ঢাকার সঙ্গে ১১ জেলার বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সঙ্গে উত্তরের ১১ জেলার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আশ্বাস ও গতকাল সোমবার রাতে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। আজ থেকে ঢাকার সঙ্গে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও রংপুর বিভাগের আট জেলার বাস চলাচল শুরু হয়েছে। তবে বগুড়া-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ থাকবে। এদিকে বগুড়া-মহাখালী রুটে বাস চলাচল নিয়ে অচলাবস্থা কাটাতে বগুড়া ও মহাখালীর নেতাদের নিয়ে সিরাজগঞ্জ বা বঙ্গবন্ধু সেতু এলাকায় প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও উভয় পক্ষের অনাগ্রহের কারণে তা ভেস্তে গেছে। বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলো ডট কমকে বলেন, মহাখালী টার্মিনালের মালিক-শ্রমিকদের সঙ্গে বঙ্গবন্ধু সেতু বা সিরাজগঞ্জে সমঝোতা বৈঠকে বসতে প্রশাসনের পক্ষ থেকে বগুড়ার মালিক-শ্রমিক নেতাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু নেতারা এতে সাড়া দেননি। তবে নৌপরিবহনমন্ত্রীর আশ্বাস এবং প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বগুড়া-গাবতলী রুটে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বগুড়া-মহাখালী রুটে বাস চলাচল নিয়ে আজ রাতে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে জয়পুরহাটে বৈঠকে বসার কথা রয়েছে।বগুড়া-মহাখালী রুটে শাহ ফতেহ আলী নামে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল দুটি বাস চালু নিয়ে বগুড়ার বাস মালিক-শ্রমিকদের সঙ্গে মহাখালী বাস মালিক-শ্রমিকদের সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে বগুড়ার বাস মালিক-শ্রমিকেরা গত শনিবার রাত থেকে ঢাকার সঙ্গে ১১ জেলার বাস চলাচল বন্ধ করে দেন।