ঢাকার রাস্তাঘাটের জন্য মেয়রকে দুষলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় আসার পরপরই তিনি ব্যক্তিগতভাবে ঢাকা সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা বলে তাঁকে নগরের রাস্তাঘাট মেরামতের কথা বলেছিলেন। কিন্তু এর পরও এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। আজ শনিবার ডেমরাঘাটে সুলতানা কামাল সেতু উদ্বোধনকালে রাজধানীর রাস্তাঘাটের দুরবস্থার কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর কাজ সময়মতো শেষ করতে তদারকিতে জোর দেওয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘কার্যাদেশ দেওয়া হলেই সব কাজ শেষ হয়ে যায় না। প্রতিটি কাজ সময়মতো শেষ করতে কাজের অগ্রগতি তদারকি করতে হবে।’সড়ক ও জনপথ বিভাগের সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও গোলাম দস্তগীর গাজী।শেখ হাসিনা বলেন, জনগণের কল্যাণে তাঁর সরকার প্রতিটি উন্নয়নকাজ নিয়মিত তদারক করছে। তিনি বলেন, দেশের সামগ্রিক ও সুষম উন্নয়নের স্বার্থে যোগাযোগ খাতের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য সড়ক, নৌ ও রেলপথের উন্নয়নের বিষয়ে সরকার বিশেষ প্রাধান্য দিচ্ছে বলে জানান হাসিনা।যেকোনো স্থাপনা তৈরির আগে বাধাহীন পানিপ্রবাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।ঢাকা শহরের বর্তমান শোচনীয় অবস্থার কথা বর্ণনা করে শেখ হাসিনা বলেন, উন্নয়নের নামে রাজধানী থেকে খাল, বিল ও জলাশয় নিশ্চিহ্ন করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহর ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। কাজেই উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার সময় অবশ্যই চিন্তা করতে হবে প্রাকৃতিক জলাশয় যেন নষ্ট না হয়।শেখ হাসিনা বলেন, সাবেক সরকার দেশে পাট খাত ধ্বংস করেছে। অথচ পাট ও পাটজাত দ্রব্য সম্পূর্ণ পরিবেশবান্ধব। তিনি বলেন, ‘আমি এখনো চিন্তা করে পাই না, বিএনপির নেতৃত্বাধীন সরকার কেন আদমজী পাটকল বন্ধ করে দিল? মাথা ব্যথা হলে কি ওষুধ না খেয়ে মাথাটাই কেটে ফেলতে হবে? কিন্তু এটাই ছিল তাদের নীতি।’পরে নামফলক উন্মোচন এবং মোনাজাতের মাধ্যমে প্রধানমন্ত্রী সুলতানা কামাল সেতু উদ্বোধন করেন। এরপর তিনি গাড়িতে করে সেতুটি ঘুরে দেখেন।৭৯ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে ডেমরাঘাটে শীতলক্ষ্যা নদীর ওপর এ সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটির দৈর্ঘ এক হাজার ৭২ মিটার এবং প্রস্থ ১০ মিটার। বাসস