ঢাকায় আত্মমগ্ন ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেলে ঢোকার সময় সবার হাতে একটা করে ফুল। ‘বাংলাদেশে স্বাগতম’। স্বাগতম! শুক্রবার না এই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দরজা ভালোভাবে খুলতে চায় বাংলাদেশ। তা হোক, অতিথিবরণ বলে কথা। তাই মনের কথা মনেই থাকল। কাল বিকেলে বাংলাদেশে পা রাখা ওয়েস্ট ইন্ডিজের জন্য থাকল উষ্ণ অভ্যর্থনাই। অভ্যর্থনা নিয়ে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ভাবার সময় কোথায়? বাংলাদেশ যেমন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটাকে পাখির চোখ করছে, ওয়েস্ট ইন্ডিজও তা-ই। বাংলাদেশ আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ চাঙা, মানসিকভাবে ওয়েস্ট ইন্ডিজও ঠিক তেমন অবস্থায়। পরশু দিল্লিতে হল্যান্ডকে ২১৫ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে নতুন উজ্জীবনী শক্তিই যেন পেলেন ক্রিস গেইলরা। তাঁদের শরীরের ভাষায় সেটির স্পষ্ট প্রকাশ।প্রায় সবার কানেই ইয়ার ফোন। বোঝাই যায়, গানে মগ্ন সবাই। হোটেলের আনুষ্ঠানিকতা সারতে কেউ কেউ অবশ্য ইয়ার ফোন খুললেন। ততক্ষণে মিডিয়ার ভিড় ঘিরে ধরেছে গোটা দলকে। আয়ারল্যান্ড চলে যাওয়ার তিন দিন পর নতুন দল এল; ঝিমিয়ে পড়া বিশ্বকাপকে আবার জাগিয়ে তুলতে। হোটেলেও এল বিশ্বকাপ-বিশ্বকাপ আবহ। সব মিলিয়ে জমজমাট পরিবেশ।কিন্তু একটু পরই সুরের মধ্যে বেসুরো ভাব। সাংবাদিক, ফটো-সাংবাদিক আর টিভি ক্যামেরার হুড়োহুড়ি দেখে খানিক বিরক্তি দেখালেন ওয়েস্ট ইন্ডিজের দু-একজন ক্রিকেটার। ‘বাংলাদেশ নিয়ে কী ভাবছেন’...স্যামি-গেইলদের এক-দুটি মন্তব্যের আবদারে সাড়া মিলল না। মিডিয়া ম্যানেজার জানালেন, ‘কাল (আজ) মাঠে কথা বলব। এখন কোনো কথা নয়।’একে তো বিশ্বকাপের ম্যাচ। তার ওপর ২০০২ সালের ডিসেম্বরের পর ওয়েস্ট ইন্ডিজ এই প্রথম এল বাংলাদেশে। এই দলকে নিয়ে বাংলাদেশের আগ্রহটা তাই এবার একটু বেশিই। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ এক দিনের মধ্যে কেমন যেন বদলে যাওয়া এক দল। খেলোয়াড়দের সবার মুখে তালা। দলের সঙ্গে ম্যানেজার হিসেবে আসা সাবেক ক্যারিবীয় অধিনায়ক রিচি রিচার্ডসন তো কিছু বলতে পারেন। না, তিনিও মুখে তালা মেরে সোজা চলে গেলেন রুমে। দিল্লি থেকে আসতে আর কতক্ষণ লাগে! আড়াই ঘণ্টার বিমানভ্রমণ দেখতে দেখতেই তো শেষ। ভ্রমণের ক্লান্তি তাই ছিল না সারওয়ান-চন্দরপলদের। কিন্তু ওই যে, খেলার মধ্যেই নিজেদের ডুবিয়ে রাখার মন্ত্র! হল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেওয়া পেসার কেমার রোচও কেমন আত্মকেন্দ্রিক। হাত-টাতও নাড়ালেন না। একটু যান্ত্রিক দেখাল তাঁকেও।সম্ভবত আসার আগে বাংলাদেশকে নিয়ে ভালোই হোমওয়ার্ক করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালের জুলাইয়ে নিজেদের মাঠে বাংলাদেশের কাছে ২-০ টেস্ট সিরিজ এবং ৩-০ ওয়ানডে সিরিজ হারের কথা খেলোয়াড়দের মনে করিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই। সেই দলের ডেভন স্মিথ, কেমার রোচ, ড্যারেন স্যামি, নিকিতা মিলার ও উইকেটরক্ষক ডেভন টমাস আছেন এই দলে। গেইল, সারওয়ান, চন্দরপলরা সেই সিরিজ খেলেননি ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে। দুই দলের ১৬ ওয়ানডের ১১টিই জিতেছে ক্যারিবীয়রা। ৩টি বাংলাদেশ, দুটি পরিত্যক্ত। ১৯৯৯ আর গত বিশ্বকাপে জয় ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ বিশ্বকাপের ম্যাচটা পরিত্যক্ত। এবার কী হবে? হোটেল লবিতে গেইলদের দেখিয়ে অনেকেই রসিকতা করে সিদ্ধান্ত দিয়ে ফেললেন, ‘শুক্রবার মিরপুরে তোমরা দাঁড়াতেই পারবা না। এখন ভাব দেখাচ্ছ!’ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা যখন বিশ্রামে চলে গেছেন, তখন বাংলাদেশ দলের কয়েকজন খেলোয়াড়কে দেখা গেল লবিতে। সাকিব-তামিম কি একটা কাজে ওই সময়ই বাইরে বেরোলেন। সাকিবকে দেখে তো ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ছাত্র দুই ভাই আদিত্য আর অনিন্দ্য খাতা-কলম নিয়ে দে ছুট। অটোগ্রাফ আর ছবি চাই। এরা দুই-তিন ঘণ্টা ধরে অপেক্ষায় থাকতে থাকতে নায়কের দেখা পেয়ে গেল। মনে হলো, আকাশের চাঁদ বুঝি হাতে ধরা দিয়েছে! ওয়েস্ট ইন্ডিজকে হারালে এরা কী যে করবে!