হরতাল স্বতঃস্ফূর্ত ও শতভাগ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, জনগণ সরকারের ওপর বিরক্ত ও ক্ষুব্ধ। তাই স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে জনগণ আওয়ামী শাসনের প্রতি অনাস্থা জানিয়েছে।গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, হরতাল চলাকালে বিএনপির সহস্রাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁদের মুক্তির দাবিতে আজ সোমবার বেলা তিনটায় মুক্তাঙ্গনে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি। সারা দেশেও একইভাবে বিক্ষোভ-কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।খোন্দকার দেলোয়ার বলেন, আজকের হরতালের সফলতা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ে জনগণের মতের প্রতিফলন ঘটেছে। এর মাধ্যমে জনগণ বিএনপির দাবির প্রতি একাত্মতা এবং আওয়ামী লীগ শাসনের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। তিনি বলেন, হরতালকে বাধাগ্রস্ত করতে পুলিশকে নিজের পক্ষে নিয়ে যে অত্যাচার সরকার চালিয়েছে, তা দুঃখজনক। পুলিশ দিয়ে হরতাল ঠেকানোর কাজকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অনৈতিক বলে উল্লেখ করেন তিনি। খোন্দকার দেলোয়ার সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশিদের স্বার্থ রক্ষা করলে তার পরিণতি কী হয়, জনগণ তা বুঝিয়ে দিয়েছে। তিনি সরকারকে জনগণের মনোভাব বোঝার আহ্বান জানান।বিএনপির মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় হামলা, সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান ও আহমেদ আজম খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ।সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন, মেয়র সাদেক হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানুল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।