাকা’ নামের এক কনসার্ট আয়োজনে গাইবেন দুই দেশের এই দুই কিংবদন্তি। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ম্যাকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান এক মঞ্চে দুজনের গান করার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনুষ্ঠানে পুরো দুই ঘণ্টা গান করবেন আশা ভোঁসলে। আর অনুষ্ঠানে একসঙ্গে শুধু একটি গানেই অংশ নেবেন তাঁরা দুজন।আশা ভোঁসলের সঙ্গে ঢাকার আর্মি স্টেডিয়ামে আরও গান করবেন সুদেশ ভোঁসলে। ঢাকার এই কনসার্টে অংশ নিতে আশা ভোঁসলের সঙ্গে আসবেন ২০ জনের বাদ্যযন্ত্রীর একটি দল।এদিকে কনসার্টের ভেন্যু নির্ধারণ সম্পর্কে রাবেত খান বলেন, ‘আমাদের সব কাজই সুন্দরভাবে এগোচ্ছে। প্রয়োজনীয় অনেক কাজ এরই মধ্যে করা হয়ে গেছে। বাকি আয়োজন দু-এক দিনের মধ্যে শেষ করা হবে। তিনি বলেন, এ ছাড়া বিভিন্ন টিভি, রেডিও ও পত্রিকায় অনুষ্ঠানের নিয়মিত বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।’ঢাকায় আশা ভোঁসলে গানের অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে রাবেত খান জানিয়েছেন, ‘বাংলাদেশে আশা ভোঁসলের ভক্তকুলের অভাব নেই। আমাদের ইচ্ছা আছে এসিডে আক্রান্ত কিংবা ক্যানসার রোগীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান পরিদর্শন করানোর। তবে এ ক্ষেত্রে সবকিছু তাঁর ইচ্ছার ওপরই নির্ভর করছে।’রাবেত খান আরও বলেন, ‘কয়েক মাস আগে ব্যক্তিগত কাজে দুবাই গিয়েছিলাম। সে সময় দুবাইয়ে রিয়ালিটি কুরুক্ষেত্রের শুটিং চলছিল। তখনই আশা ভোঁসলের সঙ্গে বাংলাদেশের কনসার্টটির ব্যাপারে আলাপ হয়।’আর্মি স্টেডিয়ামে ‘ইটারনাল আশা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টের বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। কনসার্টে প্লাটিনাম টিকিটের মূল্য রাখা হয়েছে ২০ হাজার টাকা, গোল্ড পাঁচ হাজার, সিলভার তিন হাজার ও গ্যালারি দুই হাজার টাকা। উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠানটি গত বছরের ১৮ ফেব্রুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রায়ান এডামসের কনসার্টের আয়োজন করেছিল।