ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল চালু হবে
ঢাকা মহানগরের যানজট নিরসনে উত্তরা থেকে সায়েদাবাদ পর্যন্ত মেট্রোরেল চালুর উদ্যোগ নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।যোগাযোগ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, রুটটি উত্তরা থেকে শুরু হয়ে টিএসসি-দোয়েলচত্বর-তোপখানা রোড-শাপলাচত্বর-কমলাপুর হয়ে সায়েদাবাদে শেষ হবে। প্রস্তাবিত রুটে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশ মাটির নিচ দিয়ে প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত মেট্রোরেলের রুটটি হবে এলিভেটেড। পরে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।আজ সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে বাংলাদেশে সফররত জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ছয় সদস্যের সঙ্গে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান বা এসটিপির আওতায় মাস র্যাপিড ট্রানজিটের লেইন-৬ বা মেট্রোরেলের বিষয়ে আলোচনায় এসব কথা জানানো হয়। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।সভা শেষে যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার এ বছরে সব প্রস্তুতি শেষ করে ২০১২ সালে মেট্রোরেলের কাজ শুরু করতে চায়। মেট্রোরেলের নির্মাণকাজের উল্লেখযোগ্য অংশ সরকারের মেয়াদকালে শেষ করা হবে।মন্ত্রী বলেন, মেট্রোরেল নির্মাণে প্রয়োজন হবে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার। প্রয়োজনীয় পরিমাণ অর্থ অনুদান কিংবা সফট-লোন হিসেবে জাপান সরকার থেকে পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।