ঢাকার ৯ বাজারের কোথাও ফরমালিন পরীক্ষা হয় না
পুরান ঢাকার বাদামতলিতে ঢাকা মহানগর ফল আমদানি ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের আড়তের উল্টোদিকে লেখা—এটি একটি ‘ফরমালিনমুক্ত’ বাজার। গত ২৩ জুন সকালে গিয়ে তাঁর আড়তে দেশি-বিদেশি ফলের পাইকারি বেচাকেনা দেখা গেলেও ফরমালিন পরীক্ষা করতে দেখা গেল না। স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, ফরমালিন পরীক্ষার যন্ত্রটি সমিতির কার্যালয়ের ড্রয়ারেই থাকে। গত বছরের সেপ্টেম্বর থেকে গত এপ্রিল পর্যন্ত রাজধানীর নয়টিসহ দেশের মোট ১৩টি বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করে শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। রাজধানীর বাজারগুলো হলো মালিবাগ বাজার, শান্তিনগর বাজার, মহাখালী বাজার, গুলশান-২ বাজার, মোহাম্মদপুর টাউনহল বাজার, মিরপুর-১ বাজার, উত্তরা-৬ বাজার, কাপ্তানবাজার ও বাদামতলী ফলের আড়ত। ঢাকার বাইরের চার বাজার লালমনিরহাট, রংপুর, ময়মনসিংহ ও মানিকগঞ্জে। এফবিসিসিআই বাজারগুলোতে ফরমালিন পরীক্ষার যন্ত্র দিয়েছে। ‘ফরমালিনমুক্ত’ কাপ্তানবাজার, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, মহাখালী বাজার, উত্তরা ৬ নম্বর সেক্টর বাজার, বাদামতলী বাজার, মিরপুর ১ নম্বর বাজারে গিয়ে দেখা গেছে, বাজারগুলোতে ভোরে পাইকারি পণ্য আসে। খুচরা বিক্রেতারা মাছ ও ফলের পশরা সাজিয়ে বসে। আর ক্রেতারা পণ্য কেনেন। কোনো বাজারই কোনো পর্যায়েই ফরমালিন পরীক্ষার দৃশ্য চোখে পড়েনি। সাধারণ ক্রেতারা বড় ব্যানারে টাঙানো ‘ফরমালিনমুক্ত বাজার’ লেখার দিকে তাকিয়ে রীতিমতো উপহাস করেন। এই বাজারগুলো যে ফরমালিনমুক্ত হয়নি, সরকারি সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) তার প্রমাণও পেয়েছে। গত ২৭ এপ্রিল বাদামতলী বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। এর প্রায় এক মাস পর বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বাজারের ২০টি দোকানের তিনটি পণ্যে ফরমালিন পায়। তিনটি দোকানকে ৫০ হাজার করে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৩০০ কেজি আম ধ্বংস করা হয়। ‘ফরমালিনমুক্ত’ কাপ্তানবাজার কমিটিকে এফবিসিসিআইয়ের দেওয়া ফরমালিন পরীক্ষার যন্ত্রটি থাকে মাছ বাজারের পাশে তানিয়া স্টোরে। বাজারে গিয়ে দেখা গেল, তখন মাছ কেনাবেচা চলছে। ফরমালিন পরীক্ষা হয় কি না জানতে চাইলে, তানিয়া স্টোরের মালিক আফরোজ খান দাবি করেন, প্রতিদিন সকালে ফরমালিন পরীক্ষা করা হয়। তদারকি করেন কাপ্তানবাজার ব্যবসায়ী ফোরামের সভাপতি আবদুল মান্নান। সরেজমিনে গত ২৩ জুন সকালে বাজারে গিয়ে সকাল ছয়টা ৪৫ মিনিট থেকে নয়টা ১৫ মিনিট পর্যন্ত অবস্থান করে দেখা যায়, আড়তগুলোতে মাছ আসছে ও নিলামে বিক্রয় হচ্ছে। খুচরা বিক্রেতারা মাছ বিক্রয় করছেন পাশের খুচরা বাজারে। ফরমালিন পরীক্ষার কোনো কার্যক্রম দেখা গেল না। জানতে চাইলে ব্যবসায়ী ফোরামের সভাপতি আবদুল মান্নানও নিয়মিত ফরমালিন পরীক্ষার দাবি করেন। তবে বলেন, ‘মূলত ক্রেতার সন্দেহ বা অভিযোগ হলে পরীক্ষা করি। ফরমালিন থাকলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিই।’শান্তিনগর বাজার ফরমালিনমুক্ত ঘোষিত হয় গত বছরের ১ নভেম্বর। গত ২৪ জুন সকাল সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বাজারে অবস্থান করে দেখা গেল, ক্রেতা-বিক্রেতারা ব্যস্ত কেনাবেচায়। ফরমালিন পরীক্ষা কোনো কিছু নজরে এল না। মাছ বাজারের পাশে শান্তিনগর বাজার মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সিরাজুল ইসলাম জানান, এই বিষয়টি আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের সভাপতি হাবিবুর রহমান তদারক করেন। হাবিবুর রহমানের দাবি, ‘আমরা নিয়মিতভাবে পরীক্ষা করি। তবে পরীক্ষার লোক একজন হওয়ায় ঠিকভাবে হয় না। আরও কয়েকটি যন্ত্র ও পর্যাপ্ত লোক পেলে ভালোভাবে হবে।’ মালিবাগ বাজারে গত ২৬ জুন সকাল সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত অবস্থান করে দেখা যায়নি ফরমালিন পরীক্ষার কোনো আয়োজন। খোঁজ নিয়ে জানা যায়, ফরমালিন পরীক্ষার যন্ত্রটি থাকে মালিক সমিতির তত্ত্বাবধানে। বাজার মালিক সমিতির কার্যালয় তখন বন্ধ ছিল। রুই মাছ কিনে ফেরার পথে মালিবাগের বাসিন্দা তারেকুল হাসান বলেন, ‘নিয়মিত এখানে বাজার করি। ফরমালিন পরীক্ষা করতে দেখিনি।’ মাছ বিক্রেতা মো. সোহাগ বলেন, মাস তিনেক আগে একদিন ফরমালিনের পরীক্ষা হয়েছিল।’মহাখালী বাজার সরেজমিনে যাওয়া হয় গত ২৭ জুন বেলা সোয়া ১১টায়। বেলা একটা পর্যন্ত থেকে বাজারের কোথাও ফরমালিন পরীক্ষার যন্ত্রটি দেখা যায়নি। মহাখালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল গাফ্ফার বলেন, যন্ত্রটি সমিতির কার্যালয়ে আছে। লোকবল সংকটের কারণে নিয়মিত পরীক্ষা করা সম্ভব হয় না। এফবিসিসিআইয়ের দেওয়া প্রশিক্ষণও পর্যাপ্ত নয় বলে অনুযোগ করলেন তিনি। উত্তরা ৬ নম্বর সেক্টরের বাজারে গত ২৭ জুন দুপুর থেকে বিকেল পর্যন্ত থেকে ফরমালিন পরীক্ষার বিষয়টি দেখা যায়নি। যন্ত্রটি পাওয়া যায় আজমপুর উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্যপ্রয়োজনীয় দ্রবাদি ক্রেতা-বিক্রতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মনোনীত ব্যক্তি লালুর কাছে। লালুর দাবি, প্রতিদিন বাজারে মাছ আসার সময় ফরমালিন পরীক্ষা হয়। কিন্তু সদ্য মাছ কিনে ফেরা স্থানীয় বাসিন্দা মো. মাসুদ মিয়া বললেন, ‘এ ধরনের পরীক্ষা এ বাজারে হয় না। নিয়মিত এখানে বাজার করলেও ফরমালিন পরীক্ষার বিষয়টি দেখিনি।’ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিন পরীক্ষা হয় বাজারে মাছ ঢোকার সময়। এর পরও ক্রেতা অভিযোগ করলে দায়িত্বে থাকা বিল্লাল হোসেন বা লালু পরীক্ষা করে।’ জানতে চাইলে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের নেওয়া ফরমালিনমুক্ত বাজারের কার্যক্রম মূলত সচেতনতা তৈরির জন্য। সরকারি যথাযথ ব্যবস্থাপনা ছাড়া এ বিষয়ে সফলতা আনা সম্ভব নয়।’