ঢাকাসহ ৮ জেলায় পুলিশের ওপর শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবারের মতো গতকাল মঙ্গলবারও বিভিন্ন স্থানে পুলিশের ওপর চড়াও হন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। গতকাল তাঁরা ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, গাইবান্ধা ও সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা চালান। ভাঙচুর করেন ১৯টি যানবাহন।এদিকে গতকাল রংপুর ও বগুড়ায় জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভোলার চরফ্যাশন উপজেলা জামায়াতের কার্যালয় ভাঙচুর করা হয়। হামলা ও সংঘর্ষে পুলিশের কমপক্ষে ৮০ জন সদস্য আহত হয়েছেন। পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন জামায়াত-শিবিরের ৪৯ জন নেতা-কর্মী। গতকাল ২০১ জন নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ।ঢাকা: বিকেল পাঁচটার দিকে রাজধানীর গোলাপবাগ এলাকার দিক থেকে জামায়াত-শিবিরের কর্মীরা একজোট হয়ে মালিবাগ রেলগেটের দিকে আসতে থাকেন। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল মেরে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ ৩৮ জনকে আটক করে।রমনা অঞ্চলের পুলিশের উপকমিশনার নূরুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা মালিবাগে এসে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ তা ঠেকাতে এগিয়ে গেলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের কমপক্ষে ছয়জন সদস্য আহত হন।প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বিকেল পাঁচটার দিকে নগরের মালোপাড়া এলাকা থেকে মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় ব্যাগে থাকা রড ও লোহার পাইপ নিয়ে অতর্কিতে তিন পুলিশের ওপর হামলা চালান। তাঁরা পুলিশ সদস্য সাইফুল ইসলাম ও মোশাররফের কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে তাঁদের পেটাতে থাকেন। একপর্যায়ে তাঁরা একটি রাইফেল ভেঙে ফেলেন। এ সময় সাহেববাজার বড় মসজিদের সামনে পুলিশের শতাধিক সদস্য দাঁড়িয়ে ছিলেন। তাঁরা পুলিশের ওই তিন সদস্যকে উদ্ধার করতে গেলে শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া। জামায়াত-শিবিরের কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী পুলিশের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে সংঘর্ষ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় সোনাদীঘি মোড় ও রাজাহাতা এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা কমপক্ষে ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটান। কিছুক্ষণ পর অতিরিক্ত পুলিশ এসে যোগ দিলে জামায়াত-শিবিরের কর্মীরা পিছু হটেন।মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) গোলাম মোহাম্মদ শেখ বলেন, জামায়াত-শিবিরের হামলায় পুলিশের কমপক্ষে ৩০ জন সদস্য আহত হয়েছেন। এঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রংপুর: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে নগরের শাপলা চত্বর এলাকা থেকে ছাত্রশিবির একটি মিছিল বের করে। বাধা দিলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য ও আরটিভির আলোকচিত্রী ডালিম রহমান আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের একটি পিকআপ ভ্যান। শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলার একপর্যায়ে বেলা ১১টার দিকে স্থানীয় জনতা পুলিশের সঙ্গে যোগ দিয়ে শিবিরকে ধাওয়া দেয়। এতে শিবিরের কর্মীসহ ২৬ জন আহত হন।শিবির ঘটনাস্থল থেকে সটকে পড়লে বিক্ষুব্ধ জনতা শাপলা চত্বরে অবস্থিত জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে টিনশেডের আধা পাকা জামায়াত কার্যালয় পুড়ে যায়।অতিরিক্ত পুলিশ সুপার তাহারুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০টি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। ঘটনাস্থল থেকে শিবিরের ১১ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।ছাত্রশিবিরের মহানগর কমিটির প্রচার সম্পাদক আল আমিন বলেন, তাঁদের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।বগুড়া: বেলা ১১টার পর শহরের নবাববাড়ী সড়কে জামায়াতের শহর কার্যালয়ে ভাঙচুর করে কয়েকটি চেয়ারে আগুন ধরিয়ে দেন কয়েকজন যুবক। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। এরপর ওই যুবকেরাই সূত্রাপুরে শহর ছাত্রশিবিরের কার্যালয় ও রেটিনা কোচিং সেন্টার ভাঙচুর ও কাগজপত্র তছনছ করেন।মিছিলের পর ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সিলেট: নগরের জিন্দাবাজার এলাকায় দুপুরে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলায় মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ১৮ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ধরপাকড় শুরু করলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিক্ষিপ্ত হামলা চালিয়ে তিনটি অটোরিকশা, একটি মাইক্রোবাস ও দুটি দোকান ভাঙচুর করেন। বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ২১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখার সেক্রেটারি আবদুর রাজ্জাক দাবি করেন, পুলিশের হামলায় তাঁদের অর্ধশতাধিক নেতা-কর্মী জখম হয়েছেন।চট্টগ্রাম: বেলা পৌনে একটার দিকে নগরের কাজীর দেউড়িতে ছাত্রশিবিরের শতাধিক কর্মী লাঠি ও ইটপাটকেল নিয়ে মিছিল শুরু করেন। তাঁরা বিভিন্ন যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ এলে মিছিলকারীরা আসকারদীঘির পাড়ে যাওয়ার পথে একটি ট্রাক ভাঙচুর করেন। জামালখানে ইটপাটকেল ছুড়লে পুলিশের তিন সদস্য আহত হন। এ সময় পুলিশের এক সদস্যকে লাঠি দিয়ে পেটান শিবিরের কর্মীরা। ভাঙচুর করেন দুটি যানবাহন। শিবিরের হামলায় টিকতে না পেরে পুলিশ প্রেসক্লাব ও ডা. খাস্তগীর বিদ্যালয়ে আশ্রয় নেয়।শিবিরের কর্মীরা চলে যাওয়ার পর দুপুরে চট্টগ্রাম কলেজের শিবির-অধ্যুষিত দুটি ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে চারজন ও অন্যান্য স্থান থেকে নয়জনকে আটক করে পুলিশ। নগর পুলিশের সহকারী উপকমিশনার শহীদুল্লাহ খান বলেন, ‘শিবিরের আকস্মিক মিছিল থেকে কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে। কয়েকজনকে আটক করেছি।’নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে সন্ধ্যায় পুলিশের সঙ্গে জামায়াত ও শিবিরের কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশের চার সদস্য ও জামায়াত-শিবিরের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের দুই কনস্টেবল ও জামায়াত-শিবিরের চারজন গুলিবিদ্ধ বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবিরের কর্মীরা একটি বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।এর আগে দুপুরে শিবিরের কর্মীরা নোয়াখালী শহরে বিক্ষোভ মিছিল নিয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক, পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিনসহ পুলিশের ছয় সদস্যকে বেধড়ক পিটিয়ে আহত করেন। মিছিলকারীরা এক কনস্টেবলের কাছ থেকে শটগান ছিনিয়ে নিয়ে পাশের নর্দমায় ফেলে দেন। পরে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। এ সময় শিবিরের কর্মীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।এরপর পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল মোনায়েম ও শহরের নায়েবে আমির মাওলানা রুহুল আমিনসহ ১৬ জনকে আটক এবং বেশ কিছু লাঠিসোঁটা ও বইপত্র উদ্ধার করে। এ সময় পুলিশের লাঠিপেটায় ১০-১২ জন নেতা-কর্মী আহত হন।ভোলা: বেলা দুইটার দিকে চরফ্যাশন উপজেলা জামায়াতের কার্যালয়ে হামলা চালান ছাত্রলীগ ও শ্রমিক লীগের অর্ধশতাধিক কর্মী। পরে পুলিশ ওই কার্যালয় থেকে বেশ কিছু বই ও একটি লোহার বাক্স জব্দ করে। এ সময় ছাত্রলীগ ও শ্রমিক লীগের কর্মীরা পুলিশের সঙ্গে কয়েকটি আলমারি ভাঙচুর করেন। হামলার অভিযোগ অস্বীকার করেছেন চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।গাইবান্ধা: বেলা ১১টার দিকে শহরের পলাশপাড়া মোড়ে ছাত্রশিবিরের মিছিলে ধাওয়া দেয় পুলিশ। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বাটুলের গুলতি ছোড়ে। শিবিরের কর্মীরা পলাশপাড়ায় কয়েকটি বাড়িতে ঢিল ছুড়তে থাকলে এলাকার লোকজন ও পুলিশ সংঘবদ্ধ হয়ে তাঁদের ধাওয়া দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ শিবিরের ছয়জন কর্মীকে গ্রেপ্তার করে। সংঘর্ষে গাইবান্ধা সদর থানার পুলিশের তিন সদস্য ও শিবিরের ১৭ জন নেতা-কর্মী আহত হন।সাতক্ষীরা: বিকেল চারটার দিকে জেলা শহরে জঙ্গি মিছিল বের করে দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। বাধা দিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশের ছয়জন সদস্য আহত হন। এ ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গোপালগঞ্জ: ভোরে শহরতলির মিয়াপাড়ায় আলহাজ রোকন উদ্দিন ট্রাস্ট কার্যালয় থেকে ছাত্রশিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করে বিপুল পরিমাণ জিহাদি বই। দুপুরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।বরগুনা: বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় দুপুরে বরগুনা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।ঝালকাঠি: সকালে নলছিটি পৌর জামায়াতের সেক্রেটারি সুলতান মাহমুদসহ পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বরিশাল: দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ফলপট্টি এলাকায় পেট্রলের বোতল ও ব্যাগে ইটপাথর নিয়ে মিছিল বের করে জামায়াত। পরে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় শিবিরের দুই কর্মীকে। অন্যদিকে গতকাল এক শিবিরকর্মীকে আটক করে র‌্যাব-৮।জামালপুর: শহরের বিভিন্ন স্থান থেকে ছয় কর্মীকে আটক করে পুলিশ।দিনাজপুর: শহরের পাহাড়পুর ইকবাল স্কুল এলাকা থেকে বিকেলে জেলা জামায়াতের রুকন মো. আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জ: পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল করায় শহরের কামারপট্টি থেকে ছাত্রশিবিরের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।রাজবাড়ী: নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে সকাল ১০টার দিকে রাজবাড়ী রেলস্টেশন ও বাজার থেকে শিবিরের আট কর্মীকে আটক করে পুলিশ।ফরিদপুর: দুপুরে শহরে ছাত্রশিবিরের মিছিল শেষে এক কর্মীকে আটক করে পুলিশ।সিরাজগঞ্জ: সকালে শহরে মিছিল বের করলে জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে আটক করে পুলিশ।