ঢাকার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকাংশ জেলা থেকে গতকাল শুক্রবার ঢাকার উদ্দেশে কোনো যানবাহন ছাড়েনি। এতে ঢাকায় সমাবেশে আসতে পারেননি হেফাজতে ইসলামের অনেক কর্মী-সমর্থক। এ ছাড়া কোথাও কোথাও তাঁরা কিছু গাড়ি ভাড়া করে রওনা হলেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা সড়কপথে না আসতে পেরে অনেকে রওনা হন নদীপথে।ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁদপুর: গতকাল ভোর থেকে চাঁদপুরের সঙ্গে ঢাকার সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল। চাঁদপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান জানান, গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার আশঙ্কায় চালকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন।তবে চাঁদপুর থেকে ঢাকামুখী নৌপথের সব লঞ্চ যথানিয়মে চলছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা মো. শাহনেওয়াজ। সকাল আটটা থেকে সব কটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে চাঁদপুর ছেড়েছে বলে জানায় নৌ পুলিশ।বাস না পেয়ে বৃহস্পতিবার রাত ও গতকাল সকাল থেকে শত শত মাদ্রাসাশিক্ষক ও ছাত্র লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।কুমিল্লা: কুমিল্লার বাসমালিকেরা জানান, সহিংসতার আশঙ্কায় গতকাল সকালের পর থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়েনি। তবে এশিয়া লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রব প্রথম আলোকে বলেন, ‘সরকারি নির্দেশে ৪৮ ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’এর পরও হেফাজতে ইসলামের কুমিল্লার নেতা-কর্মীরা সুয়াগাজী থেকে ভোরেই হেঁটে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে পৌঁছান। সেখান থেকে কয়েকটি মিনিবাস, ছোট পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন।হেফাজতে ইসলামের কুমিল্লার সদস্য গোলাম জিলানী বলেন, ‘রাতের মধ্যেই সব নেতা-কর্মী ঢাকায় গিয়ে পৌঁছাবেন। পরিবহন না দিলেও আমরা ঠিকই লংমার্চ করে পৌঁছাব।’দৌলতদিয়া-পাটুরিয়া: দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী বাস চলাচল না করায় দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ গতকাল সকাল থেকে অচল হয়ে পড়ে। উভয় ঘাটে ফেরিগুলো যানবাহনের অপেক্ষায় থাকলেও কিছু ট্রাক ও ছোট গাড়ি পার করা ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক তানভির হোসেন জানান, ১০টি ফেরি থাকলেও পারাপারের জন্য কোনো পরিবহন নেই।সূর্যমুখী পরিবহনের ঘাট প্রতিনিধি আক্তার হোসেন জানান, মালিকপক্ষের নির্দেশে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী সব গাড়ি শুক্রবার ভোর থেকেই বন্ধ রয়েছে।দুপুরে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, দীর্ঘক্ষণ পর পর অল্প কিছু যাত্রী নিয়ে দু-একটি লঞ্চ ছাড়ছে। একটি লঞ্চের কর্মচারী মাহবুব হোসেন জানান, সকাল নয়টার পর থেকে ঘাটে কোনো যাত্রী নেই। রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার রাতেই পরিবহন মালিক সমিতির নেতারা বাস না চালানোর নির্দেশ দিয়েছেন।মাওয়া-কাওড়াকান্দি: ঢাকা-খুলনা মহাসড়কের মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গতকাল সকাল থেকেই লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ ছিল। পরিবহনের অভাবে দুপুর থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। তবে মাঝেমধ্যে ট্রাকসহ ছোট ছোট যান নিয়ে দু-একটি ফেরি চলাচল করে। ঘাট এলাকায় মোতায়েন ছিলেন নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।সকালে কাওড়াকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকামুখী দক্ষিণাঞ্চলের হাজার হাজার সাধারণ যাত্রী ও হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা ঘাটে অপেক্ষা করছেন। হেফাজতে ইসলামের বরিশাল জেলার দপ্তর সম্পাদক মুফতি সুলতান মাহমুদ বলেন, পুলিশ প্রশাসনের বাধার কারণে হেফাজতে ইসলামের অনেক সদস্য ঘাটে এসে বসে আছেন। নৌযানের অভাবে পার হতে পারছেন না।খুলনা থেকে আসা সুমাইয়া আক্তার বলেন, ‘অসুস্থ মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছি। কিন্তু সকালে ঘাটে এসে আটকা পড়ি। লঞ্চ ও ফেরি চলাচল না করায় পার হতে পারছি না।’বগুড়া: শুক্রবার সকালে ঢাকায় যাওয়ার জন্য যারা পরিবহনের টিকিট কিনেছিল, কাউন্টারে আসার পর তাদের জানানো হয় যে গাড়ি বন্ধ। ফেরত দেওয়া হয় টিকিটের টাকা। এসআর পরিবহনের ব্যবস্থাপক ঝন্টু মিয়া জানান, মালিক সমিতির নির্দেশে তাঁরা গাড়ি ছাড়ছেন না। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল জানান, নাশকতার আশঙ্কায় তাঁরা দূরপাল্লার বাস বন্ধ রেখেছেন।কুষ্টিয়া: কুষ্টিয়া ও মেহেরপুর থেকেও ঢাকাগামী দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ ছিল। গতকাল সকালে কয়েকটি পরিবহন ছাড়লেও সকাল ১০টার পর কোনো পরিবহন ছাড়েনি। কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন জানান, নিরাপত্তাজনিত কারণে পরিবহন বন্ধ রাখা হয়েছে।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম জানান, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।হেফাজতে ইসলামের চুয়াডাঙ্গা জেলার মুখপাত্র জুনায়েদ আল হাবিবি অভিযোগ করেন, পরিবহন-মালিকেরা আকস্মিকভাবে গাড়ি সরবরাহ বন্ধ করে দেওয়ায় লংমার্চ বাধাগ্রস্ত হয়েছে। তবে নেতৃত্বস্থানীয় কয়েকজন মুফতিসহ অনেক সদস্য আগেই ঢাকায় ও আশপাশের জেলায় পৌঁছে গেছেন।সাতক্ষীরা: গতকাল সাতক্ষীরা থেকে ঢাকাগাগমী সব যাত্রীবাহী বাস বন্ধ ছিল। হেফাজতে ইসলামের সাতক্ষীরা জেলার সমন্বয়ক মাওলানা মনিরুল হক জানান, ঢাকাগামী গাড়ি বন্ধ করে দেওয়ায় তাঁরা লংমার্চে যোগ দিতে ঢাকায় যেতে পারছেন না।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল বিশ্বরোড মোড় থেকেও কোনো যাত্রীবাহী বাস গতকাল ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। সকাল ১০টার পর দূরপাল্লার সব টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়।নাটোর: হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা খুব সকালেই বাস ও ট্রাকে করে ঢাকার উদ্দেশে রওনা হন। কিন্তু নাটোর পুলিশ লাইনের সামনে বাস, ট্রাকসহ সব পরিবহনে তল্লাশি চালিয়ে তাঁদের নামিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় কর্মী-সমর্থকেরা তাৎক্ষণিক পুলিশ লাইনের সামনেই নাটোর-ঢাকা মহাসড়কে বসে পড়ে প্রতিবাদ জানান। পুলিশ সেখান থেকে তাঁদের উঠিয়ে দিলে পরে তাঁরা শহরের ভবানীগঞ্জ মোড়ে বিক্ষোভ মিছিল করেন।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ বাস আটকে দেওয়ার কথা স্বীকার করলেও কেন আটকে দিয়েছেন, তা জানাননি।এদিকে বৃহস্পতিবার রাতেই নাটোর স্টেশন থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট দেওয়া বন্ধ রাখা হয়।দিনাজপুর: গতকাল জুমার নামাজের পর দুটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন হেফাজতে ইসলামের প্রায় দেড় শ কর্মী-সমর্থক। কিন্তু দিনাজপুর মেডিকেল কলেজ মোড়ে বাস দুটিকে থামিয়ে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।হবিগঞ্জ: হেফাজতে ইসলামের কাছ থেকে নেওয়া অগ্রিম গাড়িভাড়া ফেরত দিয়েছেন হবিগঞ্জের পরিবহন ব্যবসায়ীরা। হেফাজতে ইসলামের জেলা শাখার সমন্বয়ক মাওলানা আবু সালেহ বলেন, ‘আমরা প্রায় ২০০ পরিবহন ভাড়া করেছিলাম। কিন্তু আজ (গতকাল) গাড়ি ভাড়া দেওয়া হবে না বলে জানান পরিবহন-মালিকেরা।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসমালিক বলেন, ‘প্রথমে না বুঝে অগ্রিম ভাড়া নিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে তাঁদের আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই গাড়ি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’