ঢাকার শীর্ষ সন্ত্রাসী বাবু গোয়ালন্দে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্বরুপারচক গ্রামের বাসিন্দারা মানসিক রোগী মনে করে গত সোমবার রাতে এক যুবককে পুলিশে দিয়েছেন। পরে ওই যুবককে ছাড়িয়ে নিতে পুলিশকে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দেন তাঁর এক আত্মীয়। একপর্যায়ে যুবকের আসল পরিচয় বের হয়ে আসে। তিনি রাজধানী ঢাকার মিরপুর এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান বাবু ওরফে বেঙ্গা বাবু (৩৫)।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. নাজমুল নিশাত প্রথম আলো ডটকমকে জানান, গত সোমবার সন্ধ্যার পর অপরিচিত এক যুবকের অস্বাভাবিক আচরণ দেখে মানসিক রোগী ভেবে স্বরুপারচক গ্রামের লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে থানায় নিয়ে আসেন। ওসি জানান, গতকাল মঙ্গলবার সকালে বেঙ্গা বাবুর ভাই পরিচয় দিয়ে এক ব্যক্তি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তদবির শুরু করেন। এরপর গণমাধ্যম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা পুলিশ ও র্যাব কার্যালয় থেকে খোঁজখবর শুরু হয়। দ্রুত রাজবাড়ীর পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বেঙ্গা বাবু সাতটি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে রাজবাড়ীতে তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।শীর্ষ সন্ত্রাসী বাবুকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, বাবু ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাহাদতের ঘনিষ্ঠ সহযোগী। তিনি শাহাদতের হয়ে চাঁদা আদায়সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি জানান, রাজধানীর মিরপুরে গুলি করে চাঁদাবাজির ঘটনায় বাবুর বিরুদ্ধে মামলা আছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। এরপর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁর রিমান্ডের জন্য আবেদন করা হবে। রাজধানীর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, বাবু তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ আটটি মামলা এবং বেশ কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) আছে।