ঢাকা, রাজশাহী, চাঁদপুর ও সিলেটে জামায়াত-শিবিরের সঙ্গে আবারও পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। জয়পুরহাটে গত সোমবার জামায়াত-শিবিরের সংঘর্ষে আহত যুবক বদিউজ্জামান গতকাল শনিবার ঢাকায় মারা গেছেন। রাজধানীর মিরপুরে বেগম রোকেয়া সরণিতে গতকাল বিকেলে জামায়াত-শিবিরের অতর্কিত হামলায় মিরপুর অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাইদুর রহমানসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের অন্তত ১১ জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজধানীতে পুলিশের ওপর হামলা: গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বেগম রোকেয়া সরণিতে রিকশাভর্তি কাঠ নিয়ে এক ব্যক্তি রাস্তার ভুল দিক দিয়ে যাচ্ছিল। এ সময় টহল পুলিশ পিকআপ থেকে নেমে রিকশাযাত্রীর কাছে কোথায় কাঠ নেওয়া হচ্ছে তা জানতে চায়। কয়েক মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে ১০ গজ থেকে দূরে শতাধিক ব্যক্তি ওই কাঠ ও ইটের টুকরা নিয়ে পুলিশ ও পুলিশের চারটি টহল পিকআপের ওপর হামলা চালায়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার সাইদুর রহমান, কাফরুল থানার ওসি আবদুল লতিফ, মিরপুর থানার ওসি সালাউদ্দিন ও কাফরুল থানার এসআই শহীদুল ইসলাম অন্তত ১১ পুলিশ আহত হন। আধঘণ্টা ধরে এই অবস্থা চলার সময় প্রধান সড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ১১ জনকে আটক করে।প্রত্যক্ষদর্শী নাজির হোসেন জানান, পুলিশের ধাওয়া খেয়ে জামায়াত-শিবিরের কর্মীরা সেনপাড়া ও কাজীপাড়ায় সড়ক বিভাজকের ওপর টাঙানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির ওপর ইটপাটকেল ছুড়তে ছুড়তে পালিয়ে যান। আহত পুলিশের সহকারী কমিশনার সাইদুর রহমান প্রথম আলোকে জানান, গতকাল বিকেলে টহল দেওয়ার সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের চারটি টহল পিকআপের ওপর অতর্কিত হামলা চালান।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, হামলার আগে জামায়াত-শিবিরের কর্মীরা বিক্ষোভ মিছিলও করেননি। তাঁদের পূর্বপরিকল্পনা ছিল পুলিশের ওপর আক্রমণ করা। রাজশাহীতে শিবিরের হামলা: বিকেল চারটার দিকে নগরের বিভিন্ন এলাকায় শিবিরকর্মীদের সমবেত হওয়ার খবর পেয়ে বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। রানীবাজার এলাকা থেকে শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে সাতজনকে আটক করে। এ সময় শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলিতে ঢুকে পড়েন। এরপর তাঁরা রাজশাহী কলেজের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন। পুলিশ সেখানে বাধা দেয়। একপর্যায়ে তাঁরা নগরের ঝাউতলা মোড়ে সমাবেশ করার চেষ্টা করেন। সেখানে পুলিশ গেলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ তাঁদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় শিবিরের মিছিল থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। পুলিশ রানীনগর থেকে সাতজন এবং ঝাউতলা থেকে ১০ শিবিরকর্মীকে আটক করে। সিলেট: বিকেল পৌনে পাঁচটার দিকে নগরের দর্শনদেউড়ি এলাকায় হাউজিং এস্টেটের ফটকের সামনে জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় ওই এলাকায় অবস্থান নেওয়া পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর হামলার চেষ্টা চালান। পুলিশ-মিছিলকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। হাউজিং এস্টেট এলাকা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে কোতোয়ালি থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ ২০টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় দর্শনদেউড়ি এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়ে তিনটি অটোরিকশা ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মিছিলকারী সন্দেহে পাঁচজনকে আটক করে।মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া রাতে প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবির মিছিল বের করে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ওই চেষ্টা প্রতিহত করেছে। জয়পুরহাট: জেলা শহরে জামায়াত-শিবিরের মিছিলকে কেন্দ্র করে গত সোমবার দুপুরের দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বদিউজ্জামানের (২৩) চোখে রাবার বুলেট বিদ্ধ হলে তাঁকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা ইসলামী সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে তিনি মারা যান।শিবিরের দাবি, বদিউজ্জামান ছাত্রশিবিরের সাংগঠনিক সাথি ভাই। অন্যদিকে বদিউজ্জামানের মা ও তাঁর চাচা দাবি করেন, তাঁরা পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বদিউজ্জামান শিবিরের রাজনীতির সঙ্গে কখনো জড়িত ছিলেন না। পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের তেলিহার গ্রামের মৃত আব্বাস আলীর একমাত্র ছেলে বদিউজ্জামান সদর উপজেলার কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার ফাজিল শ্রেণীর তৃতীয় বর্ষে পড়তেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, কীভাবে বদিউজ্জামানের মৃত্যু হয়েছে, ময়নাতদন্ত শেষে তা পরিষ্কার হওয়া যাবে। চাঁদপুর: শহরের বাসস্ট্যান্ড এলাকায় গতকাল জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি রাবার বুলেট ছুড়েছে। এ সময় পুলিশ নয়জনকে আটক করে। চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির জাফর জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।