ঢাকার সব পাঠ্যবই ছাপা হলেও হিসাব মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মফস্বল পর্যায়ে মাধ্যমিকের প্রায় সব শিক্ষার্থী বিনা মূল্যের বই পেয়েছে। কিন্তু ঢাকা মহানগর ও জেলায় শুক্রবার পর্যন্ত সাড়ে ছয় লাখেরও বেশি বই বিতরণ করা হয়নি। মোট চাহিদা ছিল প্রায় ২০ লাখ। এসব বই ছাপা হলেও হিসাব মিলছে না।শিক্ষা কর্তৃপক্ষ ধারণা করছে, রাজধানীর একটি বিদ্যালয়ে রাখা কিছু বই চুরি হয়েছে। এ ছাড়া বিভিন্ন উপায়ে বিনা মূল্যে বিতরণের বই বাজারে চলে গেছে। কয়েক দিন ধরে রাজধানীতে বিনা মূল্যের বই কিনতে পাওয়া যাচ্ছে।উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নোমান উর রশীদকে গত বৃহস্পতিবার থেকে বই বিতরণের দায়িত্ব দিয়েছে। শিক্ষা বিভাগের সর্বোচ্চ এই কর্মকর্তা এখন ঢাকা জেলা শিক্ষা কার্যালয়ে বই বিতরণে তদারকি করছেন। আর এ দায়িত্বে অবহেলার অভিযোগে গত বুধবার ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা শিক্ষা কার্যালয়ের আরও কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে। এসব কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে বই দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করার অভিযোগ রয়েছে।শিক্ষা কর্তৃপক্ষের কাছে এমনও অভিযোগ রয়েছে, নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান বই পায়নি বা পেলেও আংশিক পেয়েছে। আবার অখ্যাত, এমনকি নিয়ম অনুযায়ী পাওয়ার যোগ্য নয় এমন প্রতিষ্ঠান অর্থ দিয়ে বই নিয়ে গেছে। এ কারণে বিতরণে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ভারসাম্যহীনতা। পর্যাপ্ত বই থাকলেও শুধু বিতরণে একটু দুর্বলতার কারণেই রাজধানীতে বইয়ের সংকট সৃষ্টি হয়েছে।গতকাল শুক্রবার ছুটির দিনেও মহাপরিচালকের নেতৃত্বে শিক্ষা কর্মকর্তারা রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করেন। গত বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত রাজধানীতে এক দিনে সোয়া দুই লাখ বই বিতরণ করা হয়। এ প্রসঙ্গে মহাপরিচালক নোমান উর রশীদ বলেন, একটি বড় অর্জন কিছু ব্যক্তির জন্য ম্লান হওয়ার উপক্রম হয়েছে। এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। মহাপরিচালক আরও বলেন, রাজধানীতে বইয়ের যেটুকু সংকট আছে, আগামী চার দিনের মধ্যে তা দূর করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যথেষ্ট বই থাকলেও বিতরণে কিছুটা সমস্যা হয়েছে এবং এ সমস্যার জন্য এনসিটিবি নয়, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় দায়ী।’বড় ১০ স্কুল সব বই পায়নি: বিভিন্ন পর্যায় থেকে অভিযোগের ভিত্তিতে শিক্ষা কর্তৃপক্ষ রাজধানীর বড় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে খোঁজ নিয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কিছু বই পাওয়ার কথা জানিয়েছেন। জানা গেছে, যে শিক্ষার্থীর ১১টি বই পাওয়ার কথা, সে সাতটি পেয়েছে। যার সাতটি পাওয়ার কথা, সে চারটি বই পেয়েছে। এসব স্কুল হচ্ছে ভিকারুননিসা নূন, মতিঝিল আইডিয়াল, মতিঝিল মডেল, মতিঝিল সরকারি বালক, মতিঝিল সরকারি বালিকা, উত্তরা হাইস্কুল, ধানমন্ডি বয়েজ, আজিমপুর গার্লস, আরমানিটোলা ও মাইলস্টোন স্কুল।শিক্ষা কর্তৃপক্ষ সূত্র জানায়, বড় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কয়েকবার বলা হলেও বই নিতে কেউ যোগাযোগ করেনি। এসব বিদ্যালয় এখন ভর্তি নিয়েই বেশি ব্যস্ত।তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রধান শিক্ষক জানিয়েছেন, শিক্ষা বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী এমন ব্যবহার করেন, বিনা মূল্যের বই যেন তাঁরা দয়া করে দিচ্ছেন। আজ না কাল, এখন না তখন—এটা করে তাঁরা শিক্ষকদের হয়রানি করেন। এ ছাড়া একবারে সব বই দেন না।সাড়ে ছয় লাখ বই কোথায় গেল: জানুয়ারির শেষ ভাগে এসে রাজধানী ও ঢাকা জেলার পাঁচটি থানায় সাড়ে ছয় লাখ বইয়ের হিসাব মিলছে না। গতকাল শুক্রবার পর্যন্ত ঢাকা মহানগর ও জেলায় বইয়ের চাহিদা রয়েছে সাড়ে ছয় লাখ। কিন্তু এনসিটিবির কাছে জেলা শিক্ষা কার্যালয়ের পাওনা আছে মাত্র ৯৫ হাজার বই। বাকি প্রায় সাড়ে পাঁচ লাখ বইয়ের হিসাব মিলছে না। এর মধ্যে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ে কিছু বই আছে, কিন্তু ওই সংখ্যা লাখ দুয়েকের বেশি নয়।এনসিটিবির বই বিতরণ কর্মসূচি দেখভালে বিশেষ দায়িত্বপ্রাপ্ত রতন সিদ্দিকী বলেন, রোববারের মধ্যে এসব বইয়ের হিসাব পরিষ্কার হবে।সরকারের ক্ষতি পাঁচ কোটি ৮৫ লাখ টাকা: ঢাকা জেলা শিক্ষা কার্যালয় থেকে প্রয়োজন না থাকলেও দশম শ্রেণীর ১১ লাখ ৭১ হাজার ৩৪৭টি বই ছাপার চাহিদা দেয়। এর পরিপ্রেক্ষিতে এনসিটিবি এসব বই ছেপেছে। কিন্তু চূড়ান্ত হিসাব করতে গিয়ে দেখা যাচ্ছে, এই বই ছাপার কোনো প্রয়োজন ছিল না, কারণ দশম শ্রেণীতে আলাদা বই দেওয়া হয় না। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা একই বই পড়ে থাকে।জানা যায়, জেলা শিক্ষা কার্যালয় এই বইয়ের হিসাব দিলেও এনসিটিবি তা খতিয়ে দেখেনি। এমনকি নবম-দশম শ্রেণীর বই অষ্টম শ্রেণীর তুলনায় এত বেশি কেন, সেই প্রশ্ন কেউ তোলেনি। এখন ছাপার পর দেখা যাচ্ছে, সরকারের রাজস্ব বাজেট থেকে ক্ষতি হয়েছে পাঁচ কোটি ৮৫ লাখ টাকা।এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিটিবির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বইয়ে পরিবর্তন না হলে আগামী বছর হয়তো মলাট পরিবর্তন করে এসব বই চালিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু এত বড় অপচয়ের জন্য যে বা যাঁরা দায়ী, তাঁদের শাস্তি নিশ্চিত করা দরকার।এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন বলেন, জেলা শিক্ষা কার্যালয়ের চাহিদা অনুযায়ী বই ছাপা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই চাহিদা বাস্তবসম্মত কি না, তা এনসিটিবির দেখার কথা নয়।বই চুরি হয়েছে!: ঢাকা জেলা শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ে বই রাখা হয়েছিল। এখন বলা হচ্ছে, যত বই সেখানে রাখা হয়েছিল, তার চেয়ে কম রয়েছে। বিশেষ করে, বিদ্যালয় ভবনের দোতলায় ভাঙা জানালা দিয়ে বই চুরি হয়েছে বলে সদ্য বরখাস্ত হওয়া জেলা শিক্ষা কর্মকর্তা নজরদারি দলকে জানিয়েছেন। কিন্তু কত বই রাখা হয়েছিল এবং কতটা খোয়া গেছে, তার হিসাব গতকাল শুক্রবার পর্যন্ত পাওয়া যায়নি।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ গতকাল ওই বিদ্যালয় পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, কত বই ছিল এবং কত ঘাটতি হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ে ১৭ জানুয়ারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করা মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, বিদ্যালয় থেকে বই চুরি হওয়ার সুযোগ নেই। কারণ, এসব বই পুলিশ নিয়মিত পাহারা দেয় এবং বিদ্যালয় ভবনের কাছেই থানা অবস্থিত।বই বিতরণ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক রতন সিদ্দিকী বলেন, বই কম পড়ায় বেশ কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। তা হলো, সরকারি এত বিদ্যালয় থাকতে একটি বেসরকারি বিদ্যালয়ের জানালা না থাকা ভবনে বই রাখা হয়েছে কেন?কিন্ডারগার্টেন স্কুল বই পাবে? যেসব কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অনুমোদন নেই, সেগুলো বই পাবে কি না, সেটা এখনো স্পষ্ট নয়। তবে অনুমোদন থাকা সব প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী বিনা মূল্যে বই পাবে। কিন্তু বিক্রির জন্য বই ছাপার সিদ্ধান্ত এখনো নেয়নি এনসিটিবি।জানা যায়, সব কিন্ডারগার্টেনে বই দেওয়ার জন্য মোট ৮১ লাখ বই লাগবে বলে হিসাব বের করা হয়েছে। এ খাতে প্রয়োজন হবে আরও প্রায় ৫০ কোটি টাকা। সরকার নীতিগতভাবে এসব বই ছাপার সিদ্ধান্ত নিলেও তা চূড়ান্ত হয়নি। দরপত্র আহ্বান করে এসব বই দিতে চাইলে মার্চ পার হয়ে যাবে বলে আশঙ্কা রয়েছে। তা ছাড়া এ বই ছাপার জন্য প্রয়োজনীয় কাগজ এনসিটিবির গুদামে নেই।এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, অনুমোদন থাকা যেকোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বই পাবে এবং সারা দেশে প্রায় সব শিক্ষার্থী এরই মধ্যে বই পেয়ে গেছে। এর বাইরে কী করা হবে, সেই সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যে চূড়ান্ত হবে।এনসিটিবির চেয়ারম্যান বলেন, কিন্ডারগার্টেনে বইয়ের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নেবে। এনসিটিবি শুধু চাহিদা পেলে বই ছেপে দেবে।