পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ, দুর্ভোগ
ঢাকার সঙ্গে ৯ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল
একে একে সাতটি ফেরি নদীতে আটকা পড়ায় মানিকগঞ্জের পাটুরিয়া হয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ নয় ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। এতে পদ্মা ও যমুনা নদীর ঠিক সংযোগস্থল বরাবর দুই তীরে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে কয়েক শ যানবাহন যাত্রীসহ আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।নাব্যতাসংকটের কারণে দৌলতদিয়া ঘাটের কাছে নৌযান চলাচলকারী চ্যানেলে ফেরিগুলো আটকা পড়ে। গতকাল শনিবার সকাল সাতটা থেকে একে একে ফেরিগুলো আটকা পড়ে ঘাটের কাছের চ্যানেলে। আর ফেরিগুলো পর্যায়ক্রমে সরিয়ে ধারণক্ষমতার অর্ধেক যানবাহন নিয়ে আবার বিকেল পৌনে চারটায় চলাচল শুরু হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবহনমালিকদের অনুরোধ করে গাবতলী থেকে সারা দিন বাস ছাড়া বন্ধ রাখায় ঘাটমুখী যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুর্যা কুমার সাহা জানান, ফেরি চলাচলের জন্য দৌলতদিয়া ঘাটের কাছে একটিমাত্র সরু চ্যানেল রয়েছে। সর্বোচ্চ ৫০০ ফুট দীর্ঘ ওই চ্যানেলে পানি রয়েছে সাড়ে পাঁচ থেকে ছয় ফুট। পূর্ণ বোঝাই দিয়ে স্বাভাবিকভাবে একটি ফেরি চলতে পানির প্রয়োজন সাত থেকে আট ফুট। দৌলতদিয়া চ্যানেলে ওই পরিমাণ পানি না থাকায় ফেরিগুলো বারবার আটকে যাচ্ছে।বিদ্যুর্যা কুমার জানান, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে পাটুরিয়া ও দৌলতদিয়া চ্যানেলের কাছে ড্রেজিং করা হচ্ছে। কিন্তু এর পরও চ্যানেলের কোনো উন্নতি হচ্ছে না। তীব্র স্রোতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে।বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল হাসান জানান, পদ্মা ও যমুনা নদীতে দ্রুত পানি কমতে থাকায় গত সোমবার পাটুরিয়ায় দুটি ও দৌলতদিয়ায় তিনটি ড্রেজার দিয়ে ঘাটের কাছে চ্যানেলের খননকাজ শুরু করা হয়। কিন্তু ফেরির ধাক্কায় ড্রেজারের পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজের গতি কিছুটা কমেছে। এ সময়েই স্রোতের টানে বালু আসায় চ্যানেল দুটি আরও সরু হয়ে যায়।চ্যানেলের নাব্যতাসংকট দূর না হওয়ায় যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিকেল পৌনে চারটা থেকে ধারণক্ষমতার অর্ধেকের কম যানবাহন নিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, পদ্মা ও যমুনা নদীর পানি কমে যাওয়ায় ১৫ দিন ধরে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের কাছে সরু চ্যানেল দিয়ে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে সোমবার থেকে চ্যানেল দুটিতে ড্রেজিং করে গভীরতা বাড়ানোর চেষ্টা করা হয়।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্র জানায়, শনিবার ভোর চারটার দিকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি কেরামত আলী পাটুরিয়ার উদ্দেশে দৌলতদিয়া ঘাট ছাড়ার পর চ্যানেলের মুখে আটকা পড়ে। এর প্রায় দুই ঘণ্টা পর পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় যাওয়ার পথে একই স্থানে আটকা পড়ে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে সংস্থার উদ্ধারকারী জাহাজ আইটি-৩৯৮-এর সাহায্যে সকাল সাড়ে আটটার দিকে ঘাটে ফিরিয়ে আনা হয় কেরামত আলীকে। আটকা পড়া ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে উদ্ধার করা হয় সকাল ১০টায়। এরপর পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি শাহ মখদুম, শাহ আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আমানত শাহ ও হামিদুর রহমান দৌলতদিয়া চ্যানেলের মুখে পর্যায়ক্রমে আটকা পড়ে। এসব ফেরিতে আটকা পড়ে প্রায় ১০০ যানবাহন আর বিপুলসংখ্যক যাত্রী।সূত্র জানায়, এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটে নোঙর করতে বাধ্য হয় ফেরি খানজাহান আলী, কেরামত আলী ও ফেরি শাহজালাল। দৌলতদিয়ায় যাওয়ার উদ্দেশে পাটুরিয়া ঘাটে আটকে থাকে ফেরি শাহ পরান ও ফেরি কুমারী। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উদ্ধারকারী জাহাজ দিয়ে চ্যানেলের মুখে আটকে থাকা ফেরিগুলোকে উদ্ধার করার পর পৌনে চারটায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।গতকাল সকালে সরেজমিনে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে মানুষের অবর্ণনীয় দুর্ভোগ চোখে পড়ে। ফেরিতে আটকে থাকা যাত্রীদের অনেকেই ফেরির ডেকে ঘুমিয়ে পড়ে। কেউ বা সময় কাটিয়েছে পত্রিকা পড়ে। সবার চোখে-মুখে ছিল কষ্ট আর বিরক্তির ছাপ। কেউ কেউ ক্ষোভও প্রকাশ করছিল।পটুয়াখালীর খেওয়াপাড়া থেকে ঈগল পরিবহনের বাসে ঢাকায় ফিরছিলেন রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির ছাত্র হুসাইন মোহাম্মদ ইলিয়াস। শুক্রবার রাত আটটার দিকে তাঁদের বাসটি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে পৌঁছে যানজটে পড়ে। মধ্যরাতে বাসটি ফেরি খানজাহান আলীতে ওঠার সুযোগ পেলেও ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিতেই রাত কাটাতে হয় তাঁকে। চ্যানেলের মুখ থেকে ফেরি সরানোর পর গতকাল দুপুর দেড়টার দিকে তাঁদের বহনকারী ফেরিটি এপারে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছাড়ে।একই রকম দুর্ভোগের শিকার হয় কয়েক শ যাত্রী। ফেরি নয় ঘণ্টা বন্ধ থাকলেও এসব যাত্রীর পথে কাটাতে হয় ১৫ থেকে ২০ ঘণ্টা।কয়েকজন যাত্রী অভিযোগ করেন, যানজট টপকে দ্রুত পারাপারের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করেছে কয়েকটি পরিবহন। টাকা দিয়েও দ্রুত নদী পার হতে না পারার কারণে যাত্রীদের হাতে লাঞ্ছিতও হন বেশ কটি পরিবহনের সুপারভাইজাররা।বাসযাত্রী শাহনেওয়াজ আমিনসহ কয়েকজন জানান, দ্রুত ঢাকায় পৌঁছে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে ১৫০ টাকার স্থলে সাড়ে ৩০০ টাকা ভাড়া আদায় করা হয়। কিন্তু ঘাটে পৌঁছে বাসের সুপারভাইজার পালিয়ে যান।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান জানান, চ্যানেলের নাব্যতাসংকট দূর না হওয়ায় যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে গতকাল পৌনে চারটা থেকে অর্ধেকেরও কম যানবাহন নিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।ফেরির মাস্টাররা অভিযোগের সুরে বলেন, পরিকল্পিত ও সুষ্ঠুভাবে ড্রেজিং করা না হলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে বিপর্যয় নেমে আসতে পারে।তবে বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল হাসান বলেন, পরিকল্পিতভাবেই ড্রেজিং করা হচ্ছে। নদীর পানি দ্রুত কমায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।রমজানের আগেই খননযন্ত্র পৌঁছেছিল: বিআইডব্লিউটিএর দায়িত্বশীল সূত্র জানায়, প্রতিবছর এ সময় চ্যানেলটি খননের প্রয়োজন পড়ে এবং সেই অনুযায়ী খনন করাও হয়। কারণ, এ সময় নদীর পানিতে টান পড়ে। এবারও রোজা শুরুর আগেই সেখানে খননকাজের জন্য বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ের সিদ্ধান্তে পাঁচটি এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি খননযন্ত্র পাঠানো হয়। কিন্তু বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ যথাসময়ে খনন শুরু করেনি। তাই এই অবস্থার সৃষ্টি হয়েছে।এ বিষয়ে জানতে গত রাতে ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুকুর রহমানের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।