নির্বাচন কমিশনের করা সংসদীয় আসনের প্রস্তাবিত (প্রাথমিক) সীমানা বিন্যাসে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৬টিই ভেঙেছে। প্রস্তাবিত বিন্যাস সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ উঠেছে। ঢাকার আটজন সাংসদও প্রস্তাবিত বিন্যাসের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশন ঢাকা-২ আসন (আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নির্বাচনী এলাকা) পুনর্বিন্যাস করতে গিয়ে ১৫টি আসনের সীমানা ভেঙেছে। তাঁরা নিজেদের আসনের বিদ্যমান সীমানা বহাল রাখতে কমিশনে আবেদন করেছেন। প্রস্তাবিত সীমানা বিন্যাস সম্পর্কে ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের সরকারের প্রভাবশালী একজন প্রতিমন্ত্রীর স্বার্থরক্ষা করে ঢাকার আসনের সীমানা বিন্যাসের প্রস্তাব করেছে। একজনের স্বার্থ রক্ষা করতে গিয়ে ১৫ জনের স্বার্থহানি করাটা অন্যায়।’তবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বর্তমানে ঢাকা-২ আসন সিটি করপোরেশনের কামরাঙ্গীরচরসংলগ্ন অংশ এবং বুড়িগঙ্গা নদীর ওপারের কেরানীগঞ্জ ও সাভার উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এ ধরনের আসন অযৌক্তিক। আমার এলাকার মানুষ সিটি করপোরেশনের অংশ রেখে নদীর ওপারের অংশ বাদ দিয়ে আসন গঠনের আবেদন করেছে। অন্য ১৫ আসনের সীমানা ভাঙার আবেদন তো কেউ করেনি। এখন কমিশন যেটা করেছে, সেটাও যৌক্তিক নয়।’ঢাকার বাইরে অন্য যেসব যসব জেলায় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে, সেগুলোতেও একই অবস্থা। নির্বাচনী আইনে বলা আছে, প্রতি আদমশুমারি প্রতিবেদন প্রকাশের পর আসনের সীমানা বিন্যাস করতে হবে। বিন্যাসে প্রশাসনিক ও আঞ্চলিক অখণ্ডতা, যোগাযোগব্যবস্থা ও জনসংখ্যার সমতার হিসাবকে যথাসম্ভব গুরুত্ব দিতে হবে। প্রস্তাবিত বিন্যাসে জনসংখ্যার হিসাব আমলে নেওয়া হয়নি। ফলে এক আসনের সঙ্গে অন্য আসনের ভোটারসংখ্যার ব্যবধান হয়েছে অস্বাভাবিক।বর্তমানে দেশের জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ। হালনাগাদ শেষে ভোটারসংখ্যা নয় কোটি ২১ লাখের মতো। এ হিসাবে আইন অনুযায়ী পাঁচ লাখের কম-বেশি জনসংখ্যা বা তিন লাখের কম-বেশি ভোটার নিয়ে একটি আসন গঠিত হওয়ার কথা। কিন্তু প্রস্তাবিত বিন্যাসে ঢাকা-১ আসনের ভোটারসংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫২ হাজার ৫১৭, ঢাকা-২-এ দুই লাখ ২৭ হাজার ৩৪, ঢাকা-৪ আসনে এক লাখ ৯৩ হাজার ২০২ জন। অন্যদিকে ঢাকা-১৯ আসনে ভোটারসংখ্যা আট লাখ দুই হাজার, ঢাকা-১২-তে পাঁচ লাখ ৩৬ হাজার, ঢাকা-৩-এ চার লাখ ৬৯ হাজার ৬৪, ঢাকা-১৩-তে চার লাখ ৬০ হাজার ৪১৪ জন। অর্থাৎ আসনবিন্যাসে জনসংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়নি।কমিশন গত ৬ ফেব্রুয়ারি আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া গেজেট আকারে প্রকাশ করে। এতে মোট ৮৪টি আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়। এ খসড়ায় ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলাকে আলাদা তিনটি আসনে (যথাক্রমে ঢাকা-১, ২ ও ৩) রূপ দেওয়া হয়েছে। বর্তমানে দোহার ও নবাবগঞ্জ নিয়ে ঢাকা-১ আসন। কেরানীগঞ্জের পাঁচটি ইউনিয়ন বাদে বাকি ইউনিয়ন, কামরাঙ্গীরচর থানা, হাজারীবাগ থানার সুলতানগঞ্জ এবং সাভার উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে ঢাকা-২ আসন। কমিশন সচিবালয় সূত্র এবং ঢাকার কয়েকজন সাংসদের সঙ্গে কথা বলে জানা গেছে, কামরুল ইসলাম ঢাকা-২ থেকে কেরানীগঞ্জ ও সাভারের অংশ বাদ দিতে মৌখিকভাবে কমিশনকে অনুরোধ করেন। তাঁর পক্ষে বেশ কিছু আবেদনও জমা পড়ে। কেরানীগঞ্জের সাবেক সাংসদ বিএনপি নেতা আমানউল্লা আমান পুরো কেরানীগঞ্জ উপজেলা নিয়ে একটি আসন করার আবেদন করেন। কমিশন এসব আবেদন অনুযায়ী খসড়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩, ২৫, ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ড এবং কামরাঙ্গীরচর ও হাজারীবাগের সুলতানগঞ্জ ইউনিয়ন নিয়ে নতুন করে ঢাকা-৪ আসন গঠন করেছে। এ জন্য ঢাকা-৭ আসনের সীমানা ভাঙতে হয়েছে। এই আসন থেকে ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ড ঢাকা-৪ আসনে নেওয়া হয়েছে। ঢাকা-৭-এ যুক্ত করা হয়েছে মিজানুর রহমান খানের ঢাকা-৬ আসনের ৩৪ ও ৩৭ নম্বর ওয়ার্ড।ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে বর্তমান ঢাকা-১৭ আসন। কিন্তু খসড়ায় এসব এলাকা তিন ভাগ করে ঢাকা-১২, ১৪ ও ১৬ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়ায় ঢাকা উত্তর সিটির ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১৭ আসন করা হয়েছে। এসব ওয়ার্ড নিয়ে বর্তমানে ঢাকা-১৬ আসন। ভাঙনের ধারাবাহিকতায় সীমানায় বড় পরিবর্তন এসেছে ঢাকা-৪, ৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫ ও ১৯ নম্বর আসনে, কম ভেঙেছে ঢাকা-৮ ও ১৮ নম্বর আসন। তবে সীমানা বহাল আছে ঢাকা-৫, ১২, ১৬ ও ২০ আসনের।কমিশন প্রস্তাবিত বিন্যাসের বিরুদ্ধে ১০ মার্চের মধ্যে আপত্তি জমা দিতে বলে। ওই সময়ের মধ্যে ৩৭৩টি আপত্তি জমা পড়ে। সর্বাধিক ৩৬টি আপত্তি জমা পড়ে ঢাকা-১৭ আসনের ব্যাপারে—এর মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিএনপি নেতা হান্নান শাহও রয়েছেন। ঢাকার অন্যান্য আসনের সীমানা বিন্যাসের বিষয়ে যাঁরা আপত্তি করেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন (ঢাকা-১৮), স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), রাশেদ খান মেনন (ঢাকা-৮), কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), মোস্তফা জালাল মহিউদ্দিন (ঢাকা-৭) এবং আসলামুল হক ও বিএনপির সাবেক সাংসদ এস এ খালেক (ঢাকা-১৪)।খসড়ায় অন্য কয়েকটি জেলাতেও এক আসনের সঙ্গে অন্য আসনের ভোটারসংখ্যার অস্বাভাবিক ব্যবধান তৈরি হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে: কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম। প্রস্তাবিত যশোর-৩ আসনে ভোটারসংখ্যা চার লাখ ৯৬ হাজার। কিন্তু যশোর-৪ আসনে ভোটার এক লাখ ৪৪ হাজার। টাঙ্গাইল-৫-এর ভোটারসংখ্যা চার লাখ ৮৬ হাজার, কিন্তু টাঙ্গাইল-৬-এ ভোটার দুই লাখ চার হাজার। ময়মনসিংহ-৩ আসনে দুই লাখ চার হাজার হলেও ময়মনসিংহ-৪ আসনে ভোটার পাঁচ লাখ চার হাজার।এসব জেলা থেকে উল্লেখযোগ্য যেসব মন্ত্রী-সাংসদ নিজেদের আসনের বিদ্যমান সীমানা বহাল রাখার আবেদন করেছেন, তাঁরা হলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার (পাবনা-২), স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক (পাবনা-১), হুইপ আবদুল ওহাব (যশোর-৬), আ হ ম মুস্তফা কামাল (কুমিল্লা-১০), নাছিমুল আলম চৌধুরী (কুমিল্লা-৮), জাতীয় পার্টির নাসিম ওসমান (নারায়ণগঞ্জ-৫) প্রমুখ।এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, এ দেশে উন্নয়ন বরাদ্দ হয়ে থাকে আসনের ভিত্তিতে। আসনের ভোটারসংখ্যার মধ্যে বেশি ব্যবধান থাকলে উন্নয়ন বৈষম্য তৈরি হয়। সে জন্য সীমানা বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার হিসাবটি আমলে নিতে হয়।প্রস্তাবিত সীমানা নিয়ে সাংসদদের আপত্তি সম্পর্কে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, কোনো বিশেষ ব্যক্তির স্বার্থরক্ষা করে আসন বিন্যাস করা হয়নি। আওয়ামী লীগ ও বিএনপির নেতারা যাঁর যাঁর সুবিধামতো কথা বলেন। তিনি বলেন, এবার প্রশাসনিক অখণ্ডতা এবং যোগাযোগব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ায় কিছু কিছু জায়গায় ভোটার কম-বেশি হয়েছে। এর বিরুদ্ধে যেসব আপত্তি এসেছে, সেগুলো শুনানিতে বিবেচনা করা হবে।