ঢাকার মহাসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মহাসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিলেন বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। আবার সরকারকে সফলতা প্রমাণের সময় দেওয়ার কথাও বললেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে দেশ পরিচালনা করতে পারে না, এটা জনগণকে বোঝাতে চাই। আগে জনগণ বুঝুক। এ জন্য আন্দোলন কর্মসূচি দেই না।’গতকাল বুধবার বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়, এরা ব্যর্থ। তাই এদের হটাতে ১৯ মে ঢাকার মহাসমাবেশ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। আবার তিনি এও বলেন, ‘সরকার থাকতে পারবে যদি তারা দেশ ও জাতির স্বার্থে কাজ করে, দুর্নীতি কমায়, বিদেশি রাষ্ট্রের তাঁবেদারি বন্ধ করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারে।’দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অব্যাহত সন্ত্রাস, খুন, সীমান্তে হত্যা, চাঁদাবাজি, জনদুর্ভোগ, দেশবিরোধী চুক্তি ও শেখ হাসিনার মিথ্যাচারের প্রতিবাদে বিভাগীয় শহরে খালেদা জিয়ার সফর কর্মসূচির অংশ হিসেবে গতকাল এ মহাসমাবেশ হয়। এ উপলক্ষে গতকাল দুপুর থেকেই বরিশাল মহানগরে বঙ্গবন্ধু উদ্যানে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা নানা ধরনের বাদ্যযন্ত্র আর বাঁশির তালে নেচে গেয়ে, ছোট-বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। বিকেল চারটায় খালেদা জিয়া সমাবেশস্থলে পৌঁছানোর আগেই পুরো মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম হয়। বরিশালে মহানগর বিএনপিতে অন্তর্দ্বন্দ্ব থাকায় সমাবেশে অপ্রীতিকর ঘটনা এড়াতে জিয়াউর রহমান, খালেদা ও তারেকের নামে ছাড়া অন্য কোনো নেতার নামে স্লোগান দেওয়ার ওপর দলের পক্ষ থেকে নিষেধ করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার। অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, সালাউদ্দিন কাদের চৌধুরী, সারোয়ারী রহমান, সহসভাপতি সেলিমা রহমান, আলতাফ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন। বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রায় এক ঘণ্টার বক্তব্যে বিএনপির চেয়ারপারসন রাষ্ট্র পরিচালনায় সরকারের নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বর্তমান নির্বাচন কমিশনকে ‘নির্লজ্জ কমিশন’ হিসেবে আখ্যায়িত করেন।বর্তমান বিদ্যুৎ-সংকটকে আওয়ামী লীগের সৃষ্ট কৃত্রিম সংকট বলে দাবি করে খালেদা জিয়া বলেন, নিজেদের লোকদের বিনা দরপত্রে কাজ দিতে সরকার এ সংকট সৃষ্টি করেছে। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারের এই কাজের অংশ হয়ে কোথাও স্বাক্ষর করবেন না। আগামীবার আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। বিএনপি ক্ষমতায় আসলে এই কাজের তদন্ত হবে, মামলা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ খালেদা জিয়া ভারত থেকে বিদ্যুৎ আমদানির সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশের বিদ্যুতের চাবি ভারতের হাতে তুলে দিতে এই কাজ করা হচ্ছে।’ তিনি বলেন, এই সরকার কেবল লুটপাট করছে। তাদের নেতা স্বাধীনতার পর দেশ শাসন করতে গিয়ে একটি চোরের খনি পেয়েছিলেন। সেই খনি থেকে এখনো চোর বেরোচ্ছে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ওই সরকারের দায়দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে। ওই সরকারের ভূত আওয়ামী লীগ সরকারের মধ্যেও আছে। এদের তাড়াতে হবে। তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সব সময় অবৈধ সরকারের সঙ্গে তলে তলে হাত মিলিয়ে কাজ করে কেবল নিজেদের স্বার্থ উদ্ধার করে।’ বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, সরকার নিজ দলের কর্মীদের অপকর্মকে প্রশ্রয় দিচ্ছে। আর বিএনপির নেতাদের গুপ্তহত্যা করা হচ্ছে। তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘আপনারা নৌকায় ভোট দেন। আর আওয়ামী লীগ আপনাদের ওপর নির্যাতন করে। আপনারা ধানের শীষে ভোট দিন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।’