ঢাকার রাস্তায় পরিবেশবান্ধব গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইব্রিডের এ সময়ে হাইব্রিড ফুলকপি-বাঁধাকপি থেকে শুরু করে হাইব্রিড শসা-টমেটো—সবকিছুর সঙ্গেই নগরবাসী কমবেশি পরিচিত। তাই বলে হাইব্রিড গাড়ি! হ্যাঁ, এবার এ নগরের রাস্তায় চলবে হাইব্রিড গাড়ি। পরিবেশবান্ধব এ হাইব্রিড গাড়ি একই সঙ্গে জ্বালানি এবং ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুতে চলবে। এর ফলে নগরের বাতাসে কার্বন নির্গমনের পরিমাণ কমবে। সেই সঙ্গে কমবে গাড়ির জ্বালানি খরচ। নগরবাসীর জন্য এ গাড়ির ব্যবস্থা করেছেন জাপানের দুই গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা ও হোন্ডার এ দেশীয় আমদানিকারকেরা।ইতিমধ্যেই পরিবেশবান্ধব এ গাড়ি দুটি বেশ কয়েকটি দেশে আলোড়ন সৃষ্টি করেছে। জন্মভূমির গণ্ডি পেরিয়ে বাংলাদেশে এসেছে টয়োটার প্রিয়াস ও হোন্ডার সিভিকের হাইব্রিড গাড়ি। গাড়িগুলো ব্রেক করা হলেই গাড়ির সিটের নিচে রাখা বাড়তি একটা ব্যাটারি আপনা-আপনিই চার্জ হবে।টয়োটা গাড়ির বাংলাদেশের ডিলার নাভানা গ্রুপের বিপণন কর্মকর্তা লুৎফুল করিম জানান, টয়োটা প্রিয়াস এ মাস থেকেই ক্রেতাদের সরবরাহ করা হবে। গাড়িটি শুধু উচ্চবিত্ত ক্রেতাদের জন্যই আনা। ১৮০০ সিসির টয়োটা প্রিয়াসের সঙ্গে বৈদ্যুতিক মোটর যোগ হওয়ার ফলে এটি সার্ভিস দেয় একটি ২৪০০ সিসি গাড়ির সমান। পাঁচ সিটের এ গাড়ির দাম পড়বে ৪৭ লাখ টাকা।টয়োটা প্রিয়াস সম্পর্কে তিনি জানান, এটি পুরোপুরি হাইব্রিড গাড়ি। কারণ, টয়োটা প্রিয়াস গাড়িতে তেল না থাকলে শুধু ব্যাটারি ব্যবহার করেও গাড়ি স্টার্ট দেওয়া যায়। জ্বালানি খরচও কমবে। কারণ এ গাড়িটি প্রতি লিটারে চলে ৩০ কিলোমিটার। হোন্ডার হাইব্রিড গাড়ি সিভিক সম্পর্কে হোন্ডার সার্ভিস ম্যানেজার রাজকুমার পাল জানান, চলন্ত অবস্থায় গাড়িটি জ্বালানির পাশাপাশি ব্যাটারির সঞ্চিত শক্তিতেও চলবে বলে জ্বালানি খরচ কম হবে। ১৩৩৯ সিসির হোন্ডা সিভিকও ব্যাটারি কাজে লাগিয়ে একটি ১৮০০ সিসির সমপরিমাণ শক্তি দেবে। চার সিটের এ গাড়িটির বাজারমূল্য ২৮ লাখ টাকা। পরিবেশবান্ধব এ গাড়িটি এক লিটার তেলে যায় ২১ কিলোমিটার। লাল-সাদা-কালোসহ বেশ কয়েকটি রঙেই পাওয়া যাবে প্রিয়াস ও সিভিক। তবে ঢাকার রাস্তায় যে পরিমাণ যানজট, তাতে দুইটার যেকোনো একটি কিনলেই জ্বালানি খরচ বেঁচে যাবে অনেক। কারণ হিসেবে হোন্ডার প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘গাড়ি যখন জ্যামে আটকা থাকবে, তখন তো আর জ্বালানি খরচ একেবারেই হবে না। পুরো গাড়িই তখন ব্যাটারি দিয়ে চলবে। পরিবেশ বাঁচিয়ে, খরচ কমিয়ে যদি গাড়ি চালানো যায়, তাহলে মন্দ কী।