ঢাকার ৬৩ পৌরসভায় আজ ভোট গ্রহণ
ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভায় আজ সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই ৬৩টি পৌরসভায় মেয়র পদে ২৯৯ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৭৪৭ জন এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে সর্বোচ্চ ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন শেরপুরের নকলা পৌরসভায়। সাধারণ কাউন্সিলর পদে সর্বোচ্চ ১১৮ জন এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে সর্বোচ্চ ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ময়মনসিংহ পৌরসভায়।কমিশন সূত্র জানায়, ৬৩টি পৌরসভায় মোট ভোটার ১৯ লাখ ৯৬ হাজার ৪২৮ জন। এর মধ্যে নারী ভোটার ১০ লাখ চার হাজার ৫১৮ এবং পুরুষ ভোটার নয় লাখ ৯১ হাজার ৯১০ জন।নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য এই ৬৩টি পৌরসভায় ৭৩ জন নির্বাহী হাকিম নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিচারিক হাকিমেরাও দায়িত্ব পালন করবেন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, কাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের ৪৪টি এবং সিলেট বিভাগের ১৬টি পৌরসভায় ভোট গ্রহণ হবে।আরও পাঁচ পৌরসভায় সেনা ও বিডিআর: ঝুঁকি বিবেচনা করে আরও পাঁচ পৌরসভায় সেনাবাহিনী ও বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রোববার কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন প্রথম আলোকে এ তথ্য জানান।এই পাঁচ পৌরসভার মধ্যে টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও কুমিল্লার লাকসাম পৌরসভায় সেনাবাহিনী এবং কুমিল্লার দাউদকান্দি ও হোমনায় বিডিআর মোতায়েন করা হবে।সূত্র জানায়, নির্বাচনের আগমুহূর্তে এসব পৌরসভায় অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়ায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় মোতায়েন করা এক প্লাটুন সেনাসদস্য তিন ভাগ হয়ে পার্শ্ববর্তী ধনবাড়ী ও মধুপুর পৌরসভায় টহল দেবেন। কুমিল্লার নাঙ্গলকোটে মোতায়েন করা সেনাসদস্যরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে পার্শ্ববর্তী লাকসাম পৌরসভায়ও টহল দেবেন।প্রথম দফায় কমিশন দেশের তফসিল ঘোষিত ২৪৩টি পৌরসভার মধ্যে ৫৬টিতে সশস্ত্র বাহিনী ও ৫২টিতে বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে আরও ১৪টি পৌরসভায় সেনা ও বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।আটটি পৌরসভা ভ্রাম্যমাণ ভিত্তিতে পর্যবেক্ষণ করবে ডেমক্রেসিওয়াচ: ডেমক্রেসিওয়াচ ইলেকশন ওয়ার্কিং গ্রুপ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংস্থার ঢাকা ও স্থানীয় পর্যায়ের ৪০ সদস্যের আটটি ভ্রাম্যমাণ পর্যবেক্ষক দল আজ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ঢাকার সাভার ও ধামরাই; গাজীপুরের কালিয়াকৈর; ময়মনসিংহ জেলার ময়মনসিংহ ও মুক্তাগাছা; জামালপুর জেলার জামালপুর ও মাদারগঞ্জ এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচন ভ্রাম্যমাণ ভিত্তিতে পর্যবেক্ষণ করবে। ডেমক্রেসিওয়াচ এই আট পৌরসভার ৯৬টি কেন্দ্র পর্যবেক্ষণ করবে।ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ও ইলেকশন ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার তালেয়া রেহমান এক বিবৃতিতে বলেন, ইতিমধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ১২১টি পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।