ঢাকায় অর্ধদিবস হরতাল পালিত
পৃথক দাবিতে দুটি নাগরিক ও রাজনৈতিক সংগঠনের আহ্বানে গতকাল রোববার ঢাকায় অর্ধদিবস (সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) শিথিল হরতাল পালিত হয়েছে। নগরের বিভিন্ন স্থান থেকে হরতাল আহ্বানকারীদের উভয় গোষ্ঠীর দুই শতাধিক নেতা-কর্মীকে পুলিশ আটক করে। তাঁদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছে।এ ছাড়া হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢুকে পুলিশ লাঠিপেটা করে ২৬ জনকে আটক করে। পরে তাঁদের মধ্যে চারজনকে ছেড়ে দেওয়া হয়। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি হরতাল আহ্বান করে মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সমুদ্রবক্ষের দুটি ক্ষেত্রে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সম্পাদিত উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) বাতিলের দাবিতে।অন্যদিকে, চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ হরতাল ডেকেছিল সংবিধান থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাগুলো তুলে দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার প্রতিবাদে।হরতাল চলাকালে রাজধানীর জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক ছিল। সচিবালয় ও অফিস-আদালতে অন্যান্য দিনের মতোই কার্যক্রম পরিচালিত হয়েছে। ব্যাংকে লেনদেন হয়েছে। রাস্তাঘাটে যানবাহন কম থাকায় যানজট ছিল না।জাতীয় কমিটি: হরতালে মিছিল-সমাবেশ করতে গিয়ে কার্যত পুলিশের হাতে অবরুদ্ধ থাকতে হয়েছে জাতীয় কমিটির নেতা-কর্মীদের। যাঁরা কোনো ফাঁকে বের হয়েছেন তাঁদের পুলিশ আটক করেছে। হরতাল পালনে তাঁদের তৎপরতা সীমাবদ্ধ ছিল তোপখানা রোড থেকে পুরানা পল্টন মোড়ের ৫০০ গজের মধ্যে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে কিছু তৎপরতা ছিল। সেখান থেকেই আনু মুহাম্মদ, সাইফুল হক, রুহিন হোসেন প্রিন্স, রাজেকুজ্জামান, মোশরেফা মিশুসহ জাতীয় কমিটিভুক্ত বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মীকে পুলিশ আটক করে। এর মধ্যে আনু মুহাম্মদসহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।রাজধানীর শাহবাগ এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় ছাত্রফ্রন্টের একজন কর্মীকে পুলিশ পা ধরে টেনেহিঁচড়ে শাহবাগ থানার ভেতর নেওয়ার চেষ্টা করে। পুলিশের ধাওয়া খেয়ে হরতাল সমর্থকেরা টিএসসিতে গিয়ে জড়ো হয়। এ সময় তারা একটি প্রাইভেট কার ভাঙচুর করে। কয়েকজন উচ্ছৃঙ্খল পিকেটার ওই গাড়িটির ওপর উঠে ভাঙচুর চালায়। তখন এর ভেতরে থাকা একজন চিকিৎসক অসহায় অবস্থায় হাতজোড় করে তাদের কাছ থেকে রেহাই পাওয়ার চেষ্টা করেন। টিএসসি এলাকায় পিকেটাররা যান চলাচলে বাধা দেয় এবং একটি সিএনজিচালিত বেবিট্যাক্সিসহ কয়েকটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে।‘পুলিশের দমন-পীড়ন-হামলার’ প্রতিবাদে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল চারটায় প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় কমিটি। সেখান থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।হরতাল শেষে পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও আনু মুহাম্মদ বক্তব্য রাখেন। তাঁরা বলেন, পুলিশ তাঁদের দুই শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে। নির্বিচারে লাঠিপেটা করেছে। হরতাল শেষ হওয়ার পরও তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়। এর মাধ্যমে সরকার প্রমাণ করেছে, মার্কিন কোম্পানির কাছে তাদের দাসখত দেওয়া আছে। দেশ গোল্লায় গেলেও তাঁদের কোনো সমস্যা নেই।এ সময় সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, হায়দার আকবর খান রনো, টিপু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।অভিনন্দন ও নিন্দা: হরতালে পুলিশের হামলা ও গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল রোববার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি ও বিবৃতিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তাঁরা। এ ছাড়া হরতাল সফল করার জন্য সংশ্লিষ্ট নেতা-কর্মী ও সাধারণ মানুষকে অভিনন্দন জানানো হয়েছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এক বিবৃতিতে বলেন, ‘দমন-পীড়ন ও নির্যাতন করে আন্দোলন থামানো যাবে না।’সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেন, ‘সরকারের দমন-পীড়ন নীতি ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ’। হরতাল-সমর্থকদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় গণফ্রন্ট, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, জাগো বাংলাদেশ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সংস্কৃতি মঞ্চ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি প্রভৃতি সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ: সংগঠনের নেতা-কর্মীরাও হরতালে মিছিল-সমাবেশ করার সুযোগ পাননি। গতকাল সকালে নগরের পুরানা পল্টন, জুরাইন, পোস্তগোলা, রামপুরা, বাড্ডা, উত্তরা, মিরপুর দুই নম্বর ও মোহাম্মদপুর এলাকায় মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁদের মোট ৮২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেল চারটা থেকে তাঁদের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয় এবং ওই দিন রাতে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয় যার মধ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বরকত উল্লাহ লতিফও আছেন।আগামী ১০ জুলাইও দলটির হরতাল কর্মসূচি আছে।