ঢাকার মঞ্চে কঞ্জুসের নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চায়নের নতুন রেকর্ড গড়ল লোক নাট্যদলের জনপ্রিয় নাটক কঞ্জুস। গতকাল শনিবার দেশে প্রথমবারের মতো কোনো নাটকের ৬০০তম মঞ্চায়ন হলো শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। ফরাসি নাট্যকার মলিয়েরের কমেডি ‘দ্য মাইজার’ অবলম্বনে কঞ্জুস নাটকে রূপান্তর করেছেন তারিক আনাম খান ও নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী। গতকাল নাটকের শুরুতেই কলাকুশলীদেরকে দলের পক্ষ থেকে ৬০০তম মঞ্চায়নের বিশেষ স্মারক পদক দেওয়া হয়।নাটকের কেন্দ্রীয় চরিত্র ৬০ বছরের হাড়কিপ্টে বুড়ো হায়দার আলী খান। তাঁর ছেলে কাজিম আলী ও কন্যা লাইলী বেগম। লাইলী ভালোবাসে তাদের ভৃত্য বদি মিঞাকে। শুধু প্রেমের কারণেই নিজের পরিচয় গোপন করে বদি মিঞা হায়দার আলী খানের বাড়িতে চাকরের কাজ নেয়। অন্যদিকে ছেলে কাজিম প্রেমে পড়ে পাশের এলাকার মর্জিনার সঙ্গে। কিন্তু সমস্যা বাধে তখন, যখন কঞ্জুস হায়দার আলী ছেলের প্রেমিকাকে বিয়ে করার মনোবাঞ্ছা প্রকাশ করেন। হাস্যরসাত্মক এ নাটকে একপর্যায়ে দেখা যায়, হায়দার আলী খান তাঁর ছেলের বিয়ে ঠিক করেন এক বিধবার সঙ্গে এবং যৌতুকের টাকা বাঁচানোর চিন্তায় মেয়ে লাইলীর জন্য পাত্র ঠিক করেন তাঁরই বন্ধু ৫০ বছর বয়সী আসলাম বেগের সঙ্গে। ঘটনায় নাটকীয়তা সৃষ্টি হয়, যখন মাটির নিচে লুকিয়ে রাখা তাঁর পাঁচ লাখ টাকা চাকর লাল মিঞা চুরি করে কাজিমের হাতে তুলে দেয়। হায়দার আলী পুলিশের কাছে নালিশ জানান। ঘটনাস্থলে উপস্থিত হন আসলাম বেগ। পরিশেষে জানা যায়, লাইলীর প্রেমিক বদি মিঞা ও কাজিমের প্রেমিকা মর্জিনা প্রকৃতপক্ষে আসলাম বেগেরই সন্তান। অর্থাৎ হায়দার ও আসলাম দুজনই ছেলের প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছিলেন।কঞ্জুস পুরান ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবন ও সংস্কৃতির ভিত্তিতে রূপান্তরিত, যারা উর্দু ও বাংলা ভাষার মিশ্রণে এক বিশেষ ধারায় কথা বলে। তাদের জীবনধারার আবহ তৈরি করার জন্য এ নাটকে পুরোনো দিনের জনপ্রিয় সব হিন্দি গান ব্যবহূত হয়েছে। মানুষের কপটতা, ভণ্ডামি, লোভ, মিথ্যা মর্যাদাবোধ প্রভৃতি বিকার ও বিচ্যুতিকে সুনিপুণভাবে কৌতুকরসাশ্রিত করে তুলে ধরা হয়েছে নাটকে, যা আমাদের সামাজিক ও পারিবারিক জীবনের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। কঞ্জুসের ৬০০তম প্রদর্শনীতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেবুন্নেসা সোবহান, জিয়াউদ্দিন শিপন, রুবেল শংকর, মাসুদ সুমন, আবদুল্লাহ মাহমুদ, আবু বকর বকশী, আজিজুর রহমান, শামিমা ইসলাম, মাহবুব রাব্বী, আলিফ শরীফ, খাদিজা মোস্তারী প্রমুখ।পদকপ্রাপ্ত চার গুণীজনকে উদীচীর সংবর্ধনাএক মঞ্চে চার গুণীজন। তাঁদের মধ্যে এবার একুশে পদক পেয়েছেন করুণাময় গোস্বামী, ইনামুল হক ও মামুনুর রশীদ এবং বাংলা একাডেমী পদক পেয়েছেন আখতার হুসেন। গতকাল শনিবার বিকেলে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই চার গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই ফুল ছিটিয়ে তাঁদের বরণ করে নেন উদীচীর শিল্পীরা। উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ তাঁদের নিয়ে মঞ্চে আসেন। এরপর তাঁদের উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে হাতে পদক তুলে দেওয়া হয়।উদীচীর শিল্পীরা সমবেত কণ্ঠে ‘ও আলোর পথের যাত্রী’, ‘আহ্বান শোনো আহ্বান’ গান দুটি পরিবেশন করেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বললেন, উদীচী অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েও নিজেদের আন্দোলন চালিয়ে গেছে। তাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।কবি মহাদেব সাহা বলেন, ‘এই চারজনই তাঁদের যোগ্যতার বিবেচনায় উপযুক্ত পদক পেয়েছেন। দেশের মানুষ এই চার ব্যক্তির মাধ্যমে আরও অনেক দিন উপকৃত হবে।অনুষ্ঠানে পদক পাওয়া চার গুণী তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। আলোচনা পর্বের পর গুণীদের প্রিয় কবিতা ও গান পরিবেশন করেন শিল্পীরা।