ঢাকায় অচিরেই স্থাপিত হচ্ছে টাঁকশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঘোষণার পর বাংলা সুবার প্রশাসনিক সদর দপ্তর ও বাণিজ্যকেন্দ্র ঢাকায় টাঁকশাল স্থাপন অনিবার্য হয়ে পড়েছে। রাজস্ব মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত দেওয়ান আবুল হাসান জানিয়েছেন, নতুন রাজধানীতে টাঁকশাল স্থাপনের সিদ্ধান নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে টাঁকশালের স্থানও নির্ধারণ করা হয়েছে। ঢাকা কেল্লা সংস্কার করে সেখানে টাঁকশাল স্থাপন করা হবে। এই টাঁকশালে শুধু টাকা বা ধাতব মুদ্রা সংরক্ষণ করা হবে না, মুূদ্রা তৈরির ব্যবস্থাও থাকবে। ভবিষ্যতে রাজস্ব সংগ্রহের মাধ্যম হিসেবে এই টাঁকশাল ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। নতুন রাজধানীর সামগ্রিক উন্নয়নে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এই অর্থ আয় করে প্রথমে তা টাঁকশালে রাখা হবে। টাঁকশালে মুদ্রা সংরক্ষণ ছাড়াও টাকা তৈরির উপায় নিয়ে চিন্তাভাবনা চলছে। প্রশাসন আশা করছে, নতুন রাজধানী অচিরেই বাংলার প্রধান বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে। বিশেষত মসলিন বস্ত্রের বাজার হিসেবে ঢাকায় বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হবে। বাণিজ্যের জন্য ইউরোপীয় কোম্পানি, দাদন ব্যবসায়ী ও বড় বণিকেরা সোনা ও রুপা নিয়ে ঢাকায় আসবেন। তাঁদের লেনদেনের সুবিধার্থে ধাতু থেকে স্থানীয় মুদ্রা তৈরির ব্যবস্থা রাখা হবে টাঁকশালে। মুদ্রা তৈরির জন্য মোগল রাজকোষে সাড়ে তিন শতাংশ হারে শুল্ক দিতে হবে। এ শুল্ক দেওয়া সাপেক্ষে নতুন মুদ্রা তৈরি করার জন্য দিল্লি থেকে অনুমতি মিলবে। উল্লেখ করা যেতে পারে, ১২০৪ ঈসায়ী সনে ইখতিয়ারউদ্দীন বিন মুহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর থেকেই বাংলায় টাঁকশাল স্থাপিত হতে থাকে। বিগত সুলতানি আমলে বাংলার রাজধানী সোনারগাঁসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ও পরগনাগুলোতে টাঁকশাল স্থাপিত হলেও ঢাকায় অদ্যাবধি কোনো টাঁকশাল স্থাপন করা হয়নি। টাঁকশাল না থাকায় ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে ঢাকাবাসী ও বিদেশি বণিকেরা স্থানীয় মুদ্রার সংকট নিয়ে নানা ধরনের সমস্যায় জেরবার হচ্ছিলেন। নতুন রাজধানীতে টাঁকশাল স্থাপনের সিদ্ধান্ত জেনে বণিক ও মহাজনদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়েছে।