ঢাকার রাজপথে মিছিল সমাবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বানুমতি ছাড়া রাজধানীর রাস্তায় মিছিল-সমাবেশসহ যান চলাচলে বিঘ্ন ঘটায়—এমন সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার তাঁর ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা দেন। মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, রমজান মাসে যানজটের কারণে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়। তাই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঈদ পর্যন্ত অতি প্রয়োজনীয় কোনো বিষয় ছাড়া রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।এদিকে ডিএমপির এই নিষেধাজ্ঞা দেওয়ার আগেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো রাজপথে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে ২৬ আগস্ট কোকোর সাময়িক মুক্তির আদেশ (প্যারোল) বাতিলের প্রতিবাদে বিএনপি ঢাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে। একই দাবিতে আগামীকাল বুধবার যুবদলের কর্মসূচি রয়েছে। তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে রমজানের মধ্যে ছাত্রদলেরও কর্মসূচি আছে।পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরে রাস্তার তুলনায় যানবাহনের আধিক্যের কারণে যানজট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ বিভিন্ন কৌশল ও পেশাগত জ্ঞান প্রয়োগের মাধ্যমে রাতদিন কঠোর প্রচেষ্টা চালিয়ে যানজট কমাতে সচেষ্ট। রাস্তায় মিছিল, সমাবেশ, শোভাযাত্রা করলে যানজট প্রকট হয়। রমজান মাসে এ সমস্যা যাতে প্রকট না হয়, সে জন্য ঢাকার প্রধান সড়ক ও রাস্তায় পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের মিছিল, সমাবেশ, শোভাযাত্রা বা এমন কোনো কর্মসূচি যা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় এবং যানজট বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।