ঢাকার স্বাদ
৪০০ বছরের পুরোনো রাজধানী শহর ঢাকায় ঐতিহ্যের কোনো কমতি নেই। ঢাকার আদি বাসিন্দারা তাঁদের পূর্বপুরুষের পরম্পরা আর ঐতিহ্যকে ধরে রেখেছেন গায়ের সফেদ সাদা পাঞ্জাবি কি লুঙ্গি, চোখে সুরমার আঁচড় কিংবা খাবারের বনেদিয়ানায়। কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, ঘিয়ে ভাজা জিলাপি থেকে শুরু করে সুস্বাদু বাখরখানি কিংবা মিষ্টি গন্ধের সরেস খিলিপান—সবই ঢাকার ৪০০ বছরের বনেদিয়ানার সঙ্গী। তারই এক ঝলকের দেখা মিলল কলাবাগান মাঠে। ঢাকা কেন্দ্রের আয়োজনে ‘টেস্ট অব ঢাকা’ শিরোনামে ঢাকার ঐতিহ্যবাহী নানা রকমের খাবার নিয়ে আয়োজন করা হয়েছিল এক খাদ্য মেলার। এ মেলায় দেখা মেলে ঢাকার বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খাবারের। একই ছাদের তলায় পাওয়া যায় সমগ্র ঢাকার স্বাদ।ঐতিহ্য আর পরম্পরায় পুরান ঢাকায় অন্য রকম নামডাক হাজির বিরিয়ানির। সেই ১৯৩৯ সাল থেকে কাঁঠালপাতার পোঁটলায় করে বিরিয়ানি পরিবেশন করে আসছেন তাঁরা। ২০১০ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এখনো সেই কাঁঠালপাতার ঠোঙায় করেই বিরিয়ানি ভোজনরসিকদের হাতে তুলে দিচ্ছেন হাজি সাহেবের ছেলে আর নাতিরা।তাঁরা মসজিদের সামনে থেকে হাজি নান্না মিয়ার দলবলও হাজির হয়েছিলেন তাঁদের মোরগ পোলাও, কাচ্চি আর ফিরনি নিয়ে। ছিল শামসের আলির খিচুড়ি আর হানিফের বিরিয়ানিও। স্বাদের পাল্লায় কেউ যে কারও চেয়ে কম যায় না, সেটা বেশ টের পাওয়া গেল ভোজনরসিকদের উপচে পড়া ভিড় দেখে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী নবাবি বাখরখানির দেখা মিলল মেলায়। তবে শুধু তৈরি বাখরখানি বিক্রি করা নয়, পুরো বাখরখানির কারখানাটাই তুলে এনেছিলেন তাঁরা। তন্দুরি বসানো হয়েছিল একটা। কারিগরেরা তার পাশে বসে হেলেদুলে সারাক্ষণ বানিয়ে চলছিলেন বাকরখানি। খদ্দেরেরা কিনবেন কী, হাঁ করে সবাই বাখরখানি বানানো দেখছিলেন ভিড় করে।শুধুই কি খাবার? পানীয়তেও কি পুরান ঢাকার ঐতিহ্য কম? তাই কোর্ট-কাচারির ভিড়ভাট্টা ছেড়ে মেলায় উঠে এসেছিল বিউটি লাচ্ছি। ব্লেন্ডার আর আধুনিক যন্ত্রপাতির যুগে এখনো তাঁরা দই, বরফকুচি আর চিনি-মধুর সিরা একসঙ্গে তামার পাত্রে নিয়ে কাঠের ঘুঁটনি দিয়ে ঘুঁটে ঘুঁটে লাচ্ছি তৈরি করে দেন।পুরান ঢাকার এসব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন ঢাকারও নামকরা প্রতিষ্ঠানগুলো এসে হাজির হয়েছিল এ মেলায়। ‘কড়াই গোশত’-এর লুচি, শিক কাবাব কিংবা ‘মালঞ্চ’-এর সুস্বাদু জিলাপিতে কামড় বসানোর সুযোগটাও মিলেছিল ভোজনরসিকদের। ২৩ ডিসেম্বর শুরু হওয়া এ মেলা গতকাল শেষ হয়ে গেলেও ঢাকাবাসীর মুখে মুখে লেগে রয়েছে খাবারের স্বাদ। এই স্বাদই ঢাকার ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলোতে টেনে নিয়ে যাবে তাঁদের।