ঢাকার যানজটের কারণ বিগত সরকারগুলোর অদূরদর্শিতা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতের সরকারগুলোর অদূরদর্শিতার কারণেই আজ ঢাকা শহরে যানজট ভয়াবহ রূপ ধারণ করেছে। তিনি আজ মঙ্গলবার সকালে বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ সব মিলিয়ে সাড়ে নয় বছর ক্ষমতায় ছিল। বাকি ৩০ বছর যেসব সরকার দেশ পরিচালনা করেছে, তারা ঠিকমতো পরিকল্পনা করলে এবং সেগুলোর বাস্তবায়ন করলে আজ ঢাকায় এ রকম যানজট হতো না। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ঢাকার যানজট দূর করার জন্য সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ঢাকার যানজট দূর করার জন্য আশপাশের জেলা শহরের সঙ্গে কমিউটার রেল ও নৌব্যবস্থা গড়ে তুলবে। যেন আশপাশের জেলা শহরগুলো থেকে মানুষ ঢাকায় না থেকেই প্রতিদিন এসে চাকরি ও অন্যান্য কাজ করে আবার বাড়ি ফিরে যেতে পারে। এতে ঢাকার ওপর জনসংখ্যার চাপও অনেক কমে যাবে বলে তিনি মনে করেন। এর পাশাপাশি ঢাকার চারপাশে চারটি স্যাটেলাইট শহর গড়ে তোলা এবং পুরো শহরে আরও ছয়টি উড়ালসেতু নির্মাণ বর্তমান সরকারের পরিকল্পনায় রয়েছে বলে তিনি জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাংগস ভবন ভাঙার সময় নিহত শ্রমিকদের স্মরণ করে বলেন, অতীতে যে সরকার এই জায়গায় অবৈধভাবে ভবন তৈরির অনুমতি দিয়েছে, ওই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায়দায়িত্ব তার ওপরও বর্তায়। তিনি বলেন, ১৯৬২ সালে তত্কালীন ডিআইটির পরিকল্পনায় এই স্থান দিয়ে রাস্তা তৈরির কথা ছিল। অতীতে একটি সরকার একজন ব্যবসায়ীকে এই জায়গায় ভবন তৈরির অনুমতি দিয়ে অন্যায় করেছে।বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক নির্মাণের প্রাক্কলিত ব্যয় ১২২ কোটি টাকা হলেও সড়কটি নির্মাণে ১১৪ কোটি টাকা ব্যয় হওয়ায় এর নির্মাণ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা রাজউককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বেঁচে যাওয়া এই আট কোটি টাকার সঙ্গে কিছু টাকা যোগ করে তা বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য ব্যয় করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।এক হাজার ৪০০ মিটার দীর্ঘ এই সংযোগ সড়ক নির্মাণে আনুষঙ্গিক ব্যয়সহ মোট খরচ হয়েছে ১১৪ কোটি টাকা। এর মধ্যে মূল সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে চার কোটি পাঁচ লাখ টাকা, উড়ালসেতু তৈরিতে খরচ হয়েছে প্রায় ৪৯ কোটি টাকা। বাকি অর্থ ব্যয় হয়েছে যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাঁদের ক্ষতিপূরণ দিতে ও ভূমি উন্নয়নের কাজে। এক হাজার ৪০০ মিটার দীর্ঘ এই সড়কে নির্মিত উড়ালসেতুটির দৈর্ঘ্য ৬৬৯ মিটার। ৬০ ফুট চওড়া সড়কটির দুপাশে রয়েছে পাঁচ ফুট প্রশস্ত ফুটপাত এবং মাঝখানে আছে একটি দুই ফুট চওড়া ডিভাইডার। সড়কটিতে যান চলাচলের জন্য রয়েছে দুই লেনবিশিষ্ট ৪৮ ফুট চওড়া রাস্তা।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানের সভাপতিত্বে সড়ক উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান ও রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা। এ ছাড়া অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ ঢাকার অন্যান্য সাংসদ উপস্থিত ছিলেন।