ঢাকার মহানগর দায়রা জজের ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সরকারি অনুমোদন ছাড়া অভিযোগ আমলে নেওয়ায় অনিচ্ছাকৃত ভুলের জন্য হাইকোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার এ-সংক্রান্ত ব্যাখ্যায় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলায় আসামিদের জামিন আবেদন শুনানিকালে ১২ নভেম্বর হাইকোর্ট ওই আইনে করা এক মামলায় অভিযোগ আমলে নেওয়ার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজকে ব্যাখ্যা জানাতে বলেছিলেন। সেইসঙ্গে সাত পুলিশ কর্মকর্তাকে ২৬ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।রাষ্ট্রপক্ষ দায়রা জজের ব্যাখ্যা আদালতে দাখিল করেন। সাত পুলিশ কর্মকর্তাও আদালতে হাজির হন। আদালত পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। ৫ ডিসেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে।আদালতে জামিনের আবেদনকারীদের পক্ষে আইনজীবী কুমার দেবুল দে এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ ও আসাদুজ্জামান।পরে গাজী মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগর দায়রা জজ জবাব দিয়েছেন। ১১৭টি মামলা অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১৩ নভেম্বর আইন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরও পাঠানো হয়েছে।