ভারতের দিল্লি হাইকোর্টে গত মাসে বোমা হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে বাংলাদেশে অধ্যয়নরত একজন কাশ্মীরি ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াসিম আহমেদ নামের ওই ছাত্রকে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জিজ্ঞাসাবাদ করছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।ভারতীয় বার্তা সংস্থা পিটিআই অনলাইনের খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ওয়াসিম ইউনানি চিকিৎসাশাস্ত্রের ওপর ঢাকায় পড়াশোনা করছিলেন। তবে ওয়াসিমকে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, নাকি বাংলাদেশ থেকে আটক করে তাঁকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে—এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। গত ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে বোমা হামলা হয়। এতে নিহত হন ১৫ জন। হামলায় জড়িত সন্দেহে এর আগে তিনজনকে আটক করে এনআইএ। তাঁদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।পিটিআইয়ের খবরে আরও বলা হয়, দিল্লি হামলার পরিকল্পনাকারী হিসেবে অন্যতম সন্দেহভাজন হিজবুল মুজাহিদিনের জঙ্গি জুনাইদ আকরাম কোথায় আছেন—এ বিষয়েও ওয়াসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ পর্যন্ত তদন্ত শেষে ধারণা করা হচ্ছে, দিল্লি হামলায় পাকিস্তানভিত্তিক কাশ্মীরি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের হাত ছিল। যদিও আগে ধারণা করা হয়েছিল, এ ঘটনায় হরকাতুল জিহাদ জড়িত।সূত্র জানায়, আজহার আলী নামের হিজবুল মুজাহিদিনের একজন কর্মী ওয়াসিম সম্পর্কে তথ্য দেন। আজহার আলী ২০০৯ সাল থেকে জম্মুর কোটবালওয়াল কারাগারে রয়েছেন। আজহার আলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করতেন। জিজ্ঞাসাবাদে তিনি এনআইএকে বলেছেন, জুনাইদ আকরাম নামের একজন যুবককে তিনি একসময় প্রশিক্ষণ নেওয়ার জন্য পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে পাঠিয়েছিলেন। এনআইএ দাবি করছে, জুনাইদ আকরাম পাকিস্তানে ছিলেন। তবে গোয়েন্দা সূত্রগুলোর মতে, তিনি সম্ভবত জম্মু ও কাশ্মীরে রয়েছেন। গত ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে বোমা হামলার পর ই-মেইল পাঠানোর অভিযোগে আবিদ আব্বাস নামের এক স্কুলছাত্রকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনআইএ। পরে তাঁর এক ভাইকেও শিলং থেকে গ্রেপ্তার করা হয়।