রাজধানীর উত্তর বাড্ডায় তেলবাহী লরির চাপায় গতকাল রোববার বিকেলে দুজন শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁরা হলেন তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের শেষ পর্বের ছাত্র নাসিরউদ্দীন (২৭) ও নর্দান বিশ্ববিদ্যালয়ের বিবিএর প্রথম সেমিস্টারের ছাত্রী ইয়াসমিন আক্তার রিয়া (২২)।এর আগে গত ২৭ মে আজিমপুরে বাসচাপায় নিহত হন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র খন্দকার খানজাহান সম্রাট। এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইলে বাসচাপায় নিহত হয় পাঁচ বছরের স্কুলছাত্র হামিম শেখ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সোয়া চারটার দিকে প্রগতি সরণি (উত্তর বাড্ডা) ফুজি টাওয়ারের সামনে একটি তেলবাহী লরি রিকশাকে চাপা দিলে রিকশাযাত্রী এই দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁদের দুজনকেই পার্শ্ববর্তী বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। আর নাসিরউদ্দীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নাসিরউদ্দীনের ভাগনে তরিকুল জানান, নাসিরউদ্দীন রিকশায় করে টিউশনিতে যাচ্ছিলেন। ইয়াসমিন আক্তারের গৃহশিক্ষক নাসির।নাসির উত্তর বাড্ডার আদর্শনগরের ১ নম্বর সড়কের ২৮ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন। তাঁর বাবা মৃত আবদুল মজিদ। গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিলেবাড়ি কদমতলা গ্রামে।ইয়াসমিনের চাচা জালালউদ্দীন জানান, নাসিরউদ্দীন কয়েক বছর থেকেই ইয়াসমিনকে পড়ান। গতকাল ইয়াসমিনের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে বনানীর বিশ্ববিদ্যালয় থেকে গৃহশিক্ষক তাঁকে বাসায় নিয়ে আসছিলেন। ইয়াসমিনের বাবা ইদ্রিস আলী মোটর পার্টসের ব্যবসায়ী।গতকাল রাতেই বাড্ডায় পারিবারিক কবরস্থানে ইয়াসমিনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। আর নাসিরউদ্দীনের লাশ নিয়ে যাওয়া হয়েছে তাঁর গ্রামের বাড়িতে।