ঢাকার ৬৩ পৌরসভায় ভোট গ্রহণ শেষ, গণনা শুরু
ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভায় আজ ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। এখন চলছে ভোট গণনা।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই ৬৩টি পৌরসভায় মেয়র পদে ২৯৯ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৭৪৭ জন এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে সর্বোচ্চ ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন শেরপুরের নকলা পৌরসভায়। সাধারণ কাউন্সিলর পদে সর্বোচ্চ ১১৮ জন এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে সর্বোচ্চ ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ময়মনসিংহ পৌরসভায়।কমিশন সূত্র জানায়, ৬৩টি পৌরসভায় মোট ভোটার ১৯ লাখ ৯৬ হাজার ৪২৮ জন। এর মধ্যে নারী ভোটার ১০ লাখ চার হাজার ৫১৮ এবং পুরুষ ভোটার নয় লাখ ৯১ হাজার ৯১০ জন।নির্বাচনী অপরাধের তাত্ক্ষণিক বিচারের জন্য এই ৬৩টি পৌরসভায় ৭৩ জন নির্বাহী হাকিম নিয়োগ করা হয়েছে। এ ছাড়া বিচারিক হাকিমেরাও দায়িত্ব পালন করছেন।