ঢাকায় আগামী বছর চালু হচ্ছে সন্ত্রাসবাদ দমনকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে আগামী বছরের শুরুতে ঢাকায় চালু হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনকেন্দ্র। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে এটি পরিচালিত হবে। দক্ষিণ এশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষিত করাই হবে এ কেন্দ্রের মূল কাজ। ঢাকায় ইইউর রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েইন আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনকেন্দ্রের আঞ্চলিক শাখা আগামী বছর থেকে বাংলাদেশে কাজ শুরু করবে। বৈশ্বিক প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামর্থ্য বাড়ানো হবে এ কেন্দ্রের প্রধান কাজ। নিয়মিত আলোচনার অংশ হিসেবে ফ্রোয়েইন ছাড়াও ইইউভুক্ত নয়টি দেশের রাষ্ট্রদূত আজ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন। প্রস্তাবিত সন্ত্রাসবাদ দমনকেন্দ্র প্রসঙ্গে ফ্রোয়েইন জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার সব সদস্য দেশের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পাশাপাশি ইইউভুক্ত অভিজ্ঞ কর্মকর্তা ও প্রশিক্ষকেরা কাজ করবেন। এক প্রশ্নের উত্তরে স্টিফেন বলেন, প্রস্তাবিত কেন্দ্রের আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযান পরিচালনা ও গোয়েন্দা কর্মকাণ্ডসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণই দেওয়া হবে। তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রের প্রশিক্ষণের আওতায় থাকবেন শুধু পুলিশের সদস্যরা। ইইউর শীর্ষ এ কূটনীতিক জানান, সন্ত্রাসবাদ দমনকেন্দ্রের জন্য নতুন করে কোনো অবকাঠামো তৈরি হবে না। প্রশিক্ষণকে ঘিরেই পরিচালিত হবে কেন্দ্রের কর্মকাণ্ড। তাই বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে প্রশিক্ষণের আয়োজন করা হবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনকেন্দ্র প্রতিষ্ঠায় বাংলাদেশকে কেন বেছে নেওয়া হলো, এ প্রশ্নের উত্তরে স্টিফেন ফ্রোয়েইন বলেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তা ছাড়া দক্ষিণ এশিয়ার প্রধান দুই দেশ ভারত ও পাকিস্তান প্রস্তাবে বাংলাদেশকে সমর্থন দিয়েছে। এর আগে বৈঠক শেষে ফ্রোয়েইন সাংবাদিকদের জানান, নিয়মিত আলোচনার অংশ হিসেবে সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টি জানানো হয়। এশিয়ায় এর আগে ইন্দোনেশিয়ায় এ ধরনের প্রথম কেন্দ্রটি চালু করা হয়।